মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
দীর্ঘ প্রায় দেড় মাস ধরে চলে আসা মৃদু ও তীব্র দাবদাহের মধ্যে হঠাৎ মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়-বৃষ্টিতে মোংলাসহ উপকূলীয় এলাকার মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে। এর আগে চলতি সপ্তাহেই দুইদিন দুই এক ফোঁটা করে বৃষ্টি হলেও তাতে তখন ভিজেনি রাস্তার ধুলাবালিও। কিন্তু বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নামে ঝুম বৃষ্টি ও বাতাস। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসতে থাকে। সেই সাথে শুরু হয় বাতাসও। বাতাসে এক ধরণের ধুলো ঝড়ে মুহুর্তেই বন্ধ হয়ে যায় দোকানপাট, জনমানুষ শূণ্য হয়ে পড়ে রাস্তাঘাট। বিকেল পৌনে ৬টায় শুরু হওয়া এ ঝড়-বৃষ্টি চলে ঘন্টাখানেক সময় ধরে। এতে পৌর শহরের বিভিন্ন রাস্তাঘাটে পানি জমে জলাবদ্ধ হয়ে পড়েছে।
ঝড়ের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা বলেন, ঝড়ে বিভিন্ন জায়গায় গাছপালা পড়েছে। কিন্তু কোন ঘরবাড়ী বিধ্বস্ত ও কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। জনপ্রতিনিধিদের কাছ থেকে স্বস্ব এলাকার ক্ষয়ক্ষতির তথ্য নেয়া হচ্ছে বলে জানান তিনি।
এদিকে আকাশ মেঘলা হতেই চলে যায় বিদ্যুৎ। ঝড়-বৃষ্টিতে বিকেল সাড়ে ৫টার দিকে মোংলায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে সন্ধ্যা থেকে এক ধরণের ভুতুড়ে অবস্থার সৃষ্টি হয়েছে বন্দর ও পৌর শহর জুড়ে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়ে পিডিবির মোংলার আবাসিক প্রকৌশলী এসএম ফরহাদ হোসেন বলেন, আকস্মিক ঝড়ে স্থায়ী বন্দরের ইপিজেড এলাকায় বিদ্যুতিক তারে গাছের ডাল ভেঙ্গে পড়েছে। ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়-বৃষ্টি কমলে ডালপালা সরিয়ে তার মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। তবে তাতে কেমন সময় লাগতে পারে তা নিশ্চিত করতে পারেননি তিনি।
এদিকে মৌসুমের প্রথম ঝড়-বৃষ্টির বিষয়ে ঢাকা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা (আবহাওয়াবিদ) মোঃ মনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মোংলাসহ উপকূলীয় এলাকার উপর দিয়ে কালবৈশাখী ঝড়-বৃষ্টি বয়ে গেছে। এমন ঝড়-বৃষ্টি এখন প্রায়শই হবে। তবে শুক্রবার থেকে তাপদাহ প্রশমিত হয়ে যাবে বলে জানান তিনি।











































