সাতক্ষীরা প্রতিনিধি||
সুন্দরবনে মধু কাটতে গিয়ে বাঘের আক্রমণে মন্টু গাজী (৫৫) নামের এক মৌয়ালের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তার লাশ পাওয়া যায়নি।
মন্টু গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের সাবুত আলী গাজীর ছেলে।
জানা যায়, গত ১ এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে ১১ জন মধু কাটার পারমিট নিয়ে সুন্দরবনে প্রবেশ করেন। কিন্তু মধু কাটার একপর্যায়ে গত ১৬ এপ্রিল ভারতের বন বিভাগের কাছে তাদের নৌকা আটক হয়। নৌকা আটক হওয়ার পর মৌয়ালিরা গত ১৯ এপ্রিল বাংলাদেশের তালপট্টি খাল নামক স্থানে পালিয়ে আসেন।
সুন্দরবন থেকে ফিরে আসা মৌয়াল নজরুল কয়াল বলেন, ভারতে নৌকা খোয়া যাওয়ার পর আমরা সবাই গাড়ানদী পার হয়ে তালপট্টি খালে চলে আসি। তালপট্টি খালে আসার পর মন্টু গাজী অসুস্থ হয়ে পড়েন। তাকে একটি কাঁকড়া গাছের নিচে বসিয়ে রেখে আমরা সবাই নদীর পাড়ে আসি অন্য নৌকার সন্ধানে। পরে সেই গাছের নিচে এসে দেখি মন্টু ওখানে নাই। সেখানে শুধু বাঘের পায়ের ছাপ আর কিছু ডালপালা ভাঙা দেখতে পাই, পরে বুঝতে পারি তাকে বাঘে নিয়ে গেছে।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ফিরে আশা মৌয়ালদের ভাষ্যমতে জানা যায়- ভারতের বনবিভাগের কাছে মৌয়ালদের নৌকা খোয়া গেছে। তিন দিন পর বাংলাদেশের অংশের তালপাট্টিতে আসার পরে মন্টু নামের এক মৌয়াল বাঘের আক্রমণে নিহত বা নিখোঁজ হয়েছেন।









































