Home আঞ্চলিক শরণখোলায় টেকসই বেড়িবাঁধের পাশে ধস

শরণখোলায় টেকসই বেড়িবাঁধের পাশে ধস

31

শরণখোলা প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলা উপজেলার ৩৫/১ পোল্ডারের নতুন টেকসই বেড়িবাঁধের সাউথখালী অংশের গাবতলায় প্রায় ৫০ মিটার ভূমি ধসে গেছে। এতে বাঁধ সংলগ্ন ওই এলাকার গাছপালাসহ মাটি নদী গর্ভে বিলীন হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) বেলা ১০টার দিকে এ ভূমি ধসের ঘটনা ঘটে।

এদিকে ভূমি ধসের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তারা বলেন, ধসে যাওয়া জায়গার পাশে বড় ফাটল দেখা দেওয়ায় বেড়িবাঁধ হুমকির মুখে পড়েছে। বাঁধ রক্ষায় দ্রুত ডাম্পিং করা দরকার।

দ্রুত নদী শাসনের দাবি জানিয়ে স্থানীয় বাসিন্দা সিয়াম মাহমুদ, পারভেজ খান বলেন, বেড়িবাঁধের সঙ্গে নদী শাসনের ব্যবস্থা না থাকায় তাদের ৩০০ কোটি টাকার বাঁধ আজ হুমকির মুখে।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন হাওলাদার জানান, ভাঙন অব্যাহত থাকলে মূল বাঁধ নদী গর্ভে বিলীন হতে বেশি সময় লাগবেনা।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মো. নূর ই আলম সিদ্দিকী জানান, বিষয়টি শুনেছেন। ঘটনাস্থলে গিয়ে সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।