যশোর অফিস।।
যশোরের শার্শা উপজেলায় মোটরসাইকেলে অটোরিকশার ধাক্কায় ইকবাল হোসেন নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইকবালের বড় ভাই মনিরুজ্জামান।
রোববার সকালে উপজেলার গোড়পাড়ার বিশ্বাস বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন শার্শার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রামের মিজানুর রহমানের ছেলে।
জানা যায়, ঈদের ছুটিতে কয়েকদিন আগে বাড়িতে আসেন ইকবাল। রোববার সকালে কর্মস্থলে যাওয়ার জন্য বড় ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে বাস কাউন্টারে যাচ্ছিলেন। পথে গোড়পাড়া বিশ্বাস বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুই ভাই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন। এছাড়া ইকবালের বড় ভাই মনিরুজ্জামানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক লক্ষীনদর জানান, হাসপাতালে আনার আগেই ইকবাল হোসেন মারা যান। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।









































