দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি।।
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে অর্ধকোটি টাকার পাঁচটি স্বর্ণের বারসহ মো. সেলিম নামে এক যুবককে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবি। সোমবার সকাল ৯টার দিকে দর্শনা মুজিবনগর সড়কের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
মো. সেলিম (৩৩) কুমিল্লা জেলার হোমনা থানার নীলখি গ্রামের রওশন আলীর ছেলে।
মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, সোমবার সকালে বিজিবি নিজস্ব গোয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, দর্শনা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। খবর পেয়ে বিজিবির হাবিলদার সৈয়দ আমিনুল হকের নেতৃত্বে একটি বিশেষ টিম দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়।
এ সময় সেলিম নামের ওই যুবক একটি বাস থেকে নেমে ভ্যানযোগে সীমান্তের দিকে যাচ্ছিলেন। বিজিবি সদস্যরা তাকে আটক করে দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় তৈরি করা পকেট থেকে লুকায়িত ৫টি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন ৫৮৩.২০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৪৮ লাখ ৫০ হাজার টাকা।
তার বিরুদ্ধে দর্শনা থানায় একটি স্বর্ণ চোরাচালান আইনে মামলা দায়েরসহ স্বর্ণগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে চালান করা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।










































