মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
সুন্দরবনের আত্মসমর্পণকারী সাবেক দস্যুদেরকে ঈদ উপহার সামগ্রী দিয়েছেন র্যাব-০৮। সোমবার সকাল ১০টায় মোংলা বন্দরের পিকনিক কর্ণারে ২৮৪জন দস্যু পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করেন র্যাব-০৮ এর অধিনায়ক লেঃ কর্ণেল মাহমুদুল হাসান। আত্মসমর্পণকারী ২৭টি দস্যু বাহিনীর ২৮৪জনের প্রত্যেককে চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, কিসমিস, জিরা, মসলা, পেয়াজ, আলু, বাদাম ও নগদ অর্থ দেয়া হয়।
ঈদ উপহার সামগ্রী বিতরণকালে লেঃ কর্নেল মাহমুদুল হাসান বলেন, ২০১৮ সালের ১নভেম্বর সুন্দরবনকে পুরোপুরি দস্যুমুক্ত ঘোষণা করার পর সেখানে এখন সুবাতাস বইছে। ফলে জেলেদের কষ্টার্জিত উপার্জনের ভাগও কেউকে দিতে হচ্ছে না। সুন্দরবনে মৌয়ালী, বাওয়ালী, বনজীবী, বন্যপ্রাণী এখন সবই নিরাপদে রয়েছে। প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনায় ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও র্যাবের সক্রিয় অংশগ্রহণে সুন্দরবন আজ দস্যু মুক্ত। তিনি আরো বলেন, আত্মসমর্পণকারী সাবেক এ দস্যুদের এ সহায়তা প্রদাণ আগামীতেও অব্যাহত থাকবে।










































