Home আঞ্চলিক কুড়িয়ে আনা কলাগাছ থেকে তৈরী হচ্ছে সোনালী আঁশ

কুড়িয়ে আনা কলাগাছ থেকে তৈরী হচ্ছে সোনালী আঁশ

37

 

কাজী মোহাম্মদ ইউনুছ, নড়াইল থেকে ফিরে।।

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কুড়িয়ে আনা কলাগাছ থেকে তৈরি হচ্ছে সোনালি আঁশ। সেই আঁশ দিয়ে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব সোনালী সুতা, পোশাক, পেপার, স্যানিটারি ন্যাপকিনসহ হাতে তৈরি বিভিন্ন পণ্য। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সুতা পাঠানো হচ্ছে বিদেশেও। জেলার দুই উদ্যোক্তা প্রায় দেড় একর জমির উপর গড়ে তুলেছেন পরিত্যক্ত কলা গাছ থেকে সোনালী আঁশ তৈরির কারখানা। এই কারখানায় জেলায় কর্মসংস্থানের সুযোগ হয়েছে শতাধিক নারী-পুরুষের।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ছয় মাস আগে নড়াইল সদরের মুলিয়া ইউনিয়নের বড়েন্দার গ্রামে গড়ে ওঠে চারটি ব্যানানা ফাইবার মেশিন। যেখানে কাজ করছে শতাধিক দক্ষ নারী-পুরুষ শ্রমিক, এদের মধ্যে ৪০ জনই নারী। প্রথমেই নারী উদ্যোক্তা গুলশান আরা পারভীন বড়েন্দর গ্রামে দেড় একর জমির ওপর গড়ে তুলেছেন এ কারখানা।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ফলন দেয়ার পর কলা গাছ মারা যায়। গাছগুলো কেটে নেয়ার পর মাটিতেই পঁচে যায়। তবে, ফলনের পর কলাগাছের অব্যবহৃত আঁশ থেকে তৈরি করা যায় সোনালী রঙের সুতা। প্রতিটি কলাগাছের দুই দিকের অংশ কেটে ফেলে খোলস বের করে মেশিনে দেওয়া হয়। সেখান থেকে তৈরি হয় সুতা। এরপর সেগুলো পানিতে পরিস্কার করে রোদে শুকানোর পর সোনালী সুতা পাওয়া যায়। ৫টি কলাগাছ থেকে ১ কেজি আঁশ উৎপাদন করা সম্ভব।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা গুলশান আরা জানান, প্রথমে কলা সংগ্রহর পর পরিত্যক্ত কলাগাছ থেকে বাকলগুলো আলাদা করা হয়, পরে সেগুলো মোটরচালিত মেশিনের মাধ্যমে ফাইবার ছাড়ানো হয়। এরপর এগুলো পানিতে ধুয়ে বাঁশের আড়ায় ভালো করে শুকিয়ে বিক্রির জন্য প্রস্তুত করা হয়। নড়াইলের পাশাপাশি যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা থেকে বেশি পরিমাণে পরিত্যক্ত কলাগাছ আনা হয়। কলা সংগ্রহের পর একশ্রেণির শ্রমিক এসব গাছ সংগ্রহ করে আনেন । প্রতি বারে ট্রাকে প্রায় ৭০০ গাছ আনা হয়, যার বাজার মূল্য আনুমানিক ২০-২৫ হাজার টাকা। এ কারখানায় কাজ করেন বিধবা মৃত্তিকা বিশ্বাস, তিনি এ প্রতিবেদককে জানান, ‘সংসারের পাশাপাশি কারখানায় কাজ করে সেই উপার্জনের টাকা দিয়ে মেয়েকে পড়াশোনা করাচ্ছি এবং আমার সংসারেরও স্বচ্ছলতা ফিরেছে। শ্রমিক দিবাকর আঢ্য জানান, প্রতিদিন একটি মেশিনে ৫ ঘণ্টায় গড়ে ২০-২৫ কেজি ফাইবার তৈরি সম্ভব।

কথা হয় প্রতিষ্ঠানটির মূল উদ্যোক্তা গুলশান আরা পারভীনের সঙ্গে। তিনি দৈনিক খুলনাঞ্চলকে জানান, পরিত্যক্ত পাঁচটি কলাগাছের বাকল থেকে এক কেজি আঁশ উৎপাদন করা সম্ভব। যার বাজারমূল্য ২০০-২৫০ টাকা। প্রতিটি মেশিনে মেশিন খরচ বাদে প্রতিদিন ৮০০ থেকে ১ হাজার টাকা লাভ হয়।

নড়াইল ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উপ-ব্যবস্থাপক প্রকৌশলী সোলায়মান হোসেন দৈনিক খুলনাঞ্চলকে জানান, কলাগাছ থেকে ফাইবার তৈরি একটি নতুন সম্ভাবনাময় খাত। উৎপাদন খরচও অনেক কম। এসব পণ্য বিক্রি করে নড়াইলের উদ্যোক্তারা মাসে লাখ টাকা আয় করছেন। তিনি আরও বলেন, এরই মধ্যে কয়েকজন উদ্যোক্তা এ ধরনের কারখানা করতে চান বলে জানিয়েছেন। ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের পক্ষ থেকে বাজারজাত থেকে শুরু করে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন।