বটিয়াঘাটায় দুঃসাহসিক চুরি সংঘটিত
বটিয়াঘাটা প্রতিনিধি
গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে বটিয়াঘাটা উপজেলা আবাসিক এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের অব: অফিস সহকারী রমেশ ঘোষের বাড়িতে এক দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা এ সময় বসতঘরের থাই গ্লাসের লক ভেঙ্গে ওয়্যারড্রপের ভিতরে থাকা ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। জানা গেছে, গভীর রাতে চোরচক্রটি রমেশ ঘোষের বাসায় প্রবেশ করে থাই গ্লাসের লক খুলে ফেলে। একপর্যায়ে টাকাগুলি নিয়ে নেয়। এসময় তার মেয়ে কিশলয় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইন্দ্রা রানী ঘোষ আঁচ করতে পারলে চক্রটি পালিয়ে যায়। উল্লেখ্য একটি চক্রটি বেশকিছুদিন যাবত এলাকা ছাড়া থাকায় ও জেলে থাকায় এলাকায় অপরাধ ও চুরি কমলেও চক্রটি পুনরায় এলাকায় ফিরে এসে বহিরাগত চোর ও স্থানীয় সোর্সের সমন্বয়ে একের পর এক দিনে-রাতে চুরি এবং অপরাধ প্রবনতা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপাররে ওসি মোঃ শওকত কবির জানান, টহল জোরদার করা হয়েছে। বখাটেদের সন্ধান নেওয়া হচ্ছে। যে কোন মূহুর্তে চক্রটি ধরা পড়বে।
অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের সেই এ্যাম্বুলেন্স চালক সুলতানকে অবশেষে বদলী করা হয়েছে
স্টাফ রিপোর্টার
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালক সুলতান আহম্মেদকে অবশেষে বদলী করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বদলী করা হয়। গত মঙ্গলবার রাতে যশোরের সিভিল সার্জন তাকে বদলীর আদেশ দেন। তাকে যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মনিরামপুর উপজেলার ইকলাজ হোসেনকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। আগামী ৩দিনের মধ্যে তাকে নুতন কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে।
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালক সুলতান আহম্মেদ দীর্ঘ ১২বছর আগে এই কর্মস্থলে যোগদান করেন। কর্মস্থলে যোগদানের পর থেকে তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে। চালক সুলতান আহম্মেদের বিরুদ্ধে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুন ভাড়া আদায় করা, এ্যাম্বুলেন্স মেরামত ও জ্বালানী খরচের ভূয়াবিল ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাত সহ নানা অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগ, নওয়াপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুলনা মেডিকেল বা ক্লিনিকে গেলে ৭২০ টাকা ভাড়া নির্ধারণ থাকলেও চালক সুলতানকে ১ হাজার ৫ শত টাকা না দিলে কোন ভাবে সে যেতে চায়না। দীর্ঘ দিন ধরে স্বাস্থ্য কর্মকর্তাকে ম্যানেজকওে এ্যাম্বুলেন্স ভাড়া খাটিয়ে চলেছেন। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় শংকরপাশা গ্রামের আব্দুল্লা আল মামুন তার জরুরী প্রসুতি স্ত্রীকে খুলনা মেডিকেলে যাওয়ার কথা বললে সুলতান ড্রাইভার ১ হাজার ৭ শত টাকা দাবী করে। কেন এত টাকা দিতে হবে জানতে চাইলে সে যাবে না বলে জানিয়ে দেন। সুলতান পরে ২ হাজার টাকা ভাড়ায় এক জন সাধারন রোগীকে বাড়ি থেকে খুলনায় ডাক্তার দেখাতে নিয়ে যায়।
পরে আব্দুল্লা আল মামুন ভাড়ায় চালিত মালিকানা এ্যাম্বুলেন্স নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানে ডাক্তার পরীক্ষা কওে জনায় গর্ভেও সন্তান মারা গেছে। এ সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়।
যশোর জেলার সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, অভয়নগর উপজেলার এ্যাম্বুলেন্স চালক সুলতান আহম্মেদকে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে এ বদলীর আদেশ দেয়া হয়েছে।
বাগেরহাটে বাজার মূল্য নিয়ন্ত্রণে যৌথ অভিযান
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাট পবিত্র মাহে রমজানে নিত্য পন্যের মূল্য স্বাভাবিক রাখতে বাজারে জেলা প্রশাসন ও র্যা ব যৌথ অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (০৪ এপ্রিল) বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে বাগেরহাট খানজাহান আলী মাজার মোড় বাজার ও শহরের প্রধান বাজারে অভিযান চালানো হয়। এসময় মাজার মোড়ের বাজারে বাটখাড়ার ওজন কম থাকায় দুই মাছ ব্যবসায়ী ও এক তরমুজ ব্যবসায়ীকে ৫‘শ টাকা করে জরিমানা করা হয়। পরে বাগেরহাট শহরের প্রধান বাজারের মুদি, ফল, মাছ ও কাঁচা বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন পন্যের গুনগত মান ও দাম পরীক্ষা করা হয়। মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও র্যা বের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
অভিযানের সময়, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুবাইয়া তাছনিম, সহকারি কমিশনার রাকিব হাসান চৌধুরী, র্যা ব কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ রাসেল, জেলা বাজার কর্মকর্তা মোঃ সুজাত খান, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক মোঃ আব্দুল্লাহ আল ইমরানসহ র্যা ব সদস্যরা উপস্থিত ছিলেন।
বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুল ইসলাম বলেন, রমজানে নিত্য পন্যের মূল্য স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হয়ে থাকে। তার অংশ হিসেবে আমরা যৌথভাবে অভিযান পরিচালনা করেছি। সতর্ক করার পাশাপাশি আমরা তিন ব্যবসায়ীকে জরিমানা করেছি। নাগরিকদের সুবিধার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
ওয়ার্ড আ. লীগের কমিটি গঠন দিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ২০ নেতাকর্মী আহত
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে বাক-বিতন্ডা ও মতবিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (০৪ এপ্রিল) বিকেলে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কমিটি গঠন নিয়ে গাবতলা স্কলের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ও স্থানীয় ইউপি সদস্য মোঃ জাকির তালুকদারের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদরে মধ্যে ওয়ার্ড যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, মো. আজিজ শেখ, ৯নং ওয়ার্ডের সদস্য মো. মিলন শেখ, মো. খায়রুল শেখ, রুম্মান তালুকদার, ডালিম শেখ ও আশ্রাব আলী শেখকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান লাল, সভাপতি প্রার্থী ওয়ার্ড মেম্বার জাকির তালুকদার, শাওন শেখ, নাজমুল হাসান, আরিফ শেখ, আউয়াল তালুকদার আহত হয়েছেন বলে দাবি করেছেন নেতাকর্মীরা।
এদিকে সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ও ইউপি সদস্য মোঃ জাকির তালুকদার সংঘর্ষের বিষয়টি অস্বীকার করে একে অপরের উপর হামলার অভিযোগ তুলেছেন।
ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, পূর্ব নির্ধারিত সময়ে গাবতলা স্কুলের সামনে কমিটি গঠন করতে যাই আমরা। আমার স্বাগত বক্তব্য শেষ হওয়ারি আগেই যুবলীগ নেতা ইউপি সদস্য জাকির তালুকদারের নেতৃত্বে একটি বাহিনী লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা করে।এতে আমাদের প্রায় ১৫জন নেতাকর্মী আহত হয়েছেন।
এবিষয়ে কোন আইনগত ব্যবস্থা নিবেন কিনা এমন প্রশ্নে চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, আগে আমাদের নেতাকর্মীরা সুস্থ্য হোক। তারপর কি করা যায় সেটা ভাবা যাবে।
এদিকে চেয়ারম্যান হুমায়ুন কবিরের অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা ইউপি সদস্য জাকির তালুকদার বলেন, অগনতান্ত্রিকভাবে কমিটি গঠন করার পায়তারা করছিল চেয়ারম্যান, হুমায়ুন কবির, ইউপি সদস্য মিলনসহ কয়েকজন। বিষয়টির প্রতিবাদ করায় চেয়ারম্যান ও মিলনসহ কয়েকজন আমাদের উপর হামলা করে। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন হাসপাতালে ভর্তি রয়েছে। হামলার বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান এই ইউপি সদস্য।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বাগেরহাটে মহিলা পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
“অন্তর্ভুক্তি মূলক সংগঠন গড়ে তুলি, নতুন সমাজ বিনির্মান করি” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে মহিলা পরিষদের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার (০৪ এপ্রিল) বিকেলে মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার আয়োজনে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে এক র্যা লী বের করা হয়। র্যা লী শেষে মহিলা পরিষদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার সভাপতি সীতা রানী দেব নাথের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বিশিষ্ট্য শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম, মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক রিজিয়া পারভীন, আইনজীবী মিলন কুমার ব্যানার্জী, শিক্ষক রবীন্দ্রনাথ মুখার্জী প্রমুখ। র্যালী ও আলোচনা সভায় মহিলা পরিষদের সদস্য ও নারী নেত্রীরা অংশগ্রহন করেন।
বাগেরহাটে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের সভা
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪ এপ্রিল) দুপুরে বাগেরহাট সদর উপজেলা শিক্ষা অফিসার রুহুল কুদ্দুস তালুকদারের সভাপতিত্বে শিক্ষা অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, সচেতন নাগরিক কমিটি (সনাক)‘র শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহবায়ক প্রফেসর চৌধুরী আব্দুর রব, সদস্য ফিরোজা নাসরিন ডলি, এফ, এম, মোস্তাফিজুল হক, সহকারি উপজেলা শিক্ষা অফিসার শেখ মোস্তাকিম বিল্লাহ, প্রভাত হালদার, মোসা. রাজিনা খানম, আবুল কালাম আজাদ প্রমুখ।
সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ, শিক্ষক নিয়োগ, ওয়াশব্লক তৈরি ইত্যাদি ছাড়াও আরো নতুন দুটি শিক্ষা প্রতিষ্ঠানে সনাকের কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।
মিথ্যা মামলার প্রতিবাদে বারাকপুরে প্রতিবাদ সভা
আসাদ, দিঘলিয়া প্রতিনিধি:
আনসার বাহিনীর প্রধান শেখ আনসার হত্যা মামলায় দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে গতকাল বিকাল ৪ টায় বারাকপুর বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আমরা এ হত্যা কান্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মামলার বাদী পক্ষ একটি নিদিষ্ট এজেন্ডা নিয়ে মামলা দিয়েছে, যেখানে উদ্দেশ্য প্রনদিত ভাবে আওয়ামিলীগের নেতা-কর্মীদের আসামী করা হয়েছে। অবিলম্বে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় আমরা কঠর কর্মসূচী নিতে বাধ্য হবো।
এসময় বক্তারা আরও বলেন আনসার আওয়ামী লীগের কোন পদ পদবী ছিলনা, তারপরও বিভিন্ন খবরের কাগজে তাকে আওয়ামী লীগের নেতা হিসাবে বলা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তি কর। জেলা আওয়ামী লীগের কোন কোন নেতা এ বিভ্রান্তিকর খবরকে নিজ স্বার্থে সমর্থন দিচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুর রউফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াদুদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু মৃনাল কান্তি দে, সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া গাজী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন, সদস্য কে এম আসাদুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তারেক, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সংগঠনিক সম্পাদক মোল্লা আমজাদ হোসেন, সহ-সম্পাদক শেখ সাইদুর রহমান, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কে এম তহিদুজ্জামান সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
জেড এ মাহমুদ ডন’র সাথে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
আগমিী ১২ জুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জেড এ মাহমুদ ডন’র সাথে ২৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার দুপুর ৩টায় ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম। খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর প্রার্থী জেড এ মাহমুদ ডন বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তাই জনগণ বারবার ভোট প্রদানের মাধ্যমে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণ ও বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নসমুহ বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভোটারদের দারে দাওে গিয়ে কাজ করার আহবান জানান তিনি।
এসময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মোজাহার হোসেন মোজ, কাজী ইউসুফ আলী মন্টু, গোলাম মাওলা টিংকু, মোঃ রেজাউল ইসলাম টুকু, মোঃ কামরুল ইসলাম, মোঃ রাজিব হোসাইন, মোঃ জিলহজ্জ হাওলাদার, আশরাফুল আলম বাবু, মোঃ তাজমুল হক তাজু, আসিফ ইকবাল সবুজ, আসাদুল ইসলাম সানি, যুবলীগ নেতা মোঃ ইব্রাহীম, স্বেচ্ছাসেবক লগি নেতা তাপস রায় চৌধুরী, রবিন ধন, মোহাম্মদ শামীম হাওলাদার, রফিকুর রহমান মারুফ, নুর মোহাম্মদ ময়না, লিটন মাহামুদ, মোঃ তুফান, শামীম হাওলাদার, মোঃ রুবেল তালুকদার, মোঃ রাসেল, সোহাগ হোসেইন, ইমতিয়াজ হাসান রানা, হৃদয়, রফিক, সৌরভ, তুফান , সিরাজ , আলামিন,শহিদুল, সাগর, সাব্বির, রাকিব, হুমায়ুন , রাব্বি রানা, ইমন প্রমুখ।
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিসভা
খবর বিজ্ঞপ্তি
১৪৩০ বঙ্গাব্দের প্রথমদিন অর্থাৎ আগামী পহেলা বৈশাখ যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিসভা বুধবার দুপুরে খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, আগামী পহেলা বৈশাখ সকাল নয়টায় খুলনা রেলওয়ে স্টেশন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হবে। সকাল সাড়ে নয়টায় শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিশু একাডেমির খুলনা জেলা কার্যালয় এ উপলক্ষ্যে শিশুদের জন্য চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করবে। ঐদিন খুলনা বিভাগীয় জাদুঘর সবার জন্য উন্মুক্ত রাখা হবে। পহেলা বৈশাখে জেলখানা ও সরকারি শিশু পরিবারসমূহে দেশীয় ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হবে।
সভায় খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শেখ ইমরানসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে গত দুইদিনে উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে দুটি মিষ্টির দোকান ও ৬টি মুদি দোকানে জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরী ও বিক্রয়ের অপরাধে মিষ্টির দোকান এবং দোকানে খাদ্য পণ্য বিক্রির কোন তালিকা না থাকায় মুদি দোকান গুলিতে জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (৫ই মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার বেতাগা বাজারে মুদি দোকানে খাদ্য পণ্য বিক্রির কোন মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়িকে ২হাজার ২শত টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই জরিমানা প্রদান করেন। অপরদিকে, মঙ্গলবার (৪ঠা মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে টাউন-নওয়াপাড়া ও কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে ৩টি মুদি দোকান ও ২টি মিষ্টির দোকানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ কুমার মিত্র সহ মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী বলেন, খাদ্য দোকানে খাদ্য পণ্য বিক্রির মূল্য তালিকা না থাকায় মুদি দোকান ও অস্বাস্থ্যর পরিবেশে খাবার তৈরী ও বিক্রিয় করার অপরাধে তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি স্থানীয় সংবাদকর্মিদের জানান। #
কপিলমুনিতে মশার উৎপাতে অতিষ্ঠ মানুষ
কপিলমুনি(খুলনা) প্রতিনিধি ঃ
মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন কপিলমুনি অঞ্চলের অসংখ্য মানুষ। মশার হাত থেকে রক্ষা পেতে দিনের বেলাতেও মশারী টানাতে বাধ্য হচ্ছেন তারা। মশার কামড়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা।
মশা নিতান্তই ছোট একটি পতঙ্গ, অথচ এর মতো জ্বালাতনকারী কীট বিশ্বে আর নেই। প্রগৈতিহাসিক যুগ থেকে পুথিবীতে মশার অস্তিত্ব আছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে প্রায় সাড়ে ৩ হাজার প্রজাতির মশা রয়েছে। এর মধ্যে এনোফিলিস, এডিস, কিউলেক্্র প্রজাতির মশা মানুষের জন্য ক্ষতিকর। মশার কামড়ে বিষাক্ত কয়েল ও ইলেকট্রনিকস গুডনাইট ও ব্যাট ব্যবহার অপরিহার্য্য হয়ে পড়েছে। গ্রাম এলাকায় সরকারি ভাবে মশা নিধনের কোন কার্যক্রম না থাকায় ক্রমাগতভাবে মানুষ অসহায় হয়ে পড়ছে। মশার কামড় থেকে রক্ষা পেতে আগে রাতে মশারি টানাতো এখন দিনের বেলাতেও টানাচ্ছেন। মশার উপদ্রব ভয়াবহ হওয়ায় ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়াসিস বা গোদ রোগ, চিকুন গুনিয়া, জিকা ভাইরাস জ্বর, ইয়োলো ফিভার বা পীতজ্বর নামক মরণ ছোবলের আশংকায় প্রহর গুনছেন এলাকার মানুষ। শহর এলাকায় মশার উপদ্রব ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থা থাকলেও গ্রামাঞ্চলে কোন প্রকার ব্যবস্থা নেই। শিশু ও বয়স্কদের পাশাপাশি কোমলমতি ছাত্র ছাত্রীদের পড়া লেখায় ব্যাঘাত ঘটছে। বাণিজ্যনগরী কপিলমুনিসহ পার্শ্ববর্তী নগরশ্রীরামপুর, উঃ সলুয়া, নাছিরপুর, রেজাকপুর, কাশিমনগর, রামনগর, গোয়ালবাথান, প্রতাপকাটী, নোয়াকাটী, হরিঢালী, হরিদাশকাটী, কাজিমূছাসহ বিভিন্ন গ্রামে মশার উপদ্রবটা বেশী। বর্তমানে রোরো ধান আবাদের মৌসুম থাকায় এলাকায় মশার বংশ বিস্তারও বেশি হচ্ছে। এলাকাবাসী মশা নিধনে সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকল্পের সভাপতির স্বাক্ষর জালিয়াতি করে টাকা আত্মসাত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৮নং বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু প্রকল্পের সভাপতি ও সাধারন সম্পাদকের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
বিভিন্ন সুত্রে জানাগেছে, ২০২১-২০২২ অর্থ বছরে বাঁশবাড়িয়া ইউনিয়নে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খ্যাতে ১নং স্কীমের জন্য ৪ লাখ ৫৬ হাজার ৭শ টাকা বরাদ্দ করা হয়। বরাদ্দকৃত টাকার অনুকূলে একটি প্রকল্প গ্রহন করা হয়। প্রকল্পটি হলোঃ- বাঁশবাড়িয়া ও গাড়াপোতা প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ সরবরাহ এবং শহিদুল ইসলাম ডিগ্রী কলেজ ও রুলি আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ে ফ্যান সরবরাহ। প্রকল্প বাস্তবায়নে ইউপি সদস্য (মেম্বার) নাসির উদ্দিনকে সভাপতি ও তহমিনা খাতুনকে সাধারন সম্পাদক করে ৭সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার বিকালে প্রকল্পের সভাপতি নাসির উদ্দিন মেম্বার সাংবাদিকদের জানান, তিনি এই প্রকল্পের সভাপতি হলেও তিনি প্রকল্প সম্পর্কে কিছুই জানেন না। তার কাছ থেকে এ বিষয়ে কোন স্বাক্ষরও নেওয়া হয়নি। তিনি আরো বলেন তাদের স্বাক্ষর জাল করে উক্ত প্রকল্পের টাকা তুলে আত্মসাত করেছেন। তিনি সাংবাদিকদের কাছে প্রশ্ন করেন প্রকল্পের সভাপতি ও সম্পাদককে অনুপস্থিত রেখে কিভাবে টাকা উত্তোলন করেন। তিনি আরো বলেন, এ ধরণের অনেক ভূয়া প্রকল্প তৈরী করে চেয়ারম্যান লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। অনুসন্ধান করলেই অজানা অনেক আসল তথ্য বেরিয়ে আসবে।
ইউনিয়ন পরিষদ সচিব জহুরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন শুধুমাত্র চেকে আমার স্বাক্ষর আছে অন্যান্য কাগজে আমার স্বাক্ষর নেই থাকলে সেটা চেয়ারম্যান সাহেব জানে।
এদিকে ইউপি সদস্য তহমিনা খাতুনের সাথে যোগাযোগ করলে তিনিও এ প্রকল্প সম্পর্কে কিছুই জানানে না বলে জানান। এমনকি এ ধরণের কোন প্রকল্পে স্বাক্ষর করেননি।
ভাবদিয়া গাড়াপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শাহাজান আলী বলেন, আমার বিদ্যালয়ে কয়েকটি বেঞ্চ দেওয়া হয়েছে। রুলি আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নারগিস আক্তার জানান, বিদ্যালয়ে আগেও ফ্যান ছিল পরে কিছু ফ্যান দেওয়া হয়েছে।
বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টুর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, প্রকল্পের সভাপতি সেক্রেটারি স্বাক্ষর করেনি আমি স্বাক্ষর করে প্রত্যয়ন দিয়ে টাকা উত্তোলন করা হয়েছে।
উপজেলা পনিষদের চেয়ারমান ময়জদ্দিন হামিদ জানান, এ ঘটনায় একজন মহিলা ইউপি সদস্য (মেম্বার) সহ ১০জন মেম্বার আমার কাছে এসেছিল তাদের অভিযোগ শুনেছি পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ইউনিয়নবাসী এই দূর্ণীতিবাজ চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের উপর মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।
পাইকগাছায় জমিতে ঘেরাবেড়া দেয়ার সময় উভয় পক্ষের আহত ৬
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় বিরোধপূর্ণ জমিতে ঘেরাবেড়া দেয়ার সময় উভয় পক্ষের ৬ জন রক্তাক্ত জখম হয়েছে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া গ্রামে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহত রজব আলী(৬৫) জানান, আমি সরকারের নিকট থেকে ডিসিয়ারের সাড়ে চার বিঘা জমি নিয়েছি। বুধবার সাড়ে দশটার দিকে ওই জমিতে ঘেরা বেড়া দিতে যায়। এ সময় প্রতিপক্ষ রাজ্জাক মোড়ল ক্রায় জমি দাবী করে আমাদের ঘেরা বেড়া দিতে বাঁধা দেয়। কথা কাটাকাটির এক পর্যয় রাজ্জাক মোড়ল(৫৫), বাইজিত মোড়ল(২২),আকরাম মোড়ল(৪৫), কুদ্দুস মোড়ল(৪০) সহ ১৫/২০ জন আমি সহ আমার ছেলে সোহাগ গাজী(৩৪), শাহীন গাজী(২৫),স্ত্রী আরশাফুন(৫৫) ও বউমা রোজিনা খাতুন(২৬)কে দা দিয়ে কুপিয়ে আহত করে। এ দিকে রাজ্জাক মোড়ল জানান, আমাদের ক্রায়কৃত জমিতে তারা ঘেরাবেড়া দিতে আসে। তাদের ডিসি আর জমি এখানে না। তারা আমাদের জমিতে ঘেরাবেড়া দেয়ার সময় আমরা বাধা দিলে তারা আমাকে পিটিয়ে আহত করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, উপজেলার কাটিপাড়ায় মারামারি ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষের আহতরা হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে। সুস্থ হয়ে মামলা দিলে মামমলা নেয়া হবে।
দাকোপের কালবগীতে চতুর্থ শ্রেণি পড়ুয়া শিশুকে ধর্ষণের চেষ্টা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের কালবগীতে চতুর্থ শ্রেণি পড়ুয়া শিশুকে ধর্ষণের চেষ্টা। এলাকাবাসী জানায় ঘটনার পর ধর্ষক এলাকা ছাড়া। ভিকটিম ও তার পরিবার সূত্রে জানা গেছে, সকালে কেউ বাড়ীতে ছিলনা। এসময় ভিকটিমকে ঘরে একা ঘুমাতে দেখে প্রতিবেশি কালাবগী গ্রামের আব্দুল আজিজ গাজীর পুত্র দেলোযার গাজী ভিকটিমের প্যান্ট খুলে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়।এ সময় তার খালা চলে আসলে ধর্ষক ঘর থেকে লাফ দিযে পড়ে পালিয়ে যায়।শিশু কন্যার খালা সাথে সাথে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য নিমাই রায়কে জানায়। তারপর থেকে বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের তোড়জোড় চলে। হতদরিদ্র পরিবারের অসহায় এ শিশু ধর্ষককে দ্রুত আইনী আওতায় আনার দাবি জানায় এলাকাবাসী। কন্যাটি বয়রা নুরজাহান বেগম সরকারি প্রাথমিক বিদ্যালযের ছাত্রী। দাকোপের কালাবগী গ্রামে তার খালার বাড়ী বেড়াতে এসে ধর্ষণের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কয়েক বছর পূর্বে দেলোয়ার গাজী গোয়াল ঘরে পশুর সাথে কুকীর্তি অবস্থায় ধরা পড়ে থানা পুলিশ করে মোটা অংকের অর্থ খোয়াতে হয়। এছাড়া বাগেরহাটের ফয়লায় এ এলাকার এক মেযের শ্বশুর বাড়ীতে আপত্তিকর অবস্থায় ওই মেয়ের শাশুড়ীর হাতে ধরা পড়ে। এর রিরুদ্ধ নানা অনৈতিক কর্মকান্ডের অবিযোগ রযেছে। প্রশাসনের নিকট স্থানীয়রা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কেশবপুরে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত হয়েছে
আলমগীর হোসেন কেশবপুর (যশোর)প্রতিনিধি
কেশবপুরে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে জন সচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ এপ্রিল) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যশোর সার্কেল এর আয়োজনে কেশবপুর পৌর শহরের টাইগার পয়েন্টে ওই সচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত হয়।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যশোর জেলার সহকারী পরিচালক (ইঞ্জি:) এস এম মাহফুজুর রহমান এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সচেতনতামূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আকতার সাদেক ও পলাশ মল্লিক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের নগদ টাকা ও মেধাবীদের ট্যাব প্রদান
কেশবপুর (যশোর)প্রতিনিধি
যশোরের কেশবপুরে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র /ছাত্রীদের নগদ টাকা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে কেশবপুর উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও স্থানীয় সংসদ সদস্য শাহীন চাকলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নগদ টাকা ও ট্যাব তুলে দেন। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ১০০ জনকে ২ লাখ ৪০ হাজার, পঞ্চম থেকে দশম শ্রেণীর ৮০ জনকে ৪ লাখ ৮০ হাজার ও একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর ৩০ জনকে ২ লাখ ৮৮ হাজার নগদ টাকা এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫২ জন শিক্ষার্থীকে ২৫২ টি ট্যাব প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন।
দাকোপে পরীক্ষার্থীদের মাঝে দলিতের অর্থ বিতরন
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা দলিতের উদ্যোগে এস এস সি পরীক্ষার্থীদের আর্থিক সহায়তা (বোর্ড ফি) এবং বিভিন্ন উপকরন দেওয়া হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, দলিতের প্রকল্পের অডিট ম্যানেজার উত্তম দাস, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক মামুনুর রশিদ, দলিতের এ্যাডমিন হিসাব শাখা প্রদীপ কুমার দাস, উপজেলা প্রজেক্ট ম্যানেজার নিরঞ্জন বর্মন, প্রকল্প মোবিলাইজার সুমন মল্লিক, নিকোলাস মিস্ত্রি প্রমুখ। অনুষ্ঠান পিছিয়ে পড়া জনগোষ্টির ৬৫ জন এস এস সি পরীক্ষার্থীকে মোবাইল এ্যাকাউন্টের মাধ্যমে প্রত্যেকের বোর্ড ফি বাবদ ১৪২০ টাকা এবং সাবান, পেষ্ট, নেইল কাটা, তৈল, ৩টি করে খাতা ১০টি কলম এবং ছাত্রীদের জন্য ন্যাপটিন উপকরন দেওয়া হয়।
আশাশুনিতে মোবাইল কোর্টে দুটি পেট্রোল পাম্প সীলগালা ও জরিমানা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটা ও মহেশ্বরকাটিতে অবস্থিত দুটি পোট্রোল পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও সীলগালা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২.৩০ টা থেকে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে মহেশ্বরকাটির মেসার্স আন্না ফিলিং স্টেশানে পরিমাপে কারচুপি ও ভোক্তাদের সাথে প্রতারনার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৮ ধারায় পাম্পের ম্যানেজার সেফাতুল্লাহকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সাথে সাথে পাম্পের একটি মেশিন সীলগালা করা হয়। পরে বুধহাটায় অবস্থিত মেসার্স রহমান ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে একই অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
সরকারি বিএল কলেজ ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা সরকারি বিএল কলেজ ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জিএম হাবিবুর রহমানের নামে একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিথ্যা মামলায় আসামি করার প্রতিবাদে ২নং-রঘুনাথপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডবাসীর উদ্যোগে মানববন্ধন পালন করে।
৫ এপ্রিল বেলা ১২টায় খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত। মানববন্ধন ওই ওয়ার্ডবাসিরা বলেন, জি এম হাবিবুর রহমান একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ। জি এম হাবিবুর রহমান বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। তাকে একটি মহল মিথ্যা মামলায় আসামি করে হয়রানি করছেন। এর প্রতি আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রশাসনের কাছে দাবি তদন্তপূর্বক এই মিথ্যা মামলা থেকে মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য আকুল আবেদন জানান।
এ সময়ে উপস্থিত ছিলেন, মোহাম্মদ তরিক খান, মোহাম্মদ মনির বালা, মোঃ আহমেদ বালা, মোহাম্মদ গফফার বালা, মোহাম্মদ রকিবুল ইসলাম, মোঃ বিল্লাল শেখ, মোহাম্মদ সাকলাইন খান, মোহাম্মদ রাশেদ সরদার, মোহাম্মদ তূর্য, মোঃ সজিব মোল্লা, সহ প্রখূখ।
দর্শনার সুলতানপুরে ফেনসিডিলসহ ১ ব্যাক্তিকে দর্শনার থানা পুলিশ আটক করেছে
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দর্শনার সুলতানপুর সীমান্তের সুলতানপুর গ্রাম থেকে ফেনসিডিল সহ ১ জনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে দর্শনা থানার এসআই (নিঃ) তাইফ্জ্জুামান, এসআই (নিঃ) স্বপন কুমার সরকার, এসআই (নিঃ) শামিম রেজা, সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন সুলতানপুর উত্তরপাড়া অভিযান চালায়
এসময় জনৈক মোঃ রবির মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর এক ব্যাক্তিকে সন্দেহ হলে তার দেহ তল্লাশী করে। পরে তার কাছে থাকা হতে অবৈধ মাদকদ্রব্য ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।আটককৃত আনোয়ার হোসেন (৪৯), সুলতানপুর গ্রামের আনসার আলীর ছেলে। পরে
আটককৃত আনোয়ারের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানায়।
“বন্ধন” এর উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
বুধবার বাদ আসর খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে বন্ধন খুলনা বিশ^বিদ্যালয়ের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। খুবিতে এযাবত যে সমস্ত কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারবর্গ নিয়ে এবং যে সমস্ত কর্মকর্তা অবসরে আছেন তাদের সমন্বয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক, পেশাজীবী ও সাংবাদিকদের সমন্বয়ে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব এস এম মোহাম্মদ আলী ও মোঃ আতিয়ার রহমান। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগরী বিএনপি’র আহ্বায়ক এ্যাড. এস এম শফিকুল আলম মনা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ¦ শাহারুজ্জামান মোর্তুজা, প্রধান বক্তা মহানগর বিএনপি’র সদস্যসচিব মোঃ শফিকুল আলম তুহিন, উপস্থিত ছিলেন একরামুল হক হেলাল, শেখ তৈয়েবুর রহমান, মাহবুব হাসান পিয়ারু, বিএনপি নেতা শেখ সাদী, আশরাফুল ইসলাম নান্নু, তরিকুল ইসলাম তরিক, আজিজা খানম এলিজা, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা, অধ্যাপক মনিরুল হক বাবুল, এ্যাড. মশিউর রহমান নান্নু, সময়ের খবরের সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সাংবাদিক এহসানুল হক শাওন, আশরাফুল আলম নুর, জিয়াদ সায়াদাত, সজিব তালুকদার, সেতারা বেগম, খুবি’র সাবেক রেজিস্টার মরহুম মোঃ আমির আলী স্যারের পরিবার, নির্বাহী প্রকৌশলী মরহুম আবুল হাসনাত এর পরিবার, মরহুম সেলিম গাজীর পরিবার প্রমুখ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বৃহত্তর আমরা খুলনা বাসির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, ডাঃ আব্দুস সালাম, জি এম মইনুদ্দিন, এস এম শাকিল রহমান রাজা, শেখ শরাফত আলী দুলু, জি এম আনিসুর রহমান (অবঃ), আবু সালেহ মোঃ পারভেজ, মোঃ জাবেদ এলাহী, আবদুল্লাহ শাহানুর কবীর অয়ন, এস, এম শাকীল রহমান, আবু খালিদ, মোঃ রবিউল ইসলাম, মোঃ সফিকুল ইসলাম, শেখ আকতার হোসেন, এস,এম জাকির হোসেন, শেখ আফসার উদ্দিন, শেখ আব্দুল্লাহ, আলমগীর হাবিব সাগর, মোঃ নাসির জাহাঙ্গীর, আবু আল আউয়াল, মোঃ জসিম উদ্দীন, সালেহা পারভেজ, শমীমা সুলতানা, আব্দুর রব, মোঃ আবুল কালাম, কুদরত-ই-এলাহী রঞ্জু, মিজানুর রহমান খান মুকুল, কামরুজ্জামান তুহিন, মোঃ জসিম উদ্দিন, মোঃ নুরুল আমিন, মোঃ ইকবাল হোসেন, মোঃ আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী জি এম মিনার রশিদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন মাওলানা গুলজার হোসেন। ইফতারের পূর্বে খুবি’র প্রায়ত উপাচার্যদ্বয়, রেজিস্টার, কর্মকর্তা-কর্মচারীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন খুবি’র কেন্দ্রিয় মসজিদের খতিব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হাফেজ মুফতি আব্দুল কুদ্দুস।
আশাশুনির বেউলা কালি মন্দির নিয়ে জটিলতা নিরসনে সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির দুইশত বছরের ঐতিহ্যবাহী বেউলা শ্রীশ্রী কালী মন্দির (মায়ের বাড়ী) পরিচালনা কমিটি ও সেবায়েতের মধ্যে সৃষ্টজটিলতা নিরসনে সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার শোভনালী ইউনিয়নের সরাফপুরে রাজ্যেশ্বর দাশের বাস ভবনে সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা রাজ্যেশ্বর দাশ, সভাপতি নীলকন্ঠ সোম, সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি সুবোধ কুমার চক্রবর্তী, শোভনালী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাশ, বেউলা শ্রীশ্রী কালী মন্দির (মায়ের বাড়ী) পরিচালনা কমিটির সভাপতি সুকান্ত রাহা, সহ-সবাপতি ভবেন্দ্র সরকার, সুবোল সরকার, সম্পাদক ভীম মন্ডল, যুগ্ম-সম্পাদক পিন্টু সরকার, কোষাধ্যক্ষ পারুল ঢালী, সহ-কোষাধ্যক্ষ বিশ্বনাথ মন্ডল, পুরাতন সেবায়েতের পক্ষে পুত্রদ্বয় সুমন মুখার্জী ও রিপন মাখার্জী, সাংবাদিক মানিক সরকারসহ বেউলা শ্রীশ্রী কালী মন্দিরের নেতৃবৃন্দ। সভায় উভয় পক্ষের বক্তব্য ও অভিযোগ শুনানীর শেষে মন্দির কমিটির নেতৃবৃন্দ সেবায়েত কার্ত্তিক মুখার্জীর বয়স ৮০ উর্দ্ধ হওয়ায় বর্তমান সেবায়েতের সহযোগীতা করার সিদ্ধান্ত নেয়া হয়। সাথে সাথে তার পক্ষের লোকজনদের কমিটিতে অন্তর্ভূক্ত করতে আগামী দিনে বিশ্বস্ততার পরিচয় দেয়ার দাবী জানান হলে সুমন মুখার্জী দাবীটি অকপটে মেনে নিয়েই উপস্থিত সকলকে রেকড রাখার অনুরোধ জানান। উল্লেখ্য, সম্প্রতি সাবেক সেবায়েত কার্ত্তিক মুখার্জীর পক্ষে তার পুত্র সুমন মুখার্জী আশাশুনি থানায় বর্তমান কমিটির বিরুদ্ধে অভিযোগ করলে থানায় বসাবসিতে নিরসন না হওয়ায় উপজেলা পুজা উদযাপন পরিষদের উপর নিরসন কল্পে দায়িত্ব দেয়া হয়। তারই পেক্ষিতে রাজ্যেশ্বর দাশের বাড়ীতে বসাবসি হয়। বসাবসির শেষ পর্যায়ে উপজেলা পজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বেশ কিছু দাবী মন্দির কমিটির মনোপুত না হওয়ায় কমিটির নেতৃবৃন্দ পর্যায়ক্রমে সভাস্থল ত্রাগ করে চলে যান।
বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় খুবি উপাচার্যের দুঃখ প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। ঈদের আগে এই দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য অপূরণীয় ক্ষতি বলেও উল্লেখ করেন। এছাড়া আগুন নিয়ন্ত্রণ এবং অগ্নিকাণ্ডে হতাহতদের উদ্ধারে আন্তরিক ও দায়িত্বপূর্ণ ভূমিকার জন্য ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীসহ সাহায্যকারী সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খুবিতে ঘুড়ি উৎসব আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে এবং ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের সহযোগিতায় আজ ০৬ এপ্রিল (বৃহস্পতিবার) ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হবে। বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ উৎসবের উদ্বোধন করা হবে। এ উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে নাগরদোলা, মোরগ লড়াই, হাড়ি ভাঙা ও লাঠি খেলা।
হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় সেলুন দোকানিকে হত্যার মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া গ্রামের নাসির উদ্দিন এবং একই গ্রামের হাফিজুর রহমান। নাসির বর্তমানে পলাতক।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে উপজেলার হরিনদিয়া বাজারে নিজের সেলুনের দোকানে কাজ শেষে বাড়ি ফিরছিলেন বিমল চন্দ্র দাস। সে সময় বাড়ির পাশে মাঠে পৌঁছালে তাকে গলা কেটে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন।
পুলিশ তদন্ত শেষে হাফিজুর রহমান এবং নাসির উদ্দিনকে অভিযুক্ত করে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে চূড়ান্ত অভিযোগপত্র জমা দেন। শুনানি শেষে আদালত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
বাবার সঙ্গে গোসল করতে গিয়ে ঘরে ফেরা হলো না তুবার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে ঘরে ফেরা হলো না দেড় বছরের শিশু তুবার। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করা হলো শিশু তুবার লাশ। উপজেলার কয়লা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তুবা স্থানীয় স্বাস্থ্যকর্মী কামাল হোসেনের দ্বিতীয় সন্তান।
কলারোয়া থানার এএসআই শামসুর রহমান জানান, কলারোয়ার কয়লা গ্রামে বাবার সঙ্গে পুকুরে গোসল করতে যায় শিশু কন্যা তুবা। পরে বাবা গোসল থেকে উঠে ভাবেন মেয়ে ঘরে চলে গেছে। বাড়ি গিয়ে তুবাকে না পাওয়ায় খুঁজতে থাকেন। এক পর্যায়ে শিশু তুবাকে পুকুরে ভাসতে দেখেন। পরে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে বাবার সঙ্গে গোসল করতে যায় ছোট্ট মেয়ে তুবা। গোসল করে কামাল হোসেন বাড়িতে এলেও মেয়ে বাড়িতে আসেনি। খোঁজাখুঁজির পর তুবাকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। তুবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। বুধবার সকাল ১০টার দিকে শত শত শোকার্ত গ্রামবাসী তুবার দাফনকাজ সম্পন্ন করেন। এদিকে এ ঘটনার পর থেকে বাবা কামাল হোসেন ও তুবার মা’কে অসুস্থ হয়ে পড়তে দেখা যায়।
ডুসাকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশন অব কয়রা (ডুসাক)’র উদ্যোগে বুধবার (৫ এপ্রিল) ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুল হাকিম, ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব আশরাফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোঃ জাহিদুল ইসলাম সানা, সাংবাদিক পলাশ মাহমুদ, কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, ডুসাকের সভাপতি রত্নেশ্বর মন্ডল, সাধারণ সম্পাদক আবু তালহা মুহাঃ কুতাইবা এবং ডুসাকের সদস্যবৃন্দ।
সিসা দুষন প্রতিরোধে সচেতনতামুলক জনসমাবেশ অনুষ্ঠিত
তথ্য বিবরণী
সিসা দূষন প্রতিরোধে সচেতনতামূলক জনসমাবেশ বুধবার দুপুরে মহম্মদ নগর,বটিয়াঘাটা এলাকার জলমা ইউনিয়ন পরিষদ মেম্বারের অফিসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির প্রতিপাদ্য ছিল “সিসা দূষন প্রতিরোধে, আমরা আছি এক সাথে”। খুলনা বিশ^বিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন বিভাগ ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা পিওর আর্থ এ অনুষ্ঠানের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন খুলনা বিশ^বিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ড. আবদুল্লাহ হারুন চৌধুরী।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, সিসা একটি বিষাক্ত ভারি ধাতু যা সকলের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের ওপর সিসার ক্ষতিকর প্রভাব অনেক বেশি। সিসা দূষনে বাংলাদেশের অবস্থান বিশে^ চতুর্থ। বাংলাদেশের প্রায় ৩ কোটি ষাট লক্ষ শিশু সিসা দূষনের শিকার। এটি আমাদের জন্য খুবই উদ্বেগজনক। সিসার বিষাক্ততা আমাদের যে ক্ষতি করে তার কোন প্রতিকার নেই, তাই এ দূষন প্রতিরোধই বাঁচার একমাত্র উপায়। তাঁরা আরোও বলেন সিসা দূষন প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই। আমাদের নিজেদের সচেতন হতে হবে এবং অন্যদেরকে সচেতন করতে হবে। একটি সুন্দর আগামী পেতে হলে সিসামুক্ত বাংলাদেশ গড়া খুবই জরুরি।
স্বাগত বক্তব্যে পিওর আর্থের কান্ট্রি ডিরেক্টর ড. মাহফুজার রহমান বলেন খুলনাকে আমরা হেলদি সিটি হিসেবে দেখতে চাই, তাই একে সিসা মুক্ত করা জরুরি। আমরা চাই কেও যেন পিছিয়ে না থাকে, একটি শিশুর রক্তেও যেন সিসা না থাকে।
অনুষ্ঠানে অরোও উপস্তিত ছিলেন খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ ইকবাল হোসেন, খুলনা স্বাস্থ্য দপ্তরের পরিচালক ড. মোঃ মঞ্জুরুল মুর্শিদ, খুলনার সিভিল সার্জন সুজাত আহমেদ, খুলনা বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ আতিকুল ইসলাম, বাইতুর মিরাজ জামে মসজিদের ইমাম মাওলানা নাজমুর হাসান, এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ।
সেখ জুয়েল এমপি’র সাথে শেখ রাসেল পরিষদ খুলনার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার রাত্রে খুলনার ময়লাপোতাস্থ শেখ বাড়িতে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার উপদেষ্টা এম ডি এ বাবুল রানা, মহানগর শাখার সভাপতি এস এম নূর হাসান জনি, সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমান সোহেল, সহ সভাপতি মাইনুল হাসান রনি, মোঃ বাইতুল ইসলাম. রামিজ রেজা, মো: এনামুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আরাফাত রাহিব,এম আহমেদ রিজভী সোহান,মো: রুবেল, সাংগঠনিক সম্পাদক ইসহাক হোসেন ইমু,সফিকুল ইসলাম, এইচএম এনামুল হক তাপু, দপ্তর সম্পাদক মো: মাহফুজুল আলম সুমন, প্রচার সম্পাদক মো: মইনুল হোসেন মৃদুল, খালিশপুর থানা শাখার সভাপতি মো: সাজিদুর রহমান, শাহরিয়ার আকাশসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রূপসায় দাদির হাতে ৬ মাসের শিশু নির্যাতন
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের খোড়ার বটতলা নামক স্থানে মো: হেরাজ উদ্দিন এর স্ত্রী আয়সা বেগমর বিরুদ্ধে ৬ মাসের শিশু পুতা কে শারীরিক নির্যাতনের অভিযোগ। জানা যায় আয়েশা বেগমের ছেলে মো: সাদ্দামের
৬ মাস বয়সী শিশুপুত্র সুলাইমান কে দাদি আয়েশা বেগম শারীরিক ভাবে নির্যাতন করে আসছিল। তার অমতে বাচ্চা নেওয়ার কারণে তিনি ক্ষিপ্ত হয়ে এ নিষ্পাপ শিশুটির উপর এমন অমানুষিক নির্যাতন শুরু করেন।
স্থানীয় প্রতিবেশীরা তাকে বিভিন্নভাবে বোঝানোর পরেও ব্যর্থ হন। এমনকি প্রতিবেশীদের সাথেও খারাপ ব্যবহার করতেন। এমন নির্যাতন করায় শিশুটির এখন প্রতিবন্ধীর মত অবস্থা হয়ে গেছে।
এমতাবস্থায় পার্শ্ববর্তী লোকজন মিলিত হয়ে নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দেন । অভিযোগ পেয়ে গত ৫ এপ্রিল বিকাল ৪ টার সময় উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, ইউপি সদস্য মোঃ আসাবুর মোড়ল ও মহিলা ইউপি সদস্য লিপিকা রানীদাস সহ স্থানীয় ব্যক্তিবর্গ সরেজমিনে উপস্থিত হয়ে শিশুটিকে দেখে বিস্মিত হন। নির্যাতনকারী মহিলা শিশুটির দাদি এ সময় বাড়িতে না’থাকায় আগামীকাল তাকে ও শিশুটির বাবাকে নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে দেখা করতে বলেন। পাশাপাশি শিশুটিকে যেন আর কোন নির্যাতন করতে নাপারে সেদিকে লক্ষ্য রাখতে বলেন স্থানীয় লোকজনদের ও জনপ্রতিনিধিদের। এছাড়াও নির্বাহী কর্মকর্তা শিশুটির চিকিৎসার করানোর জন্য প্রতিনিধিদের নির্দেশ দেন।










































