চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গায় চুরি হওয়া মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোরে যশোর ও মাগুরা জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
গ্রেপ্তার ছয়জন হলেন- যশোর কোতোয়ালি থানার চাঁদপাড়া এলাকার আল আমিন (৩৪), জুয়েল রানা (৩৩), একই এলাকার দক্ষিণপাড়ার আবু হানিফ হাওলাদার (৫৫), মাগুরা মোহাম্মদপুরের মাইজপাড়ার সেলিম মোল্লা (২৫), ওই এলাকার পারভাটপাড়ার কামরুজ্জামান আরমান (২৫) ও স্টেডিয়াম পাড়ার জুনায়েদ হোসেন।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মামুন জানান, চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল সড়কের আব্দুল ওয়াকিলের ব্যবসাপ্রতিষ্ঠানের পাশ থেকে গত ২৬ মার্চ দুপুরে একটি পালসার মোটরসাইকেল চুরি হয়। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুই চোর ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করা হয়।
তিনি জানান, গত রোববার রাতে যশোর কোতোয়ালি থানার চাঁদপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ আল আমিনকে গ্রেপ্তার করা হয়। আল আমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে, যশোর থেকে জুয়েল রানা ও আবু হানিফ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। তারা জানান, চুরি করা মোটরসাইকেল মাগুরার মোহাম্মদপুরের মাইজপাড়া গ্রামের সেলিম মোল্লার কাছে বিক্রি করে দেয়। এরপর সেলিমের দেওয়া তথ্যর ভিত্তিতে, মাগুরা থেকে কামরুজ্জামান আরমান ও জুনায়েদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরমান ও জুনায়েদ হোসেনের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
এসপি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কি-না তা খুঁজে বের করা হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।











































