ঢাকা অফিস।।
চৈতালি আর বৈশাখি ঢলে চোখের সামনে আধা পাকা ধান গাছ তলিয়ে যাওয়া আর দেখতে হবে না। এর আগেই কৃষকের গোলায় উঠবে বোরো ধান। বিজ্ঞানীদের ৯০ বছরের ধারাবাহিক গবেষণায় সেই স্বপ্ন বাস্তবায়নের পথে।
চৈত্রের মাঝামাঝিতে কাটা যাবে-এমন একটি জাতের কৌলিক সারি উদ্ভাবন করেছেন তারা। অনুমোদন পেতে পারে আগামী বছর।
নতুন উদ্ভাবিত জাতের খবর নিতে হাওরে এসেছেন ধান বিজ্ঞানীরা। প্রচলিত জাতের তুলনায় আগেই পেকেছে আগাম বন্যামুক্ত এ ধান। কাটার পর দেখা যায় ফলনও হয়েছে ভালো।
২০২০ সালে হাওরের জন্য উপযোগী জাত উদ্ভাবনে কাজ শুরু করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে এ গবেষণায় সহযোগিতা করে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট। ধান বিজ্ঞানীদের ৯০ বছরের গবেষণার ফসল নতুন এ জাত।
কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জীবন কৃষ্ণ বিশ্বাস বলেন, কাঙ্ক্ষিত এ জাতে চিটার পরিমাণ কম। বিঘাপ্রতি এ ধান ১৭, ১৮ কোথাও ২০ মণ হবে।
জাতটি সাড়ে ৪ হাজার কোটি টাকার ফসল নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাবে বলে আশা ইরির বিজ্ঞানীদের।
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমাদের দশমিক ৩ মিলিয়ন হেক্টর জমির ধান ডুবে নষ্ট হয়েছিল। সেটা যদি রক্ষা করতে পারি, তাহলে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে।
হবিগঞ্জের ঐতিহ্যবাহী ধান পশু শাইলের জিন সমৃদ্ধ এ জাত হাওরের দুঃখ লাঘবে উপযোগী হবে বলে মত ধান বিজ্ঞানীদের।
স্বাধীনতা পদক প্রাপ্ত ধান বিজ্ঞানী ড. আব্দুল মজিদ বলেন, আমরা স্থানীয় কৃষকদের সঙ্গে মত বিনিময় করেছি। তারা এমন জাত চেয়েছেন, যেটা আগে চাষ করা যাবে। সেই সঙ্গে বর্ষাকালের আগেই কাটা যাবে। সেরকমই কৌলিক সারি পাওয়া গেছে।
এ ধানের প্রাথমিক ফলন এসছে বিঘা প্রতি ১৮ মণ।











































