ঢাকা অফিস।।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তদারকি দলের সঙ্গে রাজধানীর চকবাজারে যান চিত্রনায়ক ফেরদৌস আহমেদ
নিরাপদ খাদ্য নিশ্চিতে মাঠ পর্যায়ে জনসচেতনতার কাজ করছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। আজ সোমবার রাজধানীর চকবাজার এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তদারকি দলের সঙ্গে ছিলেন তিনি।
আজ বিকেল সাড়ে ৩টায় শাহী মসজিদ এলাকা থেকে শুরু হওয়া এ অভিযানে অংশ নিয়ে ব্যবসায়ীদের ফেরদৌস আহমেদ বলেন, ‘আপনারা এমন কোনো রং ব্যবহার করবেন না, যা সরকারিভাবে নিষিদ্ধ।’
তিনি বলেন, ‘আমরা যারা বাসায় নিয়মিত খেতে পারি না, তারা নির্ভর করি আপনাদের হাতে বানানো খাদ্যের ওপর। আপনারা কি আমাদের সেই ভরসার জায়গা হতে পারছেন?’
জনপ্রিয় এ চিত্রনায়ক বলেন, ‘আপনারাই আমাদের বড় ভরসার জায়গা, তাই আপনাদেরকেই নিরাপত্তা বজায় রাখতে হবে। অন্যথায় আমরা আপনাদের ওপর আস্থা রাখতে পারব না, তখন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ নেবে, এতে করে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আপনারা যাতে ক্ষতির শিকার না হন, তাই আমি আপনাদের সচেতন করার জন্যই এখানে এসেছি।’
এ সময় পোড়াতেলের ব্যবহার না করার জন্য বিক্রেতাদের অনুরোধ করেন ফেরদৌস আহেমদ। তিনি এর স্বাস্থ্যজনিত অপকারের বিভিন্ন দিক উল্লেখ করেন। নিরাপদ খাদ্য সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা বা খাদ্যে ভেজাল সম্পর্কিত কোনো অভিযোগ থাকলে ১৬১৫৫ নম্বরে কল করার পরামর্শ দেন এ চিত্রনায়ক।
অভিযানে আরও উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্য মো. রেজাউল করিম, পরিচালক ড. সহদেব চন্দ্র সাহা, অতিরিক্তি পরিচালক আতিকুর রহমান মজুমদার, উপপরিচালাক মো. রকিবুল হাসান প্রমুখ।











































