Home জাতীয় চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আমফান’ আঘাত হানতে পারে মঙ্গলবার রাতেই

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আমফান’ আঘাত হানতে পারে মঙ্গলবার রাতেই

25

স্টাফ রিপোর্টার

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আমফান’। আবহাওয়া অফিস জানিয়েছে, এটি আরও শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আছড়ে পড়তে পারে। এর প্রভাবে দেশের সমগ্র উপকূলীয় এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে। আগামীকাল মঙ্গলবার রাতেই এটি আঘাত হানতে পারে। এদিকে ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর বিক্ষুব্ধ থাকায় বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ঘূর্ণিঝড় ‘আমফান’ আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তখন এর বাতাসের গতিবেগ বেড়ে দাঁড়াবে ঘণ্টায় দুই শ’ কিলোমিটার। তিনি বলেন, ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে দেশের বেশিরভাগ উপকূলীয় এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে। সতর্কতার পদক্ষেপ হিসেবে এটি মোকাবেলায় এখনি প্রস্তুতি নিতে হবে। তিনি জানান সময় নিয়ে এটি উপকূলের দিকে আসছে। মঙ্গলবার রাত থেকে দেশের উপকূলে ঝড়ের প্রভাব শুরু হবে। বুধবার পর্যন্ত এর প্রভাবে ঝড় বৃষ্টি হবে। এদিকে ভারতের আবহাওয়া অফিসও বলছে আমফান রবিবারে রাতেই প্রবল ঘূর্ণিঝড় (সিভিয়ার সাইকোনিক স্টর্ম) রূপ নেবে। তারপর ২৪ ঘণ্টার মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে (ভেরি সিভিয়ার সাইকোনিক স্টর্ম) পরিণত হতে পারে। তখন বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫০ কিলোমিটার। পরে শক্তি আরও বাড়িয়ে তা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের রূপ পেতে পারে মঙ্গলবার সকাল নাগাদ। তখন বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৯০ কিলোমিটার বা তার বেশি। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শনিবার রাত ৯টার দিকে ঘূর্ণিঝড়ের রূপ নেয়। এরপর এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে এ ঘূর্ণিঝড় এগিয়ে যাচ্ছে ভারতের উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে। আবহাওয়াবিদরা বলছেন বর্তমান প্রবণতা বজায় থাকলে এ ঝড়ের উপকূলের কাছাকাছি পৌঁছাতে দিন দুয়েক সময় লাগতে পারে। মঙ্গলববার রাতেই উপকূলে এর প্রভাব শুরু হবে। তারা জানায়, ঘূর্ণিঝড়টি মোটামুটি ঘণ্টায় ৬ কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে রবিবার বেলা ১২টা নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল।

এদিকে রবিবার দুপুর ১২টায় আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঘূর্ণিঝড় আমফান চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে; কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে; মংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ওই সময় ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ‘ঘূর্ণিঝড় আমফান আরও ঘনীভূত হয়ে অগ্রসর হবে উত্তর পশ্চিম দিকে। ১৯ অথবা ২০ মে ভারতের ওড়িশা বা পশ্চিমবঙ্গ এলাকা দিয়ে এ ঝড় উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে পড়তে পারে বাংলাদেশেও।

তীরে ভিড়ছে মাছ ধরার নৌকা ও ট্রলার:

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আমফানের কারণে আবহাওয়া অফিসের সতর্কতা মেনে ফিরে আসতে শুরু করেছে মাছ ধরার নৌকা, ট্রলার ও ছোট ছোট নৌযানগুলো। প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয়ায় উপকূলীয় এলাকায় কিছুটা আতঙ্ক পরিলক্ষিত হচ্ছে। প্রচ- দাবদাহের কারণে এবারের ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে এমন ধারণা সৃষ্টি হয়েছে উপকূলে বসবাসকারী মানুষের মাঝে। আবহাওয়া অফিস জানায়, রবিবার বিকেল ৩টায় ঘূর্ণিঝড় আমফান চট্টগ্রাম থেকে ১৩২৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১২৬০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, মংলা থেকে ১২৫০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, পায়রা থেকে ১২৩০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। গভীর নিম্নচাপ থেকে সৃষ্ট আমফান এরই মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়ায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল আলম জানান, অবস্থান এখনও অনেক দূরে হওয়ায় এর গতিপথ নির্দিষ্ট করে বলা কঠিন। তবে এখনও পর্যন্ত যা বোঝা যাচ্ছে তাতে বাংলাদেশের দক্ষিণাঞ্চল আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি ক্রমেই শক্তিশালী হচ্ছে। উপকূলে আঘাত হানতে কয়েকদিন লাগতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া বিভাগ থেকে সতর্কতা জারির পর মাছ ধরার ট্রলার, নৌকা ও ছোট ছোট জলযানগুলো তীরে ভিড়তে শুরু করেছে। বিশেষ করে ৪ নম্বর সঙ্কেত ঘোষিত হওয়ায় রবিবার সকাল থেকেই এ তোড়জোড়। নৌকাগুলো সাগর থেকে কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাটে এসে ভিড়ছে। এরইমধ্যে সাগরের উত্তালতা বাড়ার আলামত দেখা যাচ্ছে। এদিকে, ভারতের আবহাওয়া দফতর বলছে, ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের বাগেরহাট, হাতিয়াসহ দক্ষিণাঞ্চলে। নিম্নচাপটি প্রথমে সৃষ্টি হয়েছিল আন্দামান এলাকায়। অতীত পরিসংখ্যান অনুযায়ী বছরের এ সময়ে সেখানে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোর বেশিরভাগই উড়িষ্যা অথবা পশ্চিমবঙ্গে আঘাত হেনেছে। তবে দীর্ঘপথ অতিক্রমকালে গতি পরিবর্তন ঘটিয়ে তা যে বাংলাদেশ উপকূলে আসবে না, তা নিশ্চিত করে বলা যায় না। দুর্যোগ মোকাবেলায় এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগগুলো।

কুয়াকাটার ৫০ হাজার মানুষ জলোচ্ছ্বাস শঙ্কায়:

ঘূর্ণিঝড় আমফান আতঙ্ক ক্রমশ বাড়ছে পায়রা বন্দরসহ কলাপাড়ার গোটা উপকূলীয় জনপদে। বিশেষ করে বেড়িবাঁধ ভাঙ্গা জনপদ লালুয়ার চারিপাড়াসহ ১১ গ্রামের কমপক্ষে আড়াই হাজার পরিবার জলোচ্ছ্বাস উৎকণ্ঠায় পড়েছেন। একই শঙ্কায় সাগরপারের কুয়াকাটা ঘিরে থাকা ৪৮ নম্বর বেড়িবাঁধের অভ্যন্তরের কুয়াকাটা পৌরসভা, লতাচাপলী ও ধুলাসার ইউনিয়নের ৫০ হাজার মানুষের। ওই বাঁধের সব স্লুইস পুনর্র্নিমাণের কাজ চলছে। বাঁধগুলো বিধ্বস্ত থাকায় অস্বাভাবিক জোয়ারে হানা দেয়ার শঙ্কা রয়েছে। চার নম্বর সতর্ক সঙ্কেত নিয়েও চলছে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। রবিবার সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা। গুমোট ভাব বিরাজ করছে। অসহনীয় ভ্যাপসা গরমে রোজাদার মানুষের ত্রাহি অবস্থা। আমফান মোকাবেলায় কলাপাড়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। কলাপাড়া উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর সহকারী পরিচালক আসাদুজ্জামান খান জানান, এখানকার ১৫৭টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার প্রস্তুতি নেয়া হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির ২৩৭০ স্বেচ্ছাসেবীকে ঘূর্ণিঝড় মোকাবেলার সামগ্রিক প্রস্তুতি নেয়ার জন্য বলা হয়েছে। প্রত্যেক ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সজাগ থাকার জন্য বলা হয়েছে।

সম্ভাব্য ঘূর্ণিঝড়ে ২৫ জেলার কৃষির জন্য ১১ নির্দেশনা:

আসন্ন ঘূর্ণিঝড় আমফানের সম্ভাব্য ঝুঁকিপূর্ণ আবহাওয়ার প্রেক্ষিতে বিশেষ কৃষি আবহাওয়া বিষয়ক পরামর্শ দেয়া হয়েছে। এ পরামর্শে উপকূল ও সংলগ্ন ২৫ জেলার জন্য ১১টি নির্দেশনা দেয়া হয়েছে। কৃূিষ সম্প্রসারণের কৃষি আবহাওয়া তথ্য প্রদ্ধতি উন্নতকরণ প্রকল্পের কৃষি আবহাওয়া পরামর্শে বলা হয়েছে, এই ১১টি নির্দেশনা বাগেরহাট, বান্দরবান, বরগুনা, বরিশাল, ভোলা, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্ল, ফেনী, গোপালগঞ্জ, যশোর, ঝালকাঠি, খাগড়াছড়ি, খুলনা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নড়াইল, নোয়াখালী, পটুয়াখালী, পিরোজপুর, রাঙ্গামাটি, সাতক্ষীরা ও শরীয়তপুর জেলার জন্য প্রযোজ্য। এই ২৪টি জেলায় ১৯ থেকে ২১ মে ঘূর্ণিঝড়ের কারণে ঝড়ো হাওয়া এবং হালকা থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দন্ডায়মান ফসলের ওপর ঝড়ো হাওয়া এবং ভারি বৃষ্টিপাত প্রভাব ফেলতে পারে। ঘূর্ণিঝড়ের ক্ষতির হাত থেকে রক্ষার জন্য নিম্নোক্ত জরুরী আবহাওয়াবিষয়ক পরামর্শ দেয়া হয়েছে। ১. বোরো ধান ৮০ ভাগ পরিপক্ব হয়ে গেলে দ্রুত সংগ্রহ করে ফেলা। ২. সংগ্রহ করা ফসল পরিবহন না করা গেলে গাদা করে পলিথিন শিট দিয়ে ঢেকে রাখুন যেন ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত না হয়। ৩. দ্রুত পরিপক্ব সবজি ও ফল সংগ্রহ করে ফেলুন। ৪. বালাইনাশক প্রয়োগ থেকে বিরত থাকা। ৫. পানির স্রোত থেকে রক্ষার জন্য বোরো ধানের জমির আইল উঁচু করে দিন। ৬. নিষ্কাশন নালা পরিষ্কার রাখুন যেন জমিতে পানি জমে না থাকতে পারে। ৭. খামারজাত সকল পণ্য নিরাপদ স্থানে রাখুন। ৮. আখের ঝাড় বেঁধে দিন। কলা এবং অন্যান্য উদ্যানতাত্ত্বিক ফসল এবং সবজির জন্য খুঁটির ব্যবস্থা করা। ৯. পুকুরের চারপাশে জাল দিয়ে ঘিরে দিন। ভারি বৃষ্টিপাতে পানিতে মাছ যেন ভেসে না যায়। ১০. গবাদিপশু ও হাঁস-মুরগি শুকনো ও নিরাপদ জায়গার রাখনু এবং ১১. মৎস্যজীবীদের সমুদ্র গমন থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে। জানা গেছে, ইতোমধ্যে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর দেশের সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সঙ্কেত দেখাতে বলেছে। এর অর্থ হলো সমুদ্রবন্দর ঘূর্ণিঝড় কবলিত। সেই সঙ্গে বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘণ্টায় ৫১ থেকে ৬১ কিলোমিটার। প্রয়োজন মতো কৃষি আবহাওয়ার তথ্য হালনাগাদ করা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।