রূপসা প্রতিনিধি।।
পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রন করার লক্ষ্যে রূপসা উপজেলা প্রশাসনের উদ্যোগে পূর্ব রূপসা বাজার ও বাগমারা বাজার মনিটরিংসহ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান ২৫ মার্চ দুপুরে এ অভিযান চালান। এসময় দুই ব্যবসায়ীকে এক হাজার পাঁচ’শ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ফুটপাত দখলকারী ক্ষুদ্র ব্যবসায়ীদের রাস্তা দখল করে ব্যবসা করা বন্ধ করার জন্য সতর্ক করেন।
উপজেলা প্রশাসনের সুত্র জানায়, পবিত্র মাহে রমজানে কোন ব্যবসায়ী যাতে পণ্যের অতিরিক্ত মূল্য না নিতে পারে সে লক্ষ্যে উপজেলার প্রতিটি বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদাল পরিচালিত হচ্ছে। সে আলোকে ২৫ মার্চ দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান পূর্ব বাসস্ট্যান্ড পুলিশের সহায়তায় পূর্ব রূপসা বাজার ও বাগমারা বাজার এলাকা মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে পূর্ব রূপসা বাজার এলাকায় হোটেল ব্যবসায়ি মোঃ আজগর আলীর ছেলে মোঃ আলী আহমেদকে এক হাজার টাকা এবং সরকার নির্ধারিত মূল্য না মেনে অধিক মূল্যে ব্রয়লার মুরগি বিক্রির অপরাধে বাগমার বাজারে মুরগি ব্যবসায়ি মোঃ মহব্বত আলীর ছেলে মোঃ মোজাহিদুল ইসলামকে পাঁচ’শ টাকা জরিমানা করা হয়। অভিযানে রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মোঃ কামাল হোসেন, টু-আইসি এএসআই মোঃ আব্দুল হালিম, উপজেলা স্যানেটারি ইনেসপেক্টর আনজুয়ারা খাতুনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অভিযানে নেতৃত্বদানকারী উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান বলেন, বাজার দর নিয়ন্ত্রনে বাজার মরিটরিংসহ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান রয়েছে। প্রতিটি দোকানে মূল্য তালিকা টানিয়ে দেয়ার জন্য আমরা ব্যবসায়ীদের সতর্ক করছি। সেই সাথে বাজারের রাস্তায় ভ্যান গাড়ীর জটলা ও বাজারের ফুটপাত দখল প্রতিরোধে পদক্ষেপ নিয়েছি। স্বাভাবিক কখায় কাজ না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেয়া হবে।











































