সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার শ্যামনগরে মৎস্য ঘের থেকে বিল্লাল হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার রমজাননগরের মো. মজিদ গাজীর ঘের থকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিল্লাল একই এলাকার সাত্তার গাজীর ছেলে। তিনি পেশায় মৎস্যজীবী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন বলেন, মজিদ গাজীর ঘেরে মরদেহটি ভাসমান অবস্থায় পাওয়া গেছে। ঘেরের কর্মচারীরা প্রথমে মরদেহটি দেখে সবাইকে জানালে পরিচয় নিশ্চিত হওয়া যায়। পরে শ্যামনগর থানা থেকে পুলিশ এসে মরদেহটি নিয়ে যায়।
শ্যামনগর থানার এসআই সেলিম হোসেন বলেন, মরদেহের মাথায় একটি গামছা পেঁচানো ছিল। ঘটনাস্থলের পাশ থেকে নিহতের পরনের কাপড়, জাল ও কিছু মাছ উদ্ধার করা হয়েছে।
শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।











































