যশোর অফিস।।
রমজান আসলেই বাজার অস্থির হয়ে যায়। অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার জন্য সিন্ডিকেট করে বাড়িয়ে দেয় প্রায় সব পণ্যের দাম। যেন সবাই ভোক্তাকে ঠকানোর প্রতিযোগিতায় নেমে পড়েন। এমন পরিস্থিতির মধ্যে রমজান উপলক্ষ্যে ব্যতিক্রমী বাজার চালু করেছে যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থা।
গত বছরের মতো এবারো রমজানে মাসজুড়ে লস করার প্রকল্প হাতে নিয়েছে তারা। ১ হাজার ২৮৭ টাকা বাজারমূল্যের পণ্য তারা বিক্রি করছে ৫৫০ টাকায়। ৫৩৭টি নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাঝে মাসজুড়ে এভাবেই লসে পণ্য বিক্রি করবে সংগঠনটি।
বৃহস্পতিবার দুপুরে যশোর শহরের খড়কিতে আইডিয়া সমাজকল্যাণ সংস্থার চত্বরে গিয়ে দেখা গেছে, রমজান মাসব্যাপী ব্যবসায় লস করার উদ্দেশ্য নিয়ে ৯টি পণ্যের বাজার বসিয়েছে তরুণ স্বেচ্ছাসেবীরা। বাজারদরে পণ্য ক্রয় করে অর্ধেক বা তারও কমমূল্যে ৫৩৭টি মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত পরিবারের কাছে বিক্রি করছে প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবীরা।
‘মানবকল্যাণে আমরা ঠকতে চাই’ কিংবা ‘ইহলৌকিক লস সমান পারলৌকিক লাভ’ এমন স্লোগানে বৃহস্পতিবার প্রথম দিনের বাজার বসে। এ বাজারে অর্ধেক দামে ৯টি পণ্য বিক্রি করছেন স্বেচ্ছাসেবীরা। একজন ক্রেতা পরিবারপ্রতি ৫৪ টাকা কেজি দরের চাল ২৫ টাকায় ৫ কেজি, ২৫ টাকা কেজি দরের আলু ১০ টাকা করে ২ কেজি ও বাকি ৭টি পণ্য ১ কেজি করে- ১৪০ টাকা দরের ডাল ৪০ টাকায়, ১২০ টাকা দরের চিনি ৪৫ টাকায়, ১৯০ টাকা লিটারের তেল ১২০ টাকায়, ৪৫ টাকা দরের পেঁয়াজ ২০ টাকায়, ৯৫ টাকা দরের ছোলা ৬০ টাকায়, ৬০ টাকা দরের চিড়া ২০ টাকায়, ৩২০ টাকা দরের খেজুর ১০০ টাকায় ক্রয় করছেন।
প্রতি পরিবার সপ্তাহে একবার করে রমজানে মোট চারবার এ বাজার করার সুযোগ পাবে।
বাজারদর পর্যালোচনা করে দেখা যায়, সমমানের এই ৯টি পণ্য একজনের ক্রয় করতে প্রয়োজন ১ হাজার ২৮৭ টাকা, যা তারা ৫৫০ টাকায় দিচ্ছে আইডিয়া লস প্রজেক্টের বাজারে।
বাজারে পণ্য কিনতে আসা খড়কি দক্ষিণপাড়ার হালিমা বেগম জানালেন- তিনি ফেরি করে জীবন চালান। রমজানে জিনিসপত্রের দাম নিয়ে চিন্তায় ছিলেন। এখানে এতো কম টাকায় এতো জিনিসপত্র পাওয়া যাচ্ছে; এতে শান্তিতে রোজা রাখতে পারবেন।
রিকশাচালক নজরুল ইসলাম জানালেন, রমজান মাসে এ যেন আল্লার রহমত! বাজারের অর্ধেক দামে চাল, ডাল, তেল কিনে নিয়ে যাচ্ছি। রোজার কষ্ট বেশ খানিকটা আছান হবে।
খড়কি হাজামপাড়া এলাকার বৃদ্ধা মঞ্জুরি বেগম, রেলগেট এলাকার ফাতেমা বেগমও ৯টি পণ্য ৫৫০ টাকা দিয়ে কিনে ভীষণ খুশি। তারা বললেন, যারা এই বাজার বসাইছে আল্লা তাগের ভালো করুক। আর রোজার মাসে যারা বেশি লোভ করে আল্লা তাগের হেদায়েত দিক। সারাদেশে এইরাম ছড়ায়ে গেলি আমাগের মতোন গরিব মানষির কষ্ট কোমবে।
আইডিয়া লস প্রজেক্টের সমন্বয়ক হারুন অর রশিদ জানান, আইডিয়ার স্বেচ্ছাসেবীরা মাসব্যাপী জরিপ করে মধ্যবিত্ত ৫৩৭টি পরিবারকে এই প্রজেক্টের আওতায় নিয়ে আসে এবং তাদের মধ্যে কার্ড বিলি করে। এখন তারা মাসব্যাপী এ বাজার করতে পারবে। সত্যিই এ অনুভূতি অভূতপূর্ব।
তিনি আরও জানান, লস প্রজেক্টে বাজার করতে আসা পরিবারগুলোকে ব্যতিক্রমী অভ্যর্থনাও জানানো হয়। প্রবেশপথেই স্বেচ্ছাসেবকরা গোলাপফুল দিয়ে স্বাগত জানিয়ে বসার ব্যবস্থা করেন। এরপর তাদের শরবত ও খেজুর পরিবেশন করা হয়। ধারাবাহিকভাবে বাজারের রশিদ কেটে টাকা নিয়ে পণ্য বুঝিয়ে দেওয়া হয়। এখানে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে যে, প্রত্যেক ক্রেতা যেন সম্মানের সঙ্গে তাদের পণ্য ক্রয় করতে পারেন।
যশোরের আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন বলেন, মধ্যবিত্ত দান চায় না, ত্রাণ চায় না, চায় পরিত্রাণ। আমাদের সাধ্যের মধ্যে আমরা সেই চেষ্টাই করছি। আমরা কিছু মানুষ যোগ হলেই সম্ভব বহু মানুষের পরিত্রাণের ব্যবস্থা। আমার শিক্ষার্থীদের শেখাতে চাচ্ছি সব লস আসলে লস নয়, মানব সেবায় লস বরং লাভের চেয়েও বেশিকিছু। গতবছর লস প্রজেক্ট এর মাধ্যমে সেই তৃপ্তির স্বাদ আমার শিক্ষার্থীরা পেয়েছে। এ বছর-ও তাই এই ক্ষুদ্র প্রচেষ্টা।
হামিদুল হক শাহীন বলেন, পৃথিবীর প্রায় সব মুসলিম দেশেই রমজান মাস আসলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমে। বাংলাদেশে বাড়ে। রমজানে সংযম ও আত্মশুদ্ধির সব শিক্ষাকে ভুলে গিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুতদারির মাধ্যমে সীমাহীন লাভের লোভই এর জন্য দায়ী। এ সংকটের নির্মম শিকার সমাজের মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তরা। নিম্নবিত্তের মানুষেরা সরকারি/বেসরকারি বিভিন্ন ‘ত্রাণ’ সুবিধার জন্যে মানুষের কাছে হাত পাততে পারলেও চক্ষু লজ্জার খাতিরে ‘মধ্যবিত্ত’ তাদের কান্না লুকিয়েই রাখে। ‘আইডিয়া লস প্রোজেক্ট’ পরোক্ষভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম সমাজের মধ্যবিত্ত শ্রেণির সহনশীলতার মধ্যে নিয়ে আসার একটি প্রকল্প।
তিনি আরও বলেন, এটি আমাদের অত্যন্ত ক্ষুদ্র একটি প্রচেষ্টা যেন সমাজের সকলের সামনে এই এলাকা মডেল হয়। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় যদি ৫৩৭ পরিবার স্বস্তি পায়, তাহলে আরও নানান এলাকায় সংঘবদ্ধভাবে এই চেষ্টা আরও মানুষকে মুক্তি দিতে পারবে। রমজানে বহু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে মধ্যবিত্তের যে দুশ্চিন্তার কারণ হয়, তার জবাব স্বরূপই তরুণ স্বেচ্ছাসেবীদের এ আয়োজন।











































