বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে জাল টাকা এবং জাল টাকা তৈরির সরঞ্জামসহ মো. মোশারফ মৃধা (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে শহরের বিলাশ হোটেলের চতুর্থ তলার সাত নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়।
আটক মো. মোশারফ মৃধা পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাতকাছিমা গ্রামের মৃত শাহেদ আলী মৃধার ছেলে।
আটককৃতের কাছ থেকে ১ হাজার টাকার ১৮টি জাল নোট, টাকা তৈরির ৪০ পিস সাদা কাগজ, দুই পিস কালো কাপড়, চারটি স্বচ্ছ কাচ ও তরল পদার্থ ভর্তি দুটি বোতল উদ্ধার করা হয়।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পরিদর্শক আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিলাশ হোটেল থেকে মো. মোশারফ মৃধাকে আটক করা হয়েছে। তিনি বিভিন্ন রাসায়নিক পদার্থ ও কাগজ দিয়ে টাকা বানিয়ে দেখাতেন এবং জাল টাকা মানুষের কাছে বিক্রি করতেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চক্রের সঙ্গে কেউ জড়িত আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকৃত রাসায়নিক পদার্থ পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে।











































