Home আঞ্চলিক নগরীতে বৃদ্ধা শহর বানু হত্যায় মামলা : গ্রেফতার নেই

নগরীতে বৃদ্ধা শহর বানু হত্যায় মামলা : গ্রেফতার নেই

25

স্টাফ রিপোর্টার

নগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ কয়লাঘাট পার্ক লেন এলাকায় জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ঘরে প্রবেশ করে তিসাধন, হত্যার উদ্দেশ্যে মারপিট ও ভয়-ভীতি প্রদান করার অপরাধ মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। আদালতের নির্দেশে বৃহস্পতিবার খুলনা থানায় হত্যা মামলাটি রেকর্ড করা হয়। তবে, কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, জমাজমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ৯মে বিকাল সাড়ে তিনটার দিকে বৃদ্ধা শহর বানুর (৬৮) বাড়িতে হামলা চালানো হয়। এসময়ে পুরুষরা কেউ বাড়িতে না থাকায় সন্ত্রাসীরা লাঠিসোটা, লোহার রড, দা ইত্যাদি অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে বৃদ্ধা শহর বানুর উপর হামলা চালায়। তাকে পিটিয়ে মারাত্মক জখম করা হয়। সন্ত্রাসীরা শহর বানুকে মারধরসহ টেনে হেঁচড়ে ঘর থেকে বের করার চেষ্টা করে। এ সময়ে সন্ত্রাসীরা তার চুল ধরে দেওয়ালের সাথে মাথায় আঘাত করে। এতে তার মাথার ভেতরে রক্তরণ শুরু হয়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত শহর বানুকে প্রথমে নার্গিস মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পরের দিন আহত শহরবানুর ছেলে মাহবুবুর রহমান টুটুল বাদী হয়ে খুলনা থানায় মামলা দায়ের করেন। মামলায় মো. মিজান, মো. মিঠু, আরিফুর রহমান মন্টি ও নাজিউর রহমান নয়নকে আসামি করা হয়।

এদিকে, গত ১১মে সকাল ১০টার দিকে আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহর বানুর মৃত্যু হয়। প্রাথমিক সুরতহাল রিপোর্টে বৃদ্ধার উপর নির্যাতনের আলামত পায় পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা থানার এস আই মল্লিক মনিরুজ্জামান ওই মামলায় পেনাল কোড ৩০২/৩৪ ধারা সংযোজনের জন্য ১২মে মহানগর হাকিম আদালতে আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে পরবর্তীতে সংযোজনের অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছেন।

এদিকে নিহতের পরিবার অভিযোগ করে বলেছেন, হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।

মামলার তদন্ত কর্মকর্তা মল্লিক মনিরুজ্জামান জানান, মামলার তদন্ত চলছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।