বিশেষ প্রতিনিধি।।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামে বদরুজ্জামান টিটন (৪২) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
আহত বদরুজ্জামান টিটন উপজেলার মনোহরপুর গ্রামের টিপু সুলতানের ছেলে ও শিমলা-রোকনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য। এছাড়াও তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকদিন আগে গ্রামের একটি পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা তৈরি হয়। সেই বিষয়টি মিমাংসা করার জন্য বৃহস্পতিবার বিকেলে ইউপি সদস্যসহ কয়েকজনকে থানায় যাওয়ার কথা ছিল। কয়েকটি ভ্যানে ইউপি সদস্য বদরুজ্জামান টিটনসহ মনোহরপুর গ্রাম থেকে থানায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে একই গ্রামের জাহাঙ্গীর ভ্যান থেকে সবাইকে নামিয়ে দিয়ে ইউপি সদস্য বদরুজ্জামান টিটনকে উদ্দেশ্যে করে গালিগালাজ করতে থাকে। ইউপি সদস্য এর প্রতিবাদ করলে জাহাঙ্গীরের কাছে থাকা দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপাতে থাকে। এসময় প্রাণ রক্ষার্থে ইউপি সদস্য দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সোহাগ নামে আরেকজন ছুরিকাঘাত করার চেষ্টা করে। এরপর স্থানীয়রা এগিয়ে এসে ইউপি সদস্যকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মনোহরপুর গ্রামের মো: আলম জানান, বিকেল সাড়ে ৪ টার দিকে তিনিও কালীগঞ্জ থানায় যাওয়ার উদ্দেশ্যে মনোহরপুর বাজারে আসেন। এরপর হঠাৎ জাহাঙ্গীর দা দিয়ে মেম্বরকে কুপাতে থাকে। এরপর তিনিও ভয়ে দৌড়ে পালিয়ে যান।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত ইউপি সদস্য বদরুজ্জামান টিটন জানান, গ্রামের একটি পারিবারিক ঝামেলা নিয়ে বৃহস্পতিবার বিকেলে থানায় যাওয়ার কথা ছিল। গ্রামের কয়েকজনকে তিনি ভ্যানে থানায় যাচ্ছিলেন। হঠাৎ জাহাঙ্গীর এসে তাকে গালিগালাজ ও এক পর্যায়ে দা দিয়ে কুপিয়ে জখম করে। এরপর সোহাগ এসেও তাকে ছুরিকাঘাত করে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শম্পা মোদক জানান, আহত বদরুজ্জামানের পা ও হাতে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা জানান, অভিযোগ পেলে অবশ্যই তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।











































