Home আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ের সনদ আনতে গিয়ে লাশ হলেন আফসানা

বিশ্ববিদ্যালয়ের সনদ আনতে গিয়ে লাশ হলেন আফসানা

9

খুলনাঞ্চল রিপোর্ট।।
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহতদের একজন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা মিমি (২৬)। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগ থেকে এমএস করেছেন। বিশ্ববিদ্যালয় থেকে এমএস সনদ আনতে যাওয়ার পথেই আফসানা নিহত হয়েছেন জানিয়ে দুর্ঘটনাস্থলে চিৎকার করে আর্তনাদ করছেন আফসানার মা কানিজ ফাতেমা। আশপাশের মানুষ জড়ো হয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু কোনোভাবেই তাকে শান্ত করা যাচ্ছে না। মায়ের সঙ্গে আহাজারি করে ‘আফসানা তুই ফিরে আয়, আমি কাকে নিয়ে থাকবো!’ বলতে বলতে মূর্ছা যাচ্ছেন আফসানার ছোট বোন রুকাইয়া ইসলাম রূপা। রবিবার সকালে মা কানিজ ফাতেমা ও ছোট বোন রুকাইয়া ইসলাম রূপা গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু কলেজের সামনে থেকে আফসানাকে ইমাদ পরিবহনের বাসে উঠিয়ে দেন। ওই বাসে ঢাকা পৌঁছে সেখান থেকে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল আফসানার। আফসানার বাবা আবু হেনা মোস্তফা কামাল সরকারি কর্মকর্তা ছিলেন। ১২ বছর আগে তিনি মারা যান। জানা গেছে, আফসানা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) শেষ করে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শেষ করেন। রবিবার সনদ তুলতে রওনা হন তিনি।