খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে আজ ১৯ মার্চ (রবিবার) মতবিনিময় করেছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বিকাল ৩টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পবিত্র রমজান মাসে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়। এর মধ্যে দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি। সভায় আগামী জুলাই মাস থেকে পিএইচডি ভর্তি কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভায় শিক্ষকদের গবেষণা প্রণোদনা, শিক্ষার্থীদের গবেষণা অনুদান, রিসার্চ ইনডোমেন্ট ফান্ড, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের নিরাপত্তা বৃদ্ধি, বাউন্ডারি ওয়াল নির্মাণ, ডি-নথি কার্যক্রমসহ একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপাচার্য বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতায় খুলনা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। এবছর একাডেমিক ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন স্কুল ও ডিসিপ্লিনের উদ্যোগে বেশ কয়েকটি আন্তর্জাতিক/জাতীয় সম্মেলন, সেমিনার ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। এটা অত্যন্ত আশাব্যঞ্জক। তিনি বলেন, ইন্ডাস্ট্রি-ইউনিভার্সিটি কোলাবরেশন বৃদ্ধিতে এ বছর স্বাক্ষরিত এমওইউয়ের সংখ্যা আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্ট স্কুল ও ডিসিপ্লিনের শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীরা যাতে র্যাগিংয়ের শিকার না হয়, এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি ডিসিপ্লিনগুলোকে আরও বেশি দায়িত্ব নিতে হবে। সকলকে সচেতন করতে হবে। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সভায় উপাচার্য আগামী ৩১ মার্চের মধ্যে গৃহীত অগ্রিমের সমন্বয় প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন। সভায় পদ্মাসেতু এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী রয়েছে বলে উল্লেখ করে উপাচার্য গভীর শোক প্রকাশ এবং নিহতদের আত্মার শান্তি কামনা করেন। একই সাথে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় ও শাখা প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা ও সূচনা বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
ডি-নথির বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের উদ্বোধন
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে খুবিকে পূর্ণাঙ্গভাবে
ডি-নথির আওতায় আনা হচ্ছে : উপাচার্য
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ডি-নথির বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের এক প্রশিক্ষণ আজ ১৯ মার্চ (রবিবার) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম ভবনের মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের ল্যাঙ্গুয়েজ ল্যাবে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতায় খুলনা বিশ্ববিদ্যালয় অনন্য স্থান অর্জন করে নিয়েছে। বিশ্ববিদ্যালয় ডিজিটালাইজেশনের পথে এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থী ভর্তি, ফিস জমা, রেজিস্ট্রেশন অনলাইনে করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়কে পেপারলেস করার উদ্দেশ্যে ই-ফাইলিং থেকে ই-নথি এবং সর্বশেষ ডি-নথি এসেছে। তিনি আরও বলেন, সকলের আন্তরিকতায় গত দুই বছর ধরে ফাইল চলাচলে গতি এসেছে। ৫ কর্মদিবসের মধ্যে ফাইলের কাজ সম্পন্ন করা হচ্ছে। ডি-নথি চালু হলে মাত্র ১ কর্মদিবসের মধ্যে ফাইলের কাজ সম্পন্ন করা সম্ভব হবে। এটি বাস্তবায়ন করতে কর্মকর্তা-কর্মচারীদের সহায়তা ও আন্তরিকতা এবং কর্মদক্ষতা প্রয়োজন। এলক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
উপাচার্য বলেন, ইউজিসির উদ্যোগে গত ২৬ ফেব্রুয়ারি প্রথম ধাপে খুলনা বিশ্ববিদ্যালয়সহ দেশের ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ডি-নথি কার্যক্রমের উদ্বোধন করা হয়। যার দু’দিনের মধ্যে ডি-নথির মাধ্যমে সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়। তিনি বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গভাবে ডি-নথির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ডি-নথির মাধ্যমে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যেও প্রবেশ করছি। এটি চালু হলে নথি কাটাকাটি করা যাবে না, একবার নথিতে ভুল হলে তা সমাধানের সুযোগ পাওয়া যাবে না। এজন্য সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করে নিজেদের কর্মদক্ষতার প্রমাণ রাখতে হবে। তিনি আরও বলেন, আমাদের প্রতিমুহূর্তে নতুন নতুন প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে হবে, না হলে আমরা ছিটকে পড়বো। এজন্য নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে। সব সময় শেখার মনোভাব থাকতে হবে।
উপাচার্য এমন একটি প্রশিক্ষণ আয়োজন করায় আইকিউএসির পরিচালকসহ অতিরিক্ত পরিচালকবৃন্দ এবং সার্বিক সহযোগিতার জন্য আইসিটি সেলের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. সোহেল মাহমুদ শের। সভাপতির বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। স্বাগত বক্তব্য রাখেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের কাউন্সিল শাখার সহকারী রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম ও আইসিটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার ইঞ্জি. রাহুল দেব মহালদার। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ২৫ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আগামী ২৮ ও ৩০ মার্চ ডি-নথির আরও দুটি ধাপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
খুবির বিজিই ডিসিপ্লিনে ২২ ব্যাচের
শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের ২২ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ ১৯ মার্চ (রবিবার) সকাল ১০.৩০ মিনিটে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ। বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. রায়হান আলী, প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. মুরসালিন বিল্লাহ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ১ম বর্ষের শিক্ষার্থী আমাতুল কাদির তাহমিদা ও ২য় বর্ষের সুরাইয়া আক্তার। সঞ্চালনা করেন ২য় বর্ষের শিক্ষার্থী মো: হুমায়ুন কবির ও রাফিয়া রাইদাহ। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া নবীন শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের জন্য ১৮ ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া রহমান সিনথিয়াকে বেস্ট আন্ডারগ্রাজুয়েট থিসিসে হিরালাল বিশ্বাস স্মৃতি পদক প্রদান করা হয়।
এর আগে সকালে নবীনবরণ উপলক্ষ্যে ক্যাম্পাসে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে শুরু করে হাদী চত্ত্বর ঘুরে অদম্য বাংলার সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় জীববিজ্ঞান স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানসহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষ্যে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।











































