Home আঞ্চলিক স্ত্রীর লাশ সেচ পাইপে রেখে গহনা বিক্রি করতে গেলেন স্বামী

স্ত্রীর লাশ সেচ পাইপে রেখে গহনা বিক্রি করতে গেলেন স্বামী

26

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

বুধবার তখন সন্ধ্যা। ওই সময় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করেন ফন্টু মিয়া। এরপর মরদেহ গুম করতে ফেলে দেন সোলার সেচ পাম্পের পাইপের ভেতরে। পরদিন বৃহস্পতিবার মৃত স্ত্রীর স্বর্ণের গহনা বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন স্বামী ফন্টু মিয়া।
ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়লক্ষীপুর গ্রামের গাবতলা মাঠের সৌরবিদ্যুৎতের নলকূপের ভেতর মরদেহ দেখতে পান প্রতিবেশীরা।

আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম জানান, সম্প্রতি এনজিও থেকে টাকা উত্তোলন করেন ডালিয়া খাতুন। সেই টাকা নিয়ে স্বামী ফন্টু মিয়া ঢাকায় চলে যান। কিছুদিন আগে ঢাকা থেকে ফন্টু মিয়া গ্রামের বাড়ি এলে স্ত্রী টাকার হিসাব চাইলে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে বুধবার দুপুর থেকে তাদের মধ্য কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যার দিকে স্ত্রীকে হত্যার পর মরদেহ গুম করতে রায়লক্ষীপুর গ্রামের গাবতলা মাঠের সৌরবিদ্যুৎতের নলকূপের ভেতরে ফেলে দেন স্বামী। এরপর স্ত্রীর স্বর্ণের গহনা বিক্রির সময় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও পায়নি। বৃহস্পতিবার বিকেলে গ্রামের কৃষকরা মাঠে গিয়ে নলকূপের পাইপের পাশে চুল ও রক্ত দেখতে পান। পরে ভেতরে নিখোঁজ নারীর মরদেহ দেখতে পান। রাত হওয়ায় পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি দল মরদেহ উদ্ধার করতে পারেনি। শুক্রবার সকালে উদ্ধার করা হয়েছে।