নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট।।
বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট ( রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র) এর চোরাই তামার তার সহ দুই জন কে আটক করেছে রপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে খুলনা জেলার বটিয়াঘাটা কাতিয়ানাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে এই চোরদের আটক করে র্যাব-৬ এর সদস্যরা। এসময় আটককৃতদের কাছ থেকে ৩৭২ কেজি বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, খুলনা জেলার বটিয়াঘাটা এলাকার মোঃ নাছির(৫০) এবং সোনাডাঙ্গার আয়নাল(৬২)। উদ্ধার তার ও আটককৃত চোরদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক রামপাল থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন র্যাব-৬ খুলনার সহকারী পরিচালক মিডিয়া তারেক আনাম বান্না।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৭২ কেজি তামার তারসহ দুই চোরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।











































