Home জাতীয় পঞ্চগড়ের হামলায় বিএনপি জড়িত: ওবায়দুল কাদের

পঞ্চগড়ের হামলায় বিএনপি জড়িত: ওবায়দুল কাদের

9

খুলনাঞ্চল রিপোর্ট।।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের বক্তৃতা-বিবৃতিতে প্রমাণ হয়, সাম্প্রতিক সময়ে পঞ্চগড়ে সংঘটিত কাদিয়ানি সম্প্রদায়ের ওপর হামলায় তারা জড়িত। কেননা, এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির দায়িত্বশীল নেতারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। বিশেষত তাদের বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে গুজব ছড়িয়ে ঘটনাকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হয়েছে।

সোমবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যকে চিরাচরিত মিথ্যাচার ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে এর নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশে সাম্প্রদায়িক অপশক্তি ও জঙ্গিবাদের প্রতিভূ হচ্ছে বিএনপি। বিএনপি-জামায়াত অশুভ জোট আমলে তারা দেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত করেছিল। আজ রাষ্ট্রক্ষমতা খলে উন্মত্ত বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হয়ে সন্ত্রাসী পন্থায় সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে।

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোতে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই সংবিধানের বিধান অনুযায়ী ও নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে সম্পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান। পৃথিবীর কোনো সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে তত্ত্বাবধায়ক বা অনির্বাচিত ব্যক্তি ও গোষ্ঠীর সরকারব্যবস্থা নেই।

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংবিধানকে নির্বাসনে দিয়ে যারা নির্বাচনকে প্রতিহত করার পাঁয়তারায় লিপ্ত, তারা মূলত জনগণকে আড়ালে রেখে চিহ্নিত গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণে ব্যস্ত। দেশের গণতান্ত্রিক চেতনার কোনো মানুষ তাদের এই অপরাজনীতির বাস্তবায়ন হতে দেবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়ন ও গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর। আওয়ামী লীগের নেতৃত্বেই দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই ভোটাধিকারের সুরক্ষা দিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগই সর্বোচ্চ ভূমিকা পালন করেছে।

সেতুমন্ত্রী বলেন, আমরা প্রত্যাশা করি, সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু, শান্তিপূর্ণ, স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং জনগণের মতামতের ভিত্তিতেই রাষ্ট্রক্ষমতা পরিবর্তন হবে। সেজন্য সকল রাজনৈতিক দলেরই দায়িত্বশীল ও সহযোগিতাপূর্ণ আচরণ নিশ্চিত করা আবশ্যক।

তিনি বলেন, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অতীতে নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে বিএনপি অগ্নিসন্ত্রাসের মতো গণহত্যার পথ বেছে নিয়েছিল। এখনও আন্দোলনে ব্যর্থ হয়ে সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পথ বেছে নিয়েছে তারা। যা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের প্রধান প্রতিবন্ধক।