Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

91
কটকা ট্রাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ

কটকা ট্রাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ
খবর বিজ্ঞপ্তি
আজ ১৩ মার্চ (সোমবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস। ২০০৪ সালের এ দিনে সুন্দরবনের কটকা নামক স্থানে সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বুয়েটের ২ জনসহ মোট ১১ জন ছাত্র-ছাত্রী সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে শাহাদতবরণ করেন।
বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন শিক্ষার্থী যারা এ দুর্ঘটনায় শাহাদতবরণ করেন তারা হলেন, আরনাজ রিফাত রূপা, মোঃ মাহমুদুর রহমান, মাকসুমুল আজিজ মোস্তাজী, আব্দুল্লাহ হেল বাকী, কাজী মুয়ীদ বিন ওয়ালী, মোঃ কাওসার আহমেদ খান, মুনাদিল রায়হান বিন মাহবুব, মোঃ আশরাফুজ্জামান, মোঃ তৌহিদুল এনাম। এছাড়া বুয়েটের দু’জন ছাত্রের নাম সামিউল ও শাকিল।
সেখান থেকে প্রতিবছর এ দিনটি খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ বছর দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় কালোব্যাজ ধারণ, সকাল ৯.১৫ মিনিটে শোকর্যালি ও পুষ্পস্তবক অর্পণ, বেলা ৯.৪৫ মিনিটে আলোচনা ও দোয়া অনুষ্ঠান। এছাড়াও বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল, এতিমদের সাথে মধ্যাহ্নভোজ, সন্ধ্যা ৬.৪৫ মিনিটে শোকসভা ও স্মৃতিচারণ এবং সন্ধ্যা ৭.১৫ মিনিটে কটকা স্মৃতিস্তম্ভে আলোকসজ্জা।

বৃহত্তর আমরা খুলনাবাসীর স্বরন সভায় বক্তরা
বীর মুক্তিযোদ্ধা এড. ফিরোজ আহমেদ ছিলেন গণ মানুষের নেতা
খবর বিজ্ঞপ্তি
এডভোকেট ফিরোজ আহমেদ ছিলেন অসাম্প্রদায়িক মানুষ, যিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন খাটি বাঙ্গালি। তিনি খুলনা কে মনে প্রানে ধারন করে ছিলেন। খুলনার উন্নয়ন কিভাবে হবে সেটাই ছিল সব সময় তার চিন্তা চেতনা। শুধু তাই নয় মানুষের বিপদ কালিন সময় পাশ্বে দাড়াবার চেষ্টা করেছেন। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, খুলনা জেলা আইনজীবী সমিতির বার বার নির্বাচিত সাধারন সম্পাদক, খুলনা বিশ্ববিদ্যালয়ের খন্ডকালিন শিক্ষক এবং পর্যায় ক্রমে হয়ে উঠে ছিলেন খুলনার গণ মানুষের নেতা।
রবিবার (১২ মার্চ) বিকাল ৫টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর কার্যালয়ে এড. ফিরোজ আহমেদ এর ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরন সভায় বক্তরা উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠণের সভাপতি ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভায় বক্তারা তার জীব্বদশায় নানা দিক তুলে ধরে আলোচনায় আরও বলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার আন্দোলন, খুলনায় আধুনিক রেল স্টেশন দাবির আন্দোলন, রূপসা ব্রীজ প্রতিষ্ঠার আন্দোলন, মংলা বন্দর উন্নয়নের দাবির আন্দোলনসহ খুলনার পাটকল রক্ষার জন্য ও শ্রমিকদের বকেয়া মুজুরির দাবিতে তিনি ছিলেন সোচ্ছার। গুনি এই মানুষটি ছিলেন নির অহংকার, জিব্বদশায় তিনি খুলনার মানুষের জন্য কল্যানে কাজ করে গেছেন। তাই এই বীর মুক্তিযোদ্ধা এড. ফিরোজ আহমেদের নামে নগরীর একটি সড়কের নাম করন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহব্বান জানান বক্তরা।
সভায় উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন শেখ হেমায়েতুল ইসলাম, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম. শেখ হেদায়েত হোসেন হেদু, জি এম মহিউদ্দিন, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আ. রাজ্জাক, কারি শরিফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, মো. শফিকুল ইসলাম অভি, রেজাউল ইসলাম রাজা, মো. আশরাফুল ইসলাম, ইকবাল হোসেন তোকা, জাকির হোসেন চঞ্চল, রফিকুল ইসলাম রফিক, রুহুল কুদ্দুস, আঃ মান্নান, সাজ্জাদ চঞ্চল, আ. মান্নান মুন্নাফ, মো. আলাউদ্দিন, মো. জাভেদ আলম, মো. মিকাইল, শেখ তৈয়বুর রহমান তপু, আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।

নগরীতে ডিবির অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
নগরীর হরিণটানা থানাধীন গল্লামারী ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন খাগড়াছড়ি জেলার রামগড় থানার জালিয়াপাড়া গ্রামের মৃত. মুজাহার আলীর ছেলে মো. ইব্রাহীম (৩৩)।
কেএমপির সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আশরাফ হোসেন জানান, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে গল্লামারী ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম। এসময় খুলনা সিটি কর্পোরেশন টোল ঘরের সামনে পাঁকা রাস্তার উপর হতে ১২০০ পিস ইয়াবাসহ ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ইতোপূর্বে একটি মাদকের মামলা রয়েছে।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ৪নং ফুডঘাট এলাকার মৃত. জিন্নাত ফকিরের ছেলে
মো. রিপন ফকির (৪৮), খালিশপুর নয়াবাটির মো. শরিফুল ইসলামের ছেলে মো. সাব্বির আহাম্মেদ (২২), তৈয়বা কলোনীর মাহবুব আকন এর ছেলে মো. আলামীন আকন (২০) ও দৌলতপুর দেয়ানা শেখপাড়ার ইসমাইল শেখ এর ছেলে ছাব্বির শেখ (২৩)।
কেএমপির সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আশরাফ হোসেন জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।

সাতক্ষীরায় র্যা বের অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন ঘোলা এলাকায় অভিযান চালিয়ে টাকা দ্বিগুণ করে দেয়ার নামে প্রতারণা করে প্রায় ২০ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগে চক্রের মূলহোতা মো. এবাদুল সরদার (৩৬) কে গ্রেপ্তার করেছে র্যা ব-৬। ১২ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যা ব-৬ জানায়, যশোর জেলার ঝিকরগাছা থানা এলাকার ভুক্তভোগী আলী হোসেন সেন্টু ও আবুল কাসেমদ্বয়ের সাথে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকায় প্রতারক চক্রের মূল হোতা এবাদুল সরদারের পূর্ব থেকে পরিচয় ছিল। ভুক্তভোগীদের প্রতারক এবাদুল জানায় তার নিকট টাকা দিলে সে দ্বিগুণ করে ফেরত দিতে পারে। প্রতারক এবাদুল তার সহযোগীদের নিয়ে প্রতারণামূলক ভাবে সুকৌশলে বিভিন্ন কেমিক্যাল দিয়ে টাকা বানিয়ে দ্বিগুণ করে দেখিয়ে বিশ্বাস অর্জন করে। প্রতারকচক্র ভুক্তভোগীদের অধিক লাভের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তাদের নিকট থেকে প্রায় ২০ লক্ষাদিক টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে ভুক্তভোগীরা তাদের টাকা ফেরত চাইলে প্রতারকচক্র আজকাল বলে সময়ক্ষেপন করে, টাকা দিবেনা বলে জানায় এবং প্রাণনাশের হুমকি দেয়। ভুক্তভোগী আলী হোসেন সেন্টু র্যা ব-৬ বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। এরই ধারাবাহকিতায় এবাদুল সরদারকে গ্রেপ্তার করা হয়। এসময় আসামীর হেফাজত হতে নগদ ১৪ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে শ্যামনগর থানায় প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধে বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধা
খবর বিজ্ঞপ্তি
১১ই মার্চ সকাল ১১.৩০ মিনিট-এ বঙ্গবন্ধু পরিষদ খুলনা জেলা শাখার নব গঠিত কমিটি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তাঁর মহান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। অতঃপর বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এসময়ে দেশ ও জাতির শান্তি ও স্থিতিশীলতা কামনা করা হয়। জাতির পিতার সুযোগ্য কন্যা বাঙালি জাতির আস্থার ঠিকানা আধুনিক বাংলাদেশের নির্মাতা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং আগামী দিনে আবার তিনি দেশ পরিচালনার সুযোগ পেয়ে যাতে জাতিকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ তথা আধুনিক স্মার্ট বাংলাদেশ উপহার দিতে পারেন সে মর্মে প্রার্থনা করা হয় এবং এই কাজে বঙ্গবন্ধু পরিষদ, খুলনা জেলা শাখা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. মাহবুব উল ইসলাম ও সাধারণ সম্পাদক গাজী লিয়াকত হোসেন এর নেতৃত্বে সার্বিক সহযোগিতা করেন কার্যকরী সভাপতি এস এম নুরুল হক নুরু, সহ-সভাপতি মোঃ মিজানুল ইসলাম, অধ্যক্ষ সরদার ফেদাউস আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি শেখ জামাল উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মুন্সী হেকমত আলী, অধ্যাপক আবুল বরকত মুকুল, মোঃ আরিফ নেওয়া, মোঃ হাফিজুর রহমান চৌধুরী, কাজী আব্দুল ওহাব, এম আলমগীর হোসেন, এ্যাড. ফাল্গুনী ইয়াসমিন, এ্যাড. এম আলমগীর মোড়ল, মোঃ জাকির হোসেন, শরীফ শামীম হোসেন, আক্তার জাহান, শিরিনা পারভীন, মোঃ পারভেজ আহমেদ, শেখ রেজাউল ইসলাম, শামসুদ্দোহা বাঙালী, প্রফেসর শুকুর আলী, হুমায়ুন কবীর, মোঃ জাহাঙ্গীর শিকদার, শামসুন্নাহার দীপ্তি, ধ্রুব দাস ছাড়াও কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওঃ মোঃ মোক্তার উদ্দীন।

 সাংবাদিক পপলু জাতিসংঘ পানি সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন
স্টাফ রিপোর্টার।।
মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি, খুলনা রিপোর্টারস ইউনিটির সদস্য সচিব আবু হেনা মোস্তফা জামাল পপলু জাতিসংঘ পানি সম্মেলন ২০২৩ এ অংশ গ্রহন করতে রবিবার ঢাকা ছেড়েছেন।
আগামী ২২-২৪ মার্চ জাতিসংঘ সদর দপ্তর নিউেইয়ার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে দেশের জলবায়ু পরিবর্তন ও পানির ন্যায্যতা বিষয়ক তিনটি সভায় তিনি অংশগ্রহন করবেন ও নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে তথ্য উপাত্ত উপস্থাপন করবেন।
উল্লেখ্য, সাংবাদিক পপলু ২০২২ সালের জুন মাসে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত জিপিডিআরআর ( গ্লোবাল প্লাটফর্ম অব ডিজেস্টার রিস্ক রিডাকশন) সম্মেলনে অংশগ্রহন করে বাংলাদেশের চিত্র তুলে ধরেন। ২০১২ সালে তিনি সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য আমেরিকান (ইউএসএ) সরকারের স্টেট ডিপার্টমেন্ট এর আমন্ত্রনে ইন্টারন্যাশনাল ভিজিটর্স লিডারশীপ প্রোগ্রামে অংশগ্রহন করেন।
সাংবাদিক আবু হেনা মোস্তফা জামাল পপলু উপকূলীয় সাংবাদিকদের ফোরাম কোস্টাল ভয়েজ অব বাংলাদেশের সভাপতির দায়িত্ব পালন করছেন।

গিলাতলায় মেগা ফার্নিচারের সিজনিং থেকে ভয়াভহ অগ্নিকাণ্ড
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানার মাত্তমডাঙ্গা পুর্বপাড়ায় মেগা ফার্নিচারের সিজনিং চেম্বারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মেগা ফার্নিচারের স্বত্তাধীকারি মোঃ মনিরুজ্জামান জানান, দুপুর সোয়া ১ টার দিকে কারখানার সিজনিং চেম্বার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে। খানজাহান আলী ফায়ার সার্ভিস এর দমকল বাহিনী ২ টি ইউনিট আসলেও ১ টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রে আনে আসে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কারখার ভেতরে বিভিন্ন স্থানে আগুনের ধোয়া বের হতে দেখা যায় । মনিরুজ্জামান আরো জানান মেহগনী কাঠ দিয়ে উন্নতমানের দরজার চৌকাঠ সহ বিভিন্ন সামগ্রী তৈরী করা হতো। অগ্নিকাণ্ডের ফলে প্রস্তুতকৃত মালামাল ও প্রস্তুতের জন্য রাখা প্রায় সব কাঠ পুড়ে গেছে। একই সাথে আগুনে প্লান্টের ওয়ারিং সহ বিভিন্ন রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে অগ্নিকাণ্ডে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। খানজাহান আলী ফায়ার সার্ভিসের সাব অফিসার মোঃ আরশাদ বলেন প্রাথমিক ধারনায় সিজিনিং থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খানজাহান আলী ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর ১ টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টার পর আগুনের ভয়াবহতা নিয়ন্ত্রনে আসে। প্রাথমিক ধারনায় ক্ষতির পরিমান প্রায় দেড় লক্ষ টাকার কাছাকাছি হবে বলে মোঃ আরশাদ জানান।

৯৭-৯৯ ক্রিকেট টুর্নামেন্টে আবারও খুলনা টাইগার্স এর শিরোপা জয়
খবর বিজ্ঞপ্তি
এসএসসি-৯৭ ও এইচএসসি-৯৯ নামক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক গ্রুপের ৩য় ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে খুলনা টাইগার্স দল। পর পর দুই আসরেই খুলনা টাইগার্স তাদের শিরোপা ধরে রাখলো। গত শনিবার রাজধানীর সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে খুলনা টাইগার্স দল আসরের রানার্স-আপ ঢাকা ড্যাজলারস দলকে ৪ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট সেরা হয়। বিজয়ী দলের ফয়সাল চমৎকার ক্রিড়া নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন। “৩য় ৯৭-৯৯ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩” নামক টুর্নামেন্টের এবারের আসরে ঢাকা, খুলনা, নোয়াখালি,দিনাজপুর, নারায়নগঞ্জ, বরিশাল, পাবনা, ব্রাক্ষ্মণবাড়িয়া, জেলা থেকে সর্বমোট ১৫ টি দল অংশ নিয়েছিল। গত ৮ই মার্চ গত আসরের চ্যাম্পিয়ন খুলনা টাইগার্স এবং ঢাকা ড্যাজলারস মধ্যেকার ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেল এবং আয়োজক কমিটির সাথে উপস্থিত ছিলেন। ৪ দিনব্যাপি এই আসরে ৬ টি ভিন্ন ভেন্যুতে মোট ২৭ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট এর পৃষ্ঠপোষক মাভিন অটোস, সাফারি স্পোর্টস, ওয়েল ফুড,এসিআই লিমিটেড, হিপ্স ওয়ার, নুরা আলম ট্রেডিং, মাসুম এন্টারপ্রাইজ এর প্রতিনিধিরা। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলের হাতে শিরোপা তুলে দেন অতিথিরা। প্রায় হাজার খানের দর্শক ও গ্রুপের সদস্যদের এর উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএসসি-৯৭। এইচএসসি-৯৯ গ্রুপের সাধারণ সম্পাদক মুন্তাসির সানিয়াত, আয়োজক কমিটির সদস্য রাসেল হাসান, ডাঃ রেজোয়ানুল হক এলিন, ডাঃ আশরাফুল আলম, শহিদুল ইসলাম, নুরুল হায়াত টুটুল, জাবের সিরাজী সহ গ্রুপের প্যানেল ও নির্বাহী কমিটির সদস্যরা।#

বাগেরহাটে ব্যবসায়ীর উপর হামলা ও মিথ্যা মামলা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে পূর্ব শত্রুতার জেরে মোঃ আনোয়ার হোসেন (৫০) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে একের পর এক হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এমনকি ওই ব্যবসায়ীকে বাড়ি ছাড়া করতে মেরে ফেলারও হুমকী দিয়েছেন প্রতিপক্ষরা। রবিবার (১২ মার্চ) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর গ্রামের ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন।
তিনি বলেন, ২০১২ সালে রনবিজয়পুর এলাকার আবু তৈয়ব আজিজুর রহমানের কাছ থেকে ১৩৭ নং রনবিজয় মৌজায় ১৩ শতক, ও তার দুই বোন মেহেরুননেছা বেগম ও নিলুফার রহমানের কাছ থেকে ২৬ শতক এবং ভাই শাহাদাতুর রহমানের কাছ থেকে আরও ২৬ শতক জমি ক্রয় করে ভোগ দখল করে আসছি। কিন্তু জমি দাতা আবু তৈয়ব আজিজুর রহমান মারা যাওয়ার পরে তার দুই মেয়ে সাদিয়া আফরিন উর্মি ও নাদিরা শারমিন আমার ক্রয়কৃত জমি দাবি করেন এবং তাদের বাবার দেওয়া দলিল অস্বীকার করেন। জমি থেকে উচ্ছেদ করতে নানাভাবে হয়রানি শুরু করেন। এর অংশহিসেবে চিহ্নিত সন্ত্রাসী শেখ মোহাম্মাদ আলী, ইউনুস মোল্লা ও শাহাদাত মীরকে দিয়ে বিভিন্ন সময় আমার ও আমার পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা দিয়েছেন। আমাদের উপর কয়েকবার হামলাও করেছে তারা। আমার ক্রয়কৃত জমিতে থাকা একটি কাঠের ঘর তালাবদ্ধ করে তাদের দাবি করে আসছে।
সর্বশেষ শনিবার সকালে মোংলার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা শেখ মোহাম্মাদ আলী, ইউনুস মোল্লা ও ইউনুস মোল্লার ছেলে তানভীর আহমেদ আমার উপর অতর্কিত হামলা করেন। ইউনুস মোল্লা আমার হাত কামড়ে ধরে গুরুত্বর আহত করেন। পরে বাগেরহাট জেলা হাসপাতালে আমি চিকিৎসা গ্রহন করি এবং থানায় অভিযোগ দায়ের করি। পরে রবিবার সকালে আমার মালিকানাধীন জমির মধ্যে থাকা তাদের দাবিকৃত তালাবদ্ধ একটি পরিত্যক্ত কাঠের কক্ষের মধ্যে খাটের উপর আগুন ধরিয়ে দেয়। পরে ওই ঘরে আমি অগ্নিসংযোগ করেছি বলে অভিযোগ করে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। আমাকে হয়রানি করার জন্য এই অভিযোগ তুলেছে।
তিনি আরও বলেন, লোকমুখে শুনেছি ইউনুস মোল্লাকে নিজেরা হত্যা করে আমার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করারও পরিকল্পনা করছেন তারা। অন্যদিকে দরিতালুক এলাকার চিহ্নিত সন্ত্রাসী শেখ মোহাম্মাদ আলীকে দিয়ে আদালতে আমার বিরুদ্ধে পৃথক দুটি মিথ্যা মামলা দায়ের করিয়েছেন। শুধু মামলা দিয়েই খ্যান্ত হননি তারা, সাদিয়া আফরিন ও নাদিরা সুলতানা ভাড়াটিয়ে লোকদিয়ে কয়েকবার আমার বাড়িতে হামলা করিয়েছে। বাগেরহাট মডেল থানা পুলিশ বিষয়টি অবহিত রয়েছে। শেখ মোহাম্মাদ আলী, ইউনুস মোল্লা, শাহাদাত মীর আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। এমনকি পথে ঘাটে মেরে ফেলার হুমকীও দিয়েছে। এ অবস্থায় আমি পরিবারের সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ক্রয়কৃত জমি শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

বাগেরহাটে স্কুলশিক্ষিকার বসতঘরে আগুন দিলো দুর্বৃত্তরা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শত্রুতার কারণে এক স্কুলশিক্ষিকার বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে বসতঘর ও মালামাল পুড়ে ওই শিক্ষিকার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার ডুমুরিয়া গ্রামে।
খবর পেয়ে ওই রাতেই ফায়ার সার্ভিস ও ফাঁড়ি পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বি সোমাদ্দারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা স্থানীয় মিজানুর রহমানের স্ত্রী রশিয়া আক্তারের বসতবাড়িতে শত্তুতাবসত অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ওই বাড়িতে তারা কেউ ছিলেন না। পাশেই শ্বশুরবাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। প্রতিবেশী চাচাতো ভাইয়ের স্ত্রী রুবি বেগম ঘর থেকে বের হয়ে আগুন জ্বলতে দেখে সংবাদ দেয় স্কুল শিক্ষিকার স্বামী মিজানুর রহমানকে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও দীর্ঘ ১ ঘণ্টার আগুনে বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা নগদ টাকা, ফ্রিজ, টিভি, ৪টি খাট, চাল-ডাল, গ্যাস সিলিন্ডার, সৌর প্লেট, আসবাসপত্রসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত গৃহ মালিক মিজানুর রহমান শেখ বলেন, তাদের জমিজমা নিয়ে পার্শ্ববতী ভাইজোড়া গ্রামের মোতালেব শেখের সাথে বিরোধ থাকার জেরে শত্রুতাবশত এ অগ্নিসংযোগ ঘটানো হয়েছে।

স্কুলশিক্ষিকা রশিয়া আক্তার বলেন, পরিহিত শুধু কাপড় চোপড় রয়েছে। কিছুই নেই যা পরে স্কুলে যাবো। খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে রাত থেকে অবস্থান করছি। এভাবে কি শত্রুতা মিটাবে। কার কাছে বিচার দিবো।

মোড়েলগঞ্জ উপজেলা ফাঁয়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা প্রবীর কুমার দেবনাথ বলেন, স্কুলশিক্ষিকার বাড়িতে আগুনের বিষয়ে ফায়ার সার্ভিসের ৭ সদস্যর একটি টিম রাতেই ঘটনাস্থলে গিয়েছেন। আগুনের সূত্র পাতের বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

মোরেলগঞ্জ থানার ওসি সাইদুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই নিকটস্থ ফাঁড়ি পুলিশ ও থানা থেকে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। রবিবার বিকেল পর্যন্ত এ ঘটনায় থানা কোন অভিযোগ হয় নি। যদি শত্রুতাবশত এ ঘটনা হয় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খুলনার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী মাসুদ মাহমুদকে পদক প্রদান
খবর বিজ্ঞপ্তি
খুলনা নজরুল একাডেমির সাধারণ সম্পাদক, খুলনা বিভাগীয় জাতীয় কবি নজরুল চর্চা কেন্দ্র, টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি, মহানগর প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য, উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির যুগ্ম সাধারণ সম্পাদক, খুলনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, আঞ্চলিক পরিবহন কমিটি ও বিশিষ্ট সংগঠক মাসুদ মাহমুদ প্রাথমিক শিক্ষা পদক-২০২২ সালের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী-সমাজকর্মী নির্বাচিত হয়েছেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন রবিবার সকালে ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে মাসুদ মাহমুদকে পদক ও সনদপত্র প্রদান করেন।

উল্লেখ্য, ইতোপূর্বে শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মাসুদ মাহমুদ ২০০৬ সালে খুলনা জেলা ও বিভাগের শ্রেষ্ঠ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, কাশিয়ানি উপজেলা, গোপালগঞ্জ জেলা ও ঢাকা বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী-সমাজকর্মী, ২০০৯ সালে কালিয়া উপজেলা, নড়াইল জেলা ও খুলনা বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী-সমাজসেবী এবং ২০১২, ২০১৬ ও ২০২২ সালে খুলনা মহানগর, জেলা ও খুলনা বিভাগের বিদ্যোৎসাহী-সমাজসেবী নির্বাচিত হন। এছাড়া তিনি ২০১১ সালে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য খুলনা বিভাগের শ্রেষ্ঠ পরিবেশ পদক লাভ করেন।

“পূনাঙ্গ কমিটি ঘোষনার পর”
ফকিরহাট উপজেলা আ’লীগের প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের নবগঠিত পূনাঙ্গ কমিটি অনুম্ােদনের পর এই সর্বপ্রথম বর্ধিত সভা ও পরিচিতি সভা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শনিবার (১১ই মার্চ) বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। সভায় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি দুলাল চন্দ্র দাশ, শেখ মুস্তাহিদ সুজা, মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, সমারেশ রায় চৌধুরী, এস এম আবুল হোসেন, আলহাজ্ব সিদ্দিক আলী শেখ, আবু হুরায়রা বিশ্বাস, সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব মল্লিক), যুগ্ম সাধারণ সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, মো. কওসার আলী ফকির, এ্যাড. হীটলার গোলদার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ মো. কামরুল হাসান, কৃষি ও সমবায়ে মো. লিয়াকত হোসেন, তথ্য ও গবেষণায় জীবন কৃষ্ণ ঘোষ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক যোগেষ তরফদার, দপ্তর সম্পাদক নির্মল কুমার দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম জুলফিকার জুয়েল, বন ও পরিবেশে শেখ আলী আহম্মদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে প্রজিত কুমার মজুমদার, মহিলা বিষয়ক মোসা. রাফেজা বেগম, মুক্তিযুদ্ধ বিষয়ক শংকর কুমার নাগ, যুব ও ক্রীড়ায় শেখ আল রাসেল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ে আজামিল ঢালী, শ্রম সম্পাদক শেখ মাজনেয়ার রহমান, সাংস্কৃতি বিষয়ক মো. নাসির খান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ে শেখ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে সরদার ইমরান হোসেন লিঠু, তপন কুমার দেবনাথ (ভজন) ও আসলাম আলী, কোষাধ্যক্ষ শেখ সরোয়ার হোসেন, সহ-দপ্তর সম্পাদক প্রভাষক আহসান টিটু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শ ম মোস্তাফিজুর রহমান প্রমূখ। এছাড়া দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন কমিটির সভাপতি সম্পাদক সহ উপজেলা আওয়ামী লীগের ৩৫জন সদস্য উপস্থিত ছিলেন। #

ফকিরহাটে বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের ঐতিহ্যবাহী শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান রোববার (১২মার্চ) বিকেল ৫টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোস্তাহিদ সুজা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে এই পুরস্কার প্রদান করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিনা আক্তার, সংরক্ষিত মহিলা সদস্যা লিমা বেগম, স্থানীয় ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম ও শেখ আ. রহমান। সহকারী শিক্ষক মো. খায়রুল বাসার জুয়েল ও শিক্ষিকা সৈয়দা ফাতেমা আফরোজ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্রীড়া ও শরীর চর্চা শিক্ষক শিউলি রানী কুন্ডু, বিদ্যোৎসাহী সদস্য শেখ কামরুজ্জামান, এসএমসির সদস্য শেখ আরিফুল হক, মো. মিজানুর রহমান, ফকির মো. আইয়ুব আলী সহ বিভিন্ন নেতৃবৃন্দ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মেট্রোরেলের শেষ চালান নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি ভেনাস ট্রাম্প
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ঢাকা মেট্রোরেলের ৬ষ্ট লাইনের শেষ চালানের ৪টি রেলওয়ে কোচ ও ২টি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ এম,ভি ভেনাস ট্রাম্প। মেট্রোরেলের মালামাল নিয়ে জাপানের কোবে বন্দর থেকে আসা এ জাহাজটি রবিবার বিকেল ৪টায় ভিড়ে মোংলা বন্দরের ৮নম্বর জেটিতে।
বিদেশী জাহাজ এম,ভি ভেনাস ট্রাম্প’র স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শীপ কোম্পানীর ব্যবস্থাপক মো: ওয়াহিদুজ্জামান জানান, মেট্রোরেলের ৪টি রেলওয়ে কোচ ও ২টি ইঞ্জিন নিয়ে গত ১৮ ফেব্রুয়ারী জাপানের কোবে বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে পানামা পতাকাবাহী জাহাজ এম,ভি ভেনাস ট্রাম্প। এরপর রবিবার (১২ মার্চ) বিকেল ৪টায় বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়ে এ জাহাজটি। জাহাজটি কোচ ও ইঞ্জিনসহ ৭৮ প্যাকেজের ৩৫৬ দশমিক ৮৬১ মেট্টিক টন ওজনের মেশিনারী সরঞ্জামাদিও রয়েছে। জাহাজ হতে এ সকল পণ্য খালাসের সাথে সাথেই নদী পথে বার্জে (নৌযান) করে পাঠানো হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে মেট্রোরেলের ডিপোতে। তিনি আরো জানান, এ পর্যন্ত (১২ মার্চ) জাপান থেকে ১৫টি জাহাজে করে মেট্টোরেলের ২৪টি সেটে ১৪৪টি কোচ ও ২টি ইঞ্জিন এসেছে মোংলা বন্দরে। মোট ১৪৪টি কোচ-ইঞ্জিনের মধ্যে কোচ ৯৬টি আর ইঞ্জিন হলো ৪৮টি। ওয়াহিদুজ্জামান বলেন, মেট্রোরেলের ১ম চালান আসে গত বছরের ২৮ মার্চে। প্রথম চালানে এসেছিলো ৬টি রেলওয়ে কোচ। আর চলতি বছরের ১২ মার্চে ৪টি রেলওয়ে কোচ ও ২টি ইঞ্জিন আসার মধ্যদিয়ে শেষ হলে মেট্রোরেলের ৬ষ্ট লাইনের শেষ চালানের পণ্যের আমদানী, খালাস ও পরিবহণ। তিনি আরো বলেন, ঢাকায় মেট্রোরেলের লাইন হবে ৬টি। ৬টি লাইনের কোনটি উত্তরা, কোনটি মতিঝিল, কোনটি মিরপুর ও কোনিট বারিধারাসহ অন্যান্য জায়গা যাবে। এই ৬টি লাইনের মধ্যে ৬ষ্ট লাইনের ১৪৪টি কোচ- ইঞ্জিনসহ প্রয়োজনীয় সরঞ্জামাদির শেষ চালান এসেছে রবিবার (১২ মার্চ)। রবিবার ৪টি রেলওয়ে কোচ, ২টি ইঞ্জিন ও ৭৮ প্যাকেজের মেশিনারী সরঞ্জামাদি আসার মধ্যদিয়ে ৬ষ্ট লাইনের সকল পণ্য আমদানী সম্পন্ন হয়েছে। এরপরও বাকী থাকছে ১ম, ২য়, তয়, ৪র্থ ও ৫ম লাইনের কোচ- ইঞ্জিনসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি আমদানীর কাজ। তবে চলতি মাসেই ১ম ও ৫ম লাইনের মালামাল আমদানীর আর্ন্তজাতিক টেন্ডার হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি। এ টেন্ডার কার্যক্রম সম্পন্ন হওয়ার পরই আবারো মোংলা বন্দর দিয়ে আসবে মেট্রোরেলের বাকী সকল লাইনের মালামাল। টেন্ডার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বাকী লাইনের মালামাল নিয়ে কবে নাগাদ বিদেশী জাহাজ আসবে মোংলা বন্দরে তা তিনি নিশ্চিত জানাতে পারেননি। তবে মেট্রোরেলের মালামালই শুধু মোংলা বন্দর দিয়েই আমদানী, খালাস ও পরিবহণ হয়ে আসছে। বাকী মালামালও মোংলা বন্দরের মধ্যদিয়েই আসবে বলে জানান ওয়াহিদুজ্জামান।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন, মেট্রোরেলসহ দেশের মেগা প্রজেক্টের পণ্য আসছে এ বন্দর দিয়েই। যেমন রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র ও বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল আসছে মোংলা বন্দর দিয়ে। এর আগে পদ্মা সেতুর মালামালও এসেছে দেশের দ্বিতীয় বৃহত্তম এ সামুদ্রিক বন্দর দিয়ে। বর্তমান সরকারের প্রচেষ্টায় দিনকে দিন মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় এ বন্দরের দিকে ঝুকে পড়েছেন আমদানী-রপ্তানীকারকেরা। এছাড়া পদ্মা সেতুর সুফলে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় স্বল্প সময়ে ও কম খরচে মোংলা বন্দর দিয়ে পণ্য আমদানী-রপ্তানীর সুযোগ সৃষ্টি হওয়াতে এ বন্দরের কর্মচাঞ্চল্যতা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। তিনি আরো বলেন, ব্যবসায়ীদেরকে সময় মত প্রয়োজনীয় সকল ধরণে সেবা নিশ্চিতে প্রস্তুত রয়েছেন বন্দরের সকল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। #

দলীয় ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে কালিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধি
রবিবার (১২ মার্চ) বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে দলীয় ভাবমুর্তি ক্ষুন্ন ও সামাজিক ভাবে হেয় করতে পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি জয়নাল ইসলামসহ ১৫জন। তিনি বলেন গত ৮ মার্চ দৈনিক সাতনদীসহ কয়েকটি পত্রিকা ও অনলাইন পোর্টালে “কালিগঞ্জে ধর্ষনের ঘটনা ধামাচাপা দিতে লাখ টাকার বানিজ্য” শিরোনামে সংবাদ প্রকাশ করেছে, যা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। মূলত নলতা ইউপি সদস্য আব্দুল কাদেরসহ তার কতিপয় দোসর পরিকল্পিতভাবে সমাজে হেয় করতে হীন সংবাদ প্রকাশ করিয়েছে। ৪ মার্চ রাতে ধর্ষনের চেষ্টা বা ঐ ধরনের কোনো রকম ঘটনা এলাকায় ঘটেনি। অথচ বানোয়াট এ ঘটনাকে পুঁজি করে কাল্পনিক শালিষের কথা বলে ফয়সাল ও হাসানকে ধর্ষক বানিয়ে এবং আমার নেতৃত্বে ১০/১২ জনকে বিচারক বানিয়ে অপপ্রচার করেছে। সেখানে পুলিশকে জড়িয়ে চরমভাবে মিথ্যাচার করা হয়েছে। আর্থিক লেনদেন ও এমন শালিষ আমরা করিনি। হীন মিথ্যাচারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য পুলিশ সুপারসহ আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেন জয়নাল ইসলামসহ সংশ্লীষ্টরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম পাইকাড়া গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম, সিরাজুল ইসলাম, জায়েদা খাতুন, মিজানুর রহমান, আনছার আলী, খোদা বকস গাজী, আব্দুল আলিম প্রমুখ।

 

কালীগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে ১ ব্যবসায়ীর করুন মৃত্যু
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে বিষ্ণুপুর গ্রামে রোববার (১২ মার্চ) সকাল ৮ টায় সজিনা গাছে বিদ্যুৎস্পৃষ্টে বিমল ঘোষ (৫৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত বিমল ঘোষ ওরফে পুটে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামের মৃত সতীন্দ্রনাথ ঘোষ ওরফে ধোনা ঘোষের ছেলে। বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, বিমল ঘোষ সবজিসহ বিভিন্ন ব্যবসা করতেন। রোববার সকালে তিনি ক্রয়কৃত গাছের সজিনা ডাটা পাড়ার জন্য বিষ্ণুপুরের চালতেতলা এলাকায় যান। গাছে উঠে একটি ডাল আংশিক কাটার পরপরই বিদ্যুতের তারে স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে তিনি গাছ থেকে নিচে পড়ে যান। গাছের নিচে অবস্থানরত অপর ব্যবসায়ী আবদুল আলিম (২৮) স্থানীয়দের সহায়তায় বিমল ঘোষকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তনুশ্রী মল্লিক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এবাদ আলী জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করার ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ তদন্ত করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ঝিনাইদহে মরমি কবি পাগলা কানাইয়ের মুর্যাল উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে মরমি কবি পাগল কানাইয়ের মুর্যাল উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের কবির মাজার প্রাঙ্গণে এ মুর্যাল উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম।
সেসময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজীবুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনসহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানায়, পাগলা কানাইয়ের মাজারে তার স্মৃতি ধরে রাখতে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে কবির মাজার প্রাঙ্গণে এই মুর্যাল উদ্বোধন করা হয়েছে। যার পরিকল্পনা করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন।

নওয়াপাড়া ভৈরবে নদে নিখোঁজ ঘাট শ্রমিকের খোঁজ মেলেনি
স্টাফ রিপোর্টার
যশোরের নওয়াপাড়ায় ভৈবর নদে নিখোঁজ ঘাট শ্রমিক সাগোর হোসেন বিশ্বাসের (৩৬) খোঁজ এখনও মেলেনি। রবিবার বিকাল পর্যন্তও তার খোঁজ পাওয়া যায়নি। রবিবার সকাল ১০ টার সময় নওয়াপাড়া পীরবাড়ির পাশে মেসার্স চিশতী ঘাটে অপর শ্রমিকদের সাথে গম খালাশের কাজ করছিল সে । নিখোঁজ সাগোর উপজেলার কাদিরপাড়া গ্রামের মো.তুরাফ বিশ্বাসের ছেলে।
ঘাট শ্রমিকেরা জানান, প্রতি দিনের মতো নওয়াপাড়া পীরবাড়ির পাশে অবস্থিত চিশতী ঘাটে জাহাজ থেকে গম খালাশের কাজ করছিলাম। সকাল ১০টার কিছু পরে সাগোর মাথায় গমের বস্তা নিয়ে জাহাজ থেকে নামার সময় পাশে থাকা অপর জাহাজের মাঝামাঝি পড়ে যায়। এসময় আমরা অনেকেই পানিতে নেমে খোঁজ করতে থাকি, তাকে আর পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবোরি আসে তারাও খোঁকরছে।
নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার টিটব সিকদার বলেন, আমরা খবর পেয়ে ঘাট এলাকায় দূরুত্ব ছুটে আশি। ঘাট শ্রমিকদের দেখানো যায়গায় খোঁজ কারেছি, ৭ঘন্টা পার হয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সন্ধা পর্যন্ত উদ্ধার অভিযান চালাবো।

দাকোপ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীদের মনোনয়ন জমা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
আগামী ১৮ মার্চ রোজ শনিবার খুলনার দাকোপ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীরা উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিটির সদস্য সচিব উপজেলা সমবায় অফিসার মোঃ মিজানুর রহমান জানান ১২ মার্চ রবিবার ছিলো মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ। তাই সকাল থেকেই নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য ভির জমিয়ে ছিলেন সমবায় অফিসে। আর ১৮ মার্চের নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই সমবায় অফিস ছিল প্রেসক্লাবের সাংবাদিকদের ভিরে মুখরিত। রবিবার মনোনয়ন পত্র জমার শেষ দিন ছিল। আগামী কাল ১৩ মার্চ মনোনয়ন পত্র বাছাই, ১৪ মার্চ প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় সকাল ৯ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত, বিকাল ৪ টায় চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ, ১৮ মার্চ সকাল ১০ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে। তিনি আরো বলেন মনোনয়ন পত্র জমা দিয়েছেন সভাপতি পদে ৪ জন- (১) মোঃ শামীম হোসেন (২) শচীন্দ্রনাথ মন্ডল (৩) জুবায়ের রহমান লিংকন (৪) গোবিন্দ বিশ্বাস। সহ-সভাপতি পদে ৩ জন- (১) স্বপন কুমার রায়, (২) জি এম জাকির হোসেন (৩) কুমারেশ বিশ্বাস। সাধারণ সম্পাদক পদে ১ জন- এহতেশাম রেজা (জি এম রেজা) যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২ জন (১) দীপক কুমার সরদার, (২) গাজী আবুল বাশার। কোষাধ্যক্ষ পদে ২ জন (১) মনিরুল ইসলাম মনি (২) বিধান চন্দ্র ঘোষ। ক্রীড়া ও দপ্তর সম্পাদক পদে ২ জন (১) পারুল বেগম (২) জাহিদুর রহমান সোহাগ। সদস্য পদে ২ জন (১) দিপক রায় (২) জয়ন্ত কুমার রায়।

জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতা ১৪ মার্চ
তথ্য বিবরণী
‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙ্গিন’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

১৪ মার্চ বিকাল তিনটায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার খ-বিভাগ: পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত, বিষয়: জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম। (৫০০ শব্দের মধ্যে)। গ-বিভাগ: ৮ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম। (৭০০ শব্দের মধ্যে লিখতে হবে)।

বিকাল সাড়ে তিনটায় চিত্রাংকন প্রতিযোগিতা ক-বিভাগ: শিশু থেকে দ্বিতীয় শ্রেণি, বিষয় ও মাধ্যম: উন্মুক্ত। খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শেণি, বিষয়: বঙ্গবন্ধু ও বাংলাদেশ, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। গ-বিভাগ: ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং।

উল্লেখ্য, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার কাগজ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সাথে আনতে হবে।

 

চিংড়ী শিল্পের শ্রমিকরা শ্রম ও মজুরী বৈষম্যে শিকার হচ্ছে
খবর বিজ্ঞপ্তি
চিংড়ী শিল্পের শ্রমিকরা শ্রম ও মজুরী বৈষম্যে শিকার হচ্ছে। তাদের অধিকার প্রতিষ্ঠায় সরকার নানা উদ্যোগ গ্রহণ করলেও মাঠ পর্যায়ে বাস্তবায়ন খুবই কম। চিংড়ী শিল্পে সরকারের দেয়া নীতিমালা বাস্তবায়ন করা জরুরী। রবিবার সকালে খুলনা প্রেসক্লাবে সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নিয়োজিত শ্রমিকদের আর্থ-সামাজিক পরিস্থিতি উন্নয়নে পরামর্শ সভায় বক্তারা এসব কথা বলেন। কর্মজীবী নারী এ সভার আয়োজক। শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ (স্কপ) খুলনার যুগ্ম আহবায়ক মোঃ খালিদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় শ্রম দপ্তরের সহকারি পরিচালক অসীম কুমার বিশ্বাস, আলোচক ছিলেন সাবেক অধ্যাপক আনোয়ারুল কাদির, সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা সম্পাদক এড. কুদরত ই খুদা, স্কপ খুলনার যুগ্ম আহবায়ক রনজিৎ কুমার ঘোষ, সেভ এর নির্বাহী পরিচালক উজ্জল কুমার রায়, কর্মজীবী নারী জেলা কমিটির সভাপতি এড. অলোকা নন্দ দাস, সাংবাদিক এইচ এম আলাউদ্দীন। ধারনাপত্র উপাস্থাপন করেন কর্মজীবী নারী সমন্বয়ক (প্রোগ্রাম) রাজীব আহমেদ, শুভেচ্ছা বক্তৃতা করেন ক্রিশ্চিয়ান এইডের ম্যানেজার নুজহাত যাবিন, মূল প্রবন্ধ উপাস্থাপন করেন কর্মজীবী নারী সংগঠনের অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাংবাদিক গৌরঙ্গ নন্দী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চান মিয়া, সিপিবি নেতা এইচ এম শাহাদাৎ, জর্নাদন দত্ত নান্টু, এড. মোমিনুল ইসলাম, শিউলী, নাজমা আক্তার, হিরা মনি, নজরুল ইসলাম প্রমূখ।

চুয়াডাঙ্গা জেলায় আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে পবিত্র রমজান উপলক্ষ্যে প্রস্তুতি সভা আনুষ্টিত হয়েছে।
রবিবার বেলা ১০টার সময় অনুষ্টিত প্রস্ততি সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার সম্মানিত অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন।
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রোধে প্রতিনিয়ত বাজার মনিটরিং সেল গঠন, বিভিন্ন শপিংমল, ব্যাংক, এটিএম বুথ, স্বর্ণের দোকান সমূহের পর্যাপ্ত আইন-শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করণ, সড়কের শৃঙ্খলা, ফুটপাত হকারমুক্ত ও দখলমুক্ত ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয়।
উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

পাইকগাছায় জমির বিরোধে সাক্ষীকে পিটিয় রক্তাক্ত জখম, বাড়িঘর ভাংচুর শিশুসহ আাহত ৪
পাইকগাছা প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সাক্ষীকে পিটিয় রক্তাক্ত জখম, বাড়িঘর ভাংচুর শিশুসহ ৪ জন আাহত হয়েছে। প্রতিপক্ষরা আহতদের বাড়িতে অবরুদ্ধ করে রাখলে (৯৯৯) পুলিশের সাহয্য ডেক্সে ফোন দিলে শুক্রবার সন্ধ্যায় পুলিশ তদেরকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি শুক্রবার বিকালে।
জানাগেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়েরআবাদ গ্রামের গোলজার মোল্ল্যা ও মুজিবর রহমান সরদারের মধ্য জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ ঘটনায় জাকারিয়া গাজী সাক্ষী দেয়ায় প্রতিপক্ষ মিজান মোল্লা, ফিরোজ মোল্লা, গোলজার মোল্লা সহ ৫০/৬০ জন সাক্ষী জাকারিয়া গাজী (৪০) কে মারপিট করে। এ সময় তার পিতা ওসমান গাজী বাঁধা দিলে তাকে মারপিট করে আহত করে। পরে জাকারিয়ার বাড়িতে গিয়ে জাকারিয়ার বড় ভাই শহিদুল গাজী(৪৫) কে লাঠিদিয়ে পিটিয়ে রক্ত জখম করে এবং বড়িঘর ভাংচুর করে। এ সময় ৫ মাসের শিশু পুত্র জিসান আহত হয়। আহতদের প্রতিপক্ষ গোলজার মোল্লারা অবরুদ্ধ করে রাখে। প্রতিপক্ষ গোলজার মোল্লা জানান, সাক্ষির বিষয় জানতে চাইল জাকারিয়া গাজী তেড়ে উঠলে কথা কাটা কাটি হয়।মারপিটের কোন ঘটনা ঘটেনি। পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক সুজিত ঘোষ জানান, জমি নিয়ে বিরোধে মারপিটে কয়েকজন আহত হয়। আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাইকগাছা থানার পরিদর্শক (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, আহতরা হাসপাতালে রয়েছে, সুস্থ হয়ে মামলা দিলে তা গ্রহন করা হবে।

ডুমুরিয়ায় ৬ষ্ট শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ চেষ্টা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মাদকাশক্ত এক যুবক কর্তৃক ৬ষ্ট শ্রেণির এক স্কুল ছাত্রী-কে অপহরণ পূর্বক ধর্ষণ চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। গত শনিবার গভীর রাতে উপজেলার শাহপুর কুন্ডুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ওই যুবককে আটক করেছে।
পুলিশ, ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো দরিদ্র পিতার ৬ষ্ট শ্রেণি পড়ুয়া মেয়েটি তাদের বাড়ির পাশেই এক-কাকার বাড়িতে ঘুরতে যায়। ঘটনার রাতে সে বাড়িতে না আসায় তাকে কোথাও না পেয়ে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায় বাড়ির পাশেই শাহপুর-মধুগ্রাম কলেজ পড়ুয়া নেশাগ্র¯’ যুবক অনির্বাণ অর্জুন (১৯)-এর বাড়ির একটি রুমের ভিতর গোঙ্গানির শব্দ পেয়ে বাড়ির লোকেরা ওই ঘর খুলে খাটের তলা থেকে অচেতন অব¯’ায় শিশুটিকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে ডুমুরিয়া স্বা¯’্য কমপ্লেক্সে নেওয়া হলে তারা খুমেক হাসপাতালে পাঠিয়ে দেয়। ঘটনা প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ কনি মিয়া বলেন, আটক অর্জুন ঘটনার সত্যতা আমাদের কাছে স্বীকার করেছে, আর ঘটনার প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ওই যুবক মেয়েটিকে প্রথমে অপহরণ করে তার ঘরে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় ওই নেশাগ্র¯’ যুবক অনির্বাণ অর্জুন-কে গ্রেপ্তার করে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে।

 

 

ভাঙচুরে গোটা এলাকাই ধ্বংসস্তূপ
কুষ্টিয়া সংবাদদাতা

‘মাসখানেক আগেও সবকিছু ঠিক ছিল। গোয়ালভরা গরু, ঘরভরা ধান, চাল, আসবাব, দোকানভরা মালপত্র, টিভি, ফ্রিজ। মাঠজুড়ে সরিষা, খেসারি, কালিজিরা। কিন্তু এক মাস তিন দিন পরে ফিরে এসে দেখি, আমার সব শেষ হয়ে গেছে।

আধাপাকা ঘরগুলো ভেঙে মাটিতে শুয়ে আছে। মালপত্র নেই। ভাঙা ঘরের চালের টিনও নেই। টয়লেট ভাঙা। পানি খাওয়ার কলও লুট করে নিছে তারা।’ আক্ষেপ করে কথাগুলো বলছিলেন বয়োজ্যেষ্ঠ মো. মকবুল বিশ্বাস। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।

ওই গ্রামের পল্লিচিকিৎসক আবদুর রাজ্জাক হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার এড়াতে পালিয়ে যান মুকুল বিশ্বাস। প্রায় এক মাস তিন দিন স্বজনের বাড়ি ও পথে ঘুরে তিনি গত ৫ মার্চ গ্রামে ফেরেন। কৃষিকাজের পাশাপাশি মুদি দোকান রয়েছে তাঁর। মামলায় তিনি আসামি না হলেও তাঁর বড় ছেলে সবুজ বিশ্বাস মামলাটির প্রধান আসামি। শুধু মকবুল বিশ্বাস নন, এ ঘটনায় গ্রাম ছেড়ে পালিয়েছিল আসামিপক্ষের শতাধিক পরিবার। তাঁদের দাবি, পালিয়ে যাওয়া ব্যক্তির প্রতিটি বাড়িতেই ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এসব পরিবার পলিথিন ও ত্রিপল দিয়ে তাঁবু টাঙিয়ে মানবেতর জীবনযাপন করছে।

আসামিপক্ষের লোকদের ভাষ্য, ঘটনার পর থেকেই তাঁদের গ্রামে ২৪ ঘণ্টা পুলিশ পাহারা রয়েছে। তবুও বাদী ও তৃতীয় পক্ষের লোকজন তাঁদের ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে। মাঠের ফসল কেটে নিয়ে গেছে। এতে প্রায় ১৫ থেকে ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তাঁদের অভিযোগ, পুলিশের পাহারায় ও যোগসাজশে এমন ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

জামিনে থাকা আসামি ইদ্রিস বিশ্বাসের ছেলে সিরাজুল ইসলাম বলেন, তিনি পেশায় একজন কৃষক ও রাইস মিল ব্যবসায়ী। গ্রেপ্তারের ভয়ে পালিয়েছিলেন। সে সুযোগে পুলিশ পাহারায় তাঁর রাইস মিল ও বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে বাদীপক্ষের লোকজন।

কথা হয় হাসেন প্রামাণিকের ছেলে জিয়াউর রহমানের সঙ্গে। তিনি বলেন, পেশায় একজন ঠিকাদার। ঘটনার সময় তিনি ঢাকাতে ছিলেন। তাঁকেও আসামি করা হয়েছে। ঘটনার দিনই তাঁর পরিবারের সদস্যদের গ্রামছাড়া করেছে আসামিপক্ষের লোকজন। পরে তাঁর একতলা ভবন ভাঙা হয়েছে। বাড়ির মালপত্র, গরু ও মাঠের ফসল লুট করা হয়েছে।

সুদে টাকার জেরে ২ ফেব্রুয়ারি সকালে জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার মো. সজীব বিশ্বাস ওরফে সবুজের সঙ্গে সাবেক মেম্বার জাবেদ আলী বিশ্বাসের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে সাবেক মেম্বারের ভাতিজা পল্লিচিকিৎসক আবদুর রাজ্জাক নিহত হন। এ ঘটনায় ওই দিন রাতেই নিহতের ভাই মো. আক্কাস আলী বিশ্বাস বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলায় বর্তমান মেম্বারকে প্রধান করে ২১ জনকে আসামি করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বার মো. আবুল কাশেম ও বাদীপক্ষের সমর্থকরা আসামিপক্ষের বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। তারা মাঠের ফসলও কেটে নিয়ে গেছে। এসব ঘটনায় আসামিপক্ষের লোকজন থানায় চারটি ও আদালতে একটি মামলা করে।

হত্যা মামলার প্রধান আসামি সবুজের ভাই সুরুজ বিশ্বাস অভিযোগ করেন, কাশেম মেম্বার, মামলার বাদী ও বাদীপক্ষের সমর্থকরা তাঁদের ঘরবাড়ি ভেঙে মাটিতে মিশিয়ে দিয়েছে; লুটপাট করেছে।

অভিযোগ অস্বীকার করে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি সদস্য মো. আবুল কাশেম বলেন, বাদীপক্ষের লোকজন এলাকায় ভাঙচুর-লুটপাট করেছে। তিনি বা তাঁর লোকজন এ কাজে জড়িত নন। তবুও তিনিসহ তাঁর লোকজন মিথ্যা মামলার আসামি হয়েছেন।

অভিযোগ অস্বীকার করেছেন মামলার বাদী মো. আক্কাস আলী বিশ্বাস। তিনি বলেন, কে বা কারা রাতে আসামিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর বা লুটপাট করেছে, তা তিনি জানেন না।

ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকী বাদশা বলেন, এলাকায় ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নেই। পুলিশের সামনেই চলছে ভাঙচুর। তাঁর দাবি, পুলিশের চেয়ে ভাঙচুরকারীর সংখ্যা বেশি থাকে। সে জন্য ভয়ে পুলিশ প্রতিরোধ করতে পারেননি।

কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন, ঘটনার পর থেকেই এলাকায় পুলিশের পাহারা রয়েছে।

পুলিশ সুপার মো. খাইরুল আলম বলেন, ঘটনাটি প্রত্যন্ত চর অঞ্চলের। কে বা কারা রাতে এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

ইবিতে অডিও ভিডিও ভাইরালের নেপথ্যে জড়িতদের খুঁজছে কর্তৃপক্ষ
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে ভাইরাল হওয়া প্রশাসন, শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অডিও ভিডিও ভাইরালের ঘটনায় নেপথ্যে জড়িতদের খুঁজছে কর্তৃপক্ষ। এজন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়, বিগত দুই বা তিন সপ্তাহ যাবৎ এবং ইতোপূর্বেও বিভিন্ন সময়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসন, শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের নামে অনেক ক্ষেত্রে অডিও, ভিডিও ধারণ করে ফেক আইডি খুলে তা গণমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল মিডিয়া ও পত্র-পত্রিকায় প্রচার করা হচ্ছে। কখনও কখনও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাইক বাজিয়ে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে। এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করছে। একই সঙ্গে বিষয়গুলো সামাগ্রিকভাবে খতিয়ে দেখা ও এসবের নেপথ্যে জড়িতদের চিহ্নিত করতে ৫ সদস্যের একটি কমিটি করা হয়েছে।

কমিটিতে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব করা হয়েছে আইসিটি সেলের সিস্টেম এনালিস্ট ড. নাঈম মোরশেদকে। কমিটির অন্য সদস্যরা হলেন, আই আই ই আর-এর পরিচালক অধ্যাপক মামুনুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক মিজানুর রহমান ও আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাদেক আলী।

কমিটিতে কর্তৃপক্ষের কাছে যথাশীঘ্রই প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া এই কমিটি প্রয়োজনে যেকোন সংশ্লিষ্ট সরকারি দপ্তর, পেশাদারী প্রতিষ্ঠান বা ব্যক্তির সহযোগিতা নিতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

এদিকে গত ১৬ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত ‘ফারাহ জেবিন’ ও ‘মিসেস সালাম’ নামে পৃথক দুটি ফেসবুক আইডি থেকে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের কণ্ঠসদৃশ বেশ কয়েকটি আলাপন ফাঁস হয়। অডিওগুলোতে উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগ সংক্রান্ত আলাপ করতে শোনা যায়। অডিও ফাঁসের পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ১৭ ফেব্রুয়ারি ইবি থানায় জিডি করা হয়। গত ফেব্রুয়ারিতে উপাচার্যের অপসারনের দাবিতে কার্যালয়ে তালা ঝুলিয় আন্দোলন করে চাকরি প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতারা। গোপন ডিভাইসের খোঁজে ভিসির কার্যালয়ে ও বাসভবনে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত ১৯ ও ২২ ফেব্রুয়ারি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে মোট পাঁচটি নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করে কর্তৃপক্ষ। এছাড়া গত ২৩ ফেব্রুয়ারি একান্ত সচিব আইয়ূব আলীকে অব্যাহতি দেয় উপাচার্য।

এই অডিও ফাঁসের ঘটনায় উপাচার্য অধ্যাপক সালামের অবস্থান জানতে চেয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম। এছাড়া সরকারের হস্তক্ষেপ কামনা করে বিজ্ঞপ্তিও দিয়েছিলেন তারা।

ঝিনাইদহে মাদক মামলায় এক ব্যক্তিকে ৫ বছরের কারাদণ্ড
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে মাদক মামলায় মালেক মন্ডল নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরাে ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। রোববার দুপুর দেড়টার দিকে জেলা ও দায়রা জজ সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক নাজিমুদ্দৌলা এ রায় দেন। মালেক মন্ডল মহেশপুর উপজেলার কালুহুদা গ্রামের ভিকে মন্ডলের ছেলে।

রায়ের সূত্রে জানা যায়, বিপুল পরিমাণ মাদক মজুত আছে এমন সংবাদের প্রেক্ষিতে ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর রাতে মহেশপুর উপজেলার কালুহুদা গ্রামের মালেক মন্ডলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেসময় ঘরের কোণে বস্তায় মোড়ানো অবস্থায় ১৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পরে মহেশপুর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে পুলিশ। সেই মামলায় পুলিশ ওই বছরের ৩১ অক্টোবর আদালতে চুড়ান্ত অভিযোগপত্র দাখিল করে।
মামলার শুনানি শেষে আদালত মালেক মন্ডলকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

ডাচ বাংলার টাকা ছিনতাইয়ের ঘটনায় খুলনায় আটক ৩
স্টাফ রিপোর্টার
ঢাকায় ডাচ-বাংলা ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় খুলনা নগরীর জোড়াগেট এলাকার সিএন্ডবি কলোনি থেকে ৩ জনকে আটক করেছে ঢাকার ডিবি পুলিশ। রোববার ভোর থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, ঢাকার ডিবি পুলিশের একটি টিম সিএন্ডবি কলোনির টু আর-২ নং ভবনের চারতলায় জাহাঙ্গীরের বাসায় অভিযান চালায়। ওই বাসা থেকে জাহাঙ্গীরের ভগ্নিপতি আকাশ এবং অপর ২ নারীকে আটক করা হয়।

অভিযানে থাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি এডিসি মো. রাশেদ জানান, আটক আকাশকে নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

ওই বাসা থেকে কোনো টাকা উদ্ধার হয়েছে কি না-এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।

 

বাসর রাতে ১ম স্ত্রীর গয়না ২য় স্ত্রীকে পরাতে গিয়ে স্বামীর মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলায় বাসর রাতে ১ম স্ত্রীর গয়না ২য় স্ত্রীকে পরাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে স্বামী লিটন আলির মৃত্যু হয়েছে। শনিবার বাদ মাগরিব জানাজার নামাজ শেষে তার দাফন সম্পন্ন করা হয়।
এর আগে শুক্রবার (১০ মার্চ) ঝিনাইদহ জেলার গান্না ইউনিয়নের কালুহাটি ঘোপপাড়া গ্রামের সোলায়মান হকের মেয়ে ফাতেমা খাতুনের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়।

লিটন আলি চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের তেঘরী গ্রামের কাঠ ব্যবসায়ী মৃত শুকুর আলির ছেলে। তিনি পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার ধোপাবিলা মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।

এদিকে, হঠাৎ স্বামীর মৃত্যুতে নববধূর নতুন সংসার গড়ার স্বপ্ন যেন ভেঙে চুরমার হয়ে গেছে। হৃদয় বিদারক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের কেউ। ৯ বছরের মেয়ে আর নতুন স্ত্রীকে নিয়ে সংসারের স্বপ্ন যেন অপূর্ণ রয়ে গেল লিটন আলির।

জানা যায়, ৭ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে মারা যান লিটন আলির প্রথম স্ত্রী। তার প্রথম সংসারে লামিয়া খাতুন নামে একটি ৯ বছরের মেয়ে রয়েছে। প্রথম স্ত্রী মৃত্যুর আড়াই মাস পরে লিটন আলি গত শুক্রবার (১০ মার্চ) ফাতেমা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। বাসর রাতে প্রথম স্ত্রীর রেখে যাওয়া সোনার বালাটি দ্বিতীয় স্ত্রীর হাতে পরানোর সময় হঠাৎ অচেতন হয়ে মাটিতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে তার অবস্থার অবনতি হয়। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে এর কিছুক্ষণ পরই মারা যান লিটন আলি।

স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন চাঁন বলেন, লিটন আমার ভাতিজা। পরিবারটির ওপর দিয়ে একের পর এক ঝড় বয়ে যাচ্ছে। মা মরা মেয়েটি তার বাবাকে হারিয়ে একেবারে অসহায় হয়ে পড়ল। নিয়তির ওপরে তো কারো হাত নেই। তবে এমন হৃদয় বিদারক দৃশ্য খুব কম দেখা যায়। বাসর রাতেই স্ত্রী বিধবা। খুবই কষ্টদায়ক ঘটনা।

তিনি আরো বলেন, প্রথমে মাকে ও পরে বাবাকে হারিয়ে বার বার মূর্ছা যাচ্ছে ৯ বছরের মেয়ে লামিয়া খাতুন। পৃথিবীতে আপন বলতে আর কেউ রইল না তার। শনিবার বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

কারাভোগ শেষে দেশে ফিরলেন ৮ যুবক
বেনাপোল প্রতিনিধি
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৮ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। রোববার বিকেলে ভারতের পেট্রাপোল থানা ও ইমিগ্রেশন পুলিশ যৌথভাবে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেয়।
পরে পুলিশি কার্যক্রম শেষে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করেছে আইনি সহায়তা দিতে। ফেরত আসা যুবকরা হলেন, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার হানেফ গাজির ছেলে শফিকুল ইসলাম, ইছার আলীর ছেলে মরিরুল ইসলাম, মরশেদ আলীর ছেলে আসানুর রহমান, শাফায়েত খার ছেলে আলআমিন, আব্দুল হোসাইনের ছেলে সামসুজ্জামান, ময়ময়সিংহের রহমতপুর সদরের বাদশা মিয়ার ছেলে শাখাওয়াত, নিজামুদ্দিনের ছেলে আলামিন ও আবুল বাশারের ছেলে আশরাফুল আলম।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া জানায়, ফেরত আসা যুবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা গরিব পরিবারের সদস্য। ভালো কাজের কথা বলে তাদেরকে সীমান্ত পথে ভারতে নেয়া হয়। পরে প্রতারণা করে তাদের ফেলে পালিয়ে আসে দালাল চক্র। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। সেখানে এক বছর কারাভোগ শেষে এসব বাংলাদেশিরা দেশে ফিরে আসেন।

কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে সেলিম মন্ডল, নকুল মন্ডল এবং আহসান মন্ডল নামে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
রোববার দুপুরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দাড়ের পাড়া এলাকার আবু তালেব মন্ডলের ছেলে সেলিম মন্ডল, জামান মন্ডলের ছেলে নকুল মন্ডল এবং আফসার মন্ডলের ছেলে আহসান মন্ডল।

কুষ্টিয়া জজ আদালতের সরকার পক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৮ সালের ৯ সেপ্টেম্বরে দৌলতপুর উপজেলায় এক গৃহবধূ তার স্বামীর সঙ্গে বন্ধুর বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে একটি মাঠের মধ্যে অভিযুক্তরা মোটরসাইকেল থামিয়ে হত্যার হুমকি দিয়ে স্বামীকে রাস্তার পাশে গাছের সঙ্গে বেঁধে রেখে ঐ গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেন। এ বিষয়ে ঘটনার ২২ দিন পর ঐ গৃহবধূ বাদী হয়ে দৌলতপুর থানায় ছয়জন অজ্ঞাত ব্যক্তির নামে ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ দারা খান তদন্ত শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালত রোববার তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর তিনজনকে বেকসুর খালাস প্রদান করেন।

 

খুলনায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
স্টাফ রিপোর্টার
খুলনায় সড়ক দুর্ঘটনায় নাম না জানা এক যুবক (৩০) নিহত হয়েছেন। রোববার (১২ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি হাসান আল মামুন জানান, দুপুর সোয়া ২টার দিকে নগরীর কেডিএ এভিনিউয়ের ময়লাপোতা মোড়ের কাছে রাস্তা পার হচ্ছিলেন এক যুবক। এ সময় দ্রুতগামী একটি গাড়ি ওই যুবককে চাপা দিয়ে পালিয়ে যায়।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, মারা যাওয়া যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। বিকেল চারটা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

সাতক্ষীরায় জাল টাকা তৈরির সরঞ্জামসহ প্রতারক গ্রেফতার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে জাল টাকা তৈরির সরঞ্জাম ও জাল টাকাসহ এবাদুল সরদার নামে এক প্রতারককে র্যাবের সহযোগিতায় গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ মার্চ) রাতে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউপির ঘোলা এলাকায় র্যাব এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রতারক এবাদুল সরদারকে গ্রেফতার করে। এ সময় ১৪ হাজার জাল টাকাসহ জাল নোট তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেফতার এবাদুল সরদার ঘোলা গ্রামের গোলাম হোসেন সরদারের ছেলে।

শ্যামনগর থানার এ মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান জানায়, যশোরের ঝিকরগাছা এলাকার মৃত আলতাফ হোসেন মোড়লের ছেলে আলি হোসেন সেন্টুর পূর্ব পরিচিত একই এলাকার খলিলুর রহমানের ছেলে বাবলুর রহমান। পরে বাবলুর মাধ্যমে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউপির ঘোলা গ্রামের এবাদুল সরদার এবং একই এলাকার মৃত ইসমাইল হোসেন সরদারের ছেলে গোলাম হোসেন সরদারের সঙ্গে পরিচয় ঘটে।
পরিচয়ের সূত্র ধরে এবাদুল ও গোলাম হোসেন কেমিক্যাল দিয়ে টাকা দ্বিগুণ করে দেয়ার মিথ্যা প্রলোভন দেখাতে থাকে। তাদের প্রলোভনে পড়ে প্রথমে ভুক্তভোগী সেন্টু ৭ লাখ টাকা এবং তার বন্ধু আবুল কাশেম ৮ লাখ ৩০ হাজার টাকা দেয়। কিন্তু দ্বিগুণ টাকা তো দূরের কথা মূল টাকা না দিয়ে টালবাহানা করতে থাকে তারা। টাকা ফেরত চাইলে খুন জখমের হুমকি ধামকি দিতে থাকে। একপর্যায়ে ভুক্তভোগী আলি হোসেন সেন্টুর অভিযোগের ভিত্তিতে র্যাব ও পুলিশ কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা এলাকায় যৌথ অভিযান চালায়। এ সময় র্যাব ও পুলিশের উপস্থিতি টের পেয়ে গোলাম হোসেন ও বাবলু পালিয়ে গেলেও এবাদুলকে গ্রেফতার করা হয়। পরে এবাদুলের ঘর তল্লাশি করে প্রতারণার কাজে ব্যবহৃত জাল ১৪ হাজার টাকা, ১টি প্লাস্টিকের মাঝারি কৌটা, ৩টি প্লাস্টিকের বোতল, ছোট কাচের শিশিসহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী আলী হোসেন সেন্টু বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। শ্যামনগর থানার তদন্তকারী কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ‘তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একজন আসামি গ্রেফতার হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।’