যশোর অফিস।।
চার বছর আগে দেশের প্রথম আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টের যাত্রা শুরু হয় যশোর পৌরসভায়। সদর উপজেলার হামিদপুরে স্থাপিত প্ল্যান্টটি তৈরিতে খরচ হয় প্রায় ৫০ কোটি টাকা। এটি চালু রাখতে বছরে প্রায় কোটি টাকা বিনিয়োগ করা হয়। বিপুল অর্থ বিনিয়োগে পৌরসভা আয় করছে সর্বসাকুল্যে ১০ লাখ টাকা। বন্ধ রয়েছে বিদ্যুৎ উৎপাদন ও বায়োগ্যাস প্ল্যান্ট। শুধু সীমিত পরিসরে জৈব সার উৎপাদনের মধ্য দিয়ে প্ল্যান্টটির অস্তিত্ব টিকিয়ে রেখেছে। এমন বাস্তবতায় দেশের প্রথম আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টটি বেসরকারি প্রতিষ্ঠান দি এসকেট লিমিটেড এর কাছে ইজারা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃনিষ্কাশন) বিএম কামাল আহমেদ বলেন, প্ল্যান্টটি তৃতীয় পক্ষকে ইজারা দিয়েই পরিচালনার কথা ছিল। সেই অনুযায়ী শুরুতে মাহবুব ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠানকে ইজারা দেয়া হয়েছিল। কিছুদিন পর প্রতিষ্ঠানটি কেটে পড়ায় বাধ্য হয়ে প্ল্যান্টটি স্বল্প পরিসরে চালু রাখা হয়েছে। বাস্তবে প্ল্যান্টটি চালানোর সক্ষমতা নেই পৌরসভার। গত চার বছরে প্ল্যান্টটি সচল রেখে ব্যয় হয়েছে ১ কোটি ৪ লাখ টাকা। বিপরীতে ১৪৫ মেট্রিক টন সার উৎপাদন করে আয় হয়েছে ১০ লাখ ১৫ হাজার টাকা। দাতা সংস্থার শর্তানুযায়ী, প্ল্যান্টটি তৃতীয় পক্ষকে ইজারা দিয়েই পরিচালনার কথা রয়েছে। সেই অনুযায়ী প্ল্যান্টটি তৃতীয় পক্ষের কাছে ইজারা দেয়া হয়েছে।
পৌরসভা সূত্র মতে, ২০১৮ সালে যশোর শহরতলীর হামিদপুরে ময়লার ভাগাড়ে নির্মাণ করা হয় দেশের প্রথম বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট। ২০১৬ সালের শেষের দিকে প্রকল্পটি হাতে নেয় যশোর পৌরসভা। প্রকল্পটি বাস্তবায়নে সরকারের পাশাপাশি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক এবং সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি অর্থ সহায়তা দিয়েছে। প্রকল্পটির ব্যয় হয়েছিল প্রায় ৫০ কোটি টাকা। ২০১৯ সালে প্ল্যান্টটি চালু করা হয়। চালুর পর শুধু যশোর পৌরসভাই নয়, ঝকিরগাছা পৌরসভাসহ নিকটবর্তী শহর সংলগ্ন এলাকার বর্জ্যও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে নেয়ার পরিকল্পনা ছিল পৌরসভার। এ ছাড়া, সেপটিক ট্যাংকের বর্জ্য থেকে পরিবেশবান্ধব জৈব সার ও বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদিত হবার লক্ষ্য ছিল তাদের। যা পাইপলাইনের মাধ্যমে আশপাশের এলাকার বাসাবাড়িতে বাণিজ্যিক ভিত্তিতে সরবরাহ করবে বলেও পরিকল্পনা ছিল। প্ল্যান্ট চালুর চার বছরের মধ্যেই মুখ থুবড়ে পড়েছে। সীমিত জনবল দিয়ে কোনো রকমে চালু রাখা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, শহরের ৯টি ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের জন্য ১৩০টি কনটেইনার দেয়া আছে। যা দ্বারা প্রতিদিন ৬৫ থেকে ৭০ টন ময়লা সংগ্রহ হয়। এরপর প্রতিদিন সকালে বর্জ্যভর্তি কনটেইনারগুলো ইয়ার্ডে আনা হয়। এরপর কর্মীরা সেগুলো বাছাই করে কেবল পচনশীল দ্রব্যগুলো সংগ্রহ করেন। ১৫ জন কর্মী দিয়ে ৭ থেকে ৮ টন বর্জ্য বাছাই করা সম্ভব হয়। তা দিয়েই কম্পোস্ট সার ও বায়োগ্যাস উৎপাদন করা হয়ে থাকে। এ ময়লা বাছাই করতে শতাধিক কর্মী দরকার। যেখানে ১৫ জন দিয়ে কাজ করতে হচ্ছে। কম্পোস্ট বিভাগ ও বায়োগ্যাস বিভাগে কোনো কর্মী নেই। ময়লা বাছাই করা ১৫ জনকে দিয়েই ওই দুই বিভাগের কাজ করা হয়।
প্ল্যান্টের ম্যানেজার অমিত কুমার বলেন, ‘বর্জ্যকে সম্পদে পরিণত করতে প্ল্যান্টটি নির্মাণ করা হয়েছে। আমরা প্রতিদিন যে পরিমাণ ময়লা সংগ্রহ করি সেই পরিমাণ সম্পদে পরিণত করতে পারি না। শতাধিক কর্মীর জায়গায় ১৫ জন দিয়ে কাজ করতে হচ্ছে। কম্পোস্ট বিভাগ ও বায়োগ্যাস বিভাগে কোনো কর্মী নেই। এখানে উৎপাদিত কম্পোস্ট সারের ব্যাপক চাহিদা রয়েছে। প্রতিমাসে প্রায় ১০০ টন সার এখনই বিক্রি করা সম্ভব। অথচ আমরা মাসে উৎপাদন করছি মাত্র সাত টন।’
যশোর পৌরসভার প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু বলেন, ‘প্ল্যান্টটি পরিচালনায় যে পরিমাণ জনবল, গাড়ি ও ময়লা প্রয়োজন, তার কোনোটাই সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না। নীতিমালা অনুযায়ী তৃতীয় পক্ষকে ইজারার মাধ্যমে এটি চালু রাখতে হবে। সে অনুযায়ী সম্প্রতি দি এসকেট লিমিটেড এর নিকট এটি ইজারা দেয়া হয়েছে।’











































