Home আঞ্চলিক খুবিতে লিগ্যাল ডায়নামিক্স ইন দ্য কনটেম্পোরারি ওয়ার্ল্ড শীর্ষক জাতীয় সম্মেলন শুরু আগামীকাল

খুবিতে লিগ্যাল ডায়নামিক্স ইন দ্য কনটেম্পোরারি ওয়ার্ল্ড শীর্ষক জাতীয় সম্মেলন শুরু আগামীকাল

19

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের উদ্যোগে লিগ্যাল ডায়নামিক্স ইন দ্য কনটেম্পোরারি ওয়ার্ল্ড শীর্ষক জাতীয় সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল ১০ মার্চ (শুক্রবার)। এদিন বিকাল ৩টায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খসরুজ্জামান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ। সম্মেলনে চিফ প্যাট্রন হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। প্যাট্রন হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সম্মেলনে সভাপতিত্ব করবেন আয়োজক কমিটির আহ্বায়ক ও আইন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক এবং সদ্য পাশকৃত গ্রাজুয়েট ও আইনজীবীরা এই সম্মেলনের অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

সংগ্রহ এবং আর্থিক সমন্বয় শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য
খুবির আর্থিক ব্যবস্থাপনাকে পর্যায়ক্রমে
পুরোপুরি অটোমেশনে নেওয়া হবে
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘সংগ্রহ এবং আর্থিক সমন্বয়’ শীর্ষক এক প্রশিক্ষণ আজ ০৯ মার্চ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়নে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, আমরা এখন উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি। এই স্বপ্ন পূরণে আমাদের এখন সবক্ষেত্রে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এজন্য প্রয়োজন দেশপ্রেমিক দক্ষ জনশক্তির। আর এই দেশপ্রেমিক দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি সব দিক থেকে এগিয়ে যেতে হবে। দেশপ্রেম বলতে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করাকেও বোঝায়।
উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা এখনো পুরোপুরিভাবে কম্পিউটারাইজড হয়নি। তবে পর্যায়ক্রমে খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেশনে নেওয়া হবে। তিনি বলেন, প্রযুক্তি শুধুমাত্র আনলেই হবে না, এর সাথে আমাদের খাপ খাইয়ে নিতে হবে। নিজেদের দক্ষতার উন্নতি করতে হবে। এজন্য প্রশিক্ষণের প্রয়োজন। আইকিউএসি আয়োজিত এই প্রশিক্ষণটি অত্যন্ত সময়োপযোগী এবং তা খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা জরুরি। সকল ক্ষেত্রে সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে সেই দেশ বা প্রতিষ্ঠান দ্রুত সমৃদ্ধি লাভ করতে পারে। এখন আমাদের প্রয়োজন আর্থিক ব্যবস্থাপনাসহ সকল ক্ষেত্রে একটি সিস্টেম ডেভেলপ করা, তা অনুসরণ এবং দক্ষতা বৃদ্ধি। সেক্ষেত্রে এ প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা অডিট অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শহিদুর রহমান চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন শিক্ষা অডিট অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শহিদুর রহমান চৌধুরী এবং অডিট এন্ড একাউন্টস অফিসার মোঃ মিজানুর রহমান মুন্সি। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ১৩৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

 

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটে রানার্সআপ খুবি দলকে
শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পক্ষ থেকে সংবর্ধনা
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় রানার্সআপ খুলনা বিশ্ববিদ্যালয় দলকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগ। আজ ০৯ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় নগরীর একটি অভিজাত হোটেলে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় ক্রিকেট দলের খেলোয়াড়দের মাঝে প্রতিযোগিতা থেকে পাওয়া সনদপত্র বিতরণ করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। তিনি বিভাগের পক্ষ থেকে দলের প্রত্যেক খেলোয়াড়কে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, ক্রিকেট দল খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তাদের এই পারফরমেন্স ধরে রেখে আগামীতে সাফল্য অর্জনে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় টিম ম্যানেজার ও সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন, উপ-পরিচালক মো. মঈনুল ইসলামসহ কর্মকর্তা-কমচারী এবং ক্রিকেট দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। পরে খেলোয়াড়দের সম্মানে নৈশভোজ অনুষ্ঠিত হয়।