Home জাতীয় যুবদল সম্পাদক মুন্নাকে আটকের অভিযোগ

যুবদল সম্পাদক মুন্নাকে আটকের অভিযোগ

49

ঢাকা অফিস।।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে আটকের অভিযোগ করেছে বিএনপি।

বুধবার (৮ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে দলীয় কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। তার বিরুদ্ধে কোনও মামলা না থাকলেও শাজাহানপুর থানা পুলিশ তাকে আটক করে বলে জানান টুকু।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, আটক, গ্রেপ্তার বা নির্যাতন করে তাদের চলমান আন্দোলন বন্ধ করা যাবে না। বরং তা আরও স্ফুলিঙ্গের আকার ধারণ করবে। সেই জোরালো আন্দোলনে এই সরকার পালানোর পথও খুঁজে পাবে না। যুবদলের প্রত্যেক নেতাকর্মী রাজপথে জীবন দেওয়ার প্রস্তুত আছে। সেখানে একজন মোনায়েম মুন্নাকে গ্রেপ্তার করে তাদের মনোবল দুর্বল করা যাবে না।

বুধবার রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না ও সাবেক সহ-সভাপতি এসএম জাহাঙ্গীরকে গ্রেপ্তারের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে সংগঠনটি। মিছিলটি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড় হয়ে ফকিরাপুল ঘুরে আবারও কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

টুকু বলেন, বিএনপির একজন নেতাকর্মী যতক্ষণ বাইরে আছে, জীবিত আছে; ততক্ষণ তাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলবে। তাদের শেষ কর্মীই সেই আন্দোলনের হাল ধরবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য তারা সবাই জীবন দিতে প্রস্তুত আছেন। এসময়ে তিনি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে আজ সারাদেশে জেলা পর্যায়ে এবং ১৫ মার্চ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে সংগঠনটি।

মিছিলে সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনসহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।