Home আঞ্চলিক চায়ের দোকানে কোনোরকমে চলে হালিমাসহ তার ছেলের সংসার

চায়ের দোকানে কোনোরকমে চলে হালিমাসহ তার ছেলের সংসার

23

স্টাফ রিপোর্টার।।
স্বামীর মৃত্যুর পর চার ছেলেই দেখাশোনা করবেন বলে মনে করেছিলেন ৬৫ বছর বয়সী হালিমা বেগম। কিন্তু ছেলেরা ঠিকমতো মায়ের ভরণপোষণ দিতে পারেন না। এ নিয়ে হালিমার অবশ্য কোনো অভিযোগ নেই। ছোট ছেলে সঙ্গে থাকলেও তার আয়ও সীমিত। ফলে এই বয়সে এসেও চায়ের দোকানে কোনোরকমে চলে হালিমাসহ তার ছেলের সংসার।

খুলনা মহানগরীর ৫ নম্বর মাছঘাট এলাকায় বসবাস করেন হালিমা বেগম। এই ঘাটের মাছ বাজারের সামনেই রয়েছে তার স্বামী মোশাররফ হোসেন হাওলাদারের রেখে যাওয়া চায়ের দোকান। এক বছর আগে মারা যান মোশাররফ। তারপর থেকেই তিনি হাল ধরেন চায়ের দোকানের। সকাল থেকে অনেক রাত পর্যন্ত স্বামীর রেখে যাওয়া এই চায়ের দোকান চালান এই বৃদ্ধা।

হালিমা বেগম জানান, তার বাবার বাড়ি পিরোজপুর জেলার হুলারহাট এলাকায়। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর মায়ের সঙ্গে চলে আসেন খুলনায়। তখন খুব ছোট ছিলেন তিনি। খুলনায় আসার পাঁচ-ছয় বছর পর শুরু হয় স্বাধীনতা যুদ্ধ। এর মধ্যেই তার বিয়ে হয় বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা মোশাররফ হোসেন হাওলাদারের সঙ্গে। তাদের ঘরে একে একে জন্ম হয় চার ছেলে ও এক মেয়ের। অর্থের অভাবে ছেলেমেয়েদের ঠিকমতো পড়াশোনাও করাতে পারেননি।

একসময় ছেলেরা বিয়ে করে আলাদা হলেও স্বামীর চায়ের দোকানের আয়ে ভালোই চলছিল সংসার। কিন্তু বয়স হয়ে যাওয়ায় মোশাররফও ঠিকমতো দোকান চালাতে পারতেন না। তাই স্বামীর দোকানে যতটুকু পারা যায় সাহায্য করতেন তিনি। সেই সময়ে চা বানানোর বিষয়টি রপ্ত করেন হালিমা। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখন তিনি চা বানিয়ে চলেছেন দিনভর।

হালিমা জানান, সবকিছুর দাম বেড়েছে। চায়ের দোকানে এখন আর তেমন লাভ হয় না। কিন্তু কী করবেন এই বয়সে? কোথাও কাজও জুটবে না। তাই আঁকড়ে ধরে আছেন স্বামীর দোকানটি। আয় বেশি না হওয়ায় ছাপড়া দোকানটাও মেরামত করাতে পারছেন না। দিনভর যে কয় কাপ চা বিক্রি হয় তা দিয়ে রাতে চারজনের জন্য চাল, ডাল আর আলু কেনার মতো উপার্জন হয়।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হতাশা প্রকাশ করে হালিমা বলেন, কয়দিন আগেও চিনি কিনেছি ৭০ টাকা কেজি। আজ কিনতে হচ্ছে ১১৫ টাকা। চায়ের সঙ্গে দেওয়া আদা, লবঙ্গের দামও বেড়েছে। আগে এক কাপ চা বিক্রি করলে পাঁচ টাকার মধ্যে দুই টাকার মতো লাভ হতো। কিন্তু এখন এক টাকাও থাকে না।

তিনি আরও বলেন, এখন ঘাটে অনেক চায়ের দোকান। তাই ক্রেতা পাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তার ওপর বাকি তো আছেই। ফলে দিনশেষে সেই এক থেকে দেড়শ টাকা আয় হয়।

তিন ছেলে আলাদা থাকলেও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করলেন না হালিমা বেগম। উল্টো বললেন, তাদের সংসারই চলে না। তো আমাকে দেবে কী। এ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমার সঙ্গে থাকে ছোট ছেলে। তার আয়ও খুব বেশি না। ফলে মা আর ছেলের আয় দিয়ে কোনোরকমে চলে আমাদের চারজনের সংসার।

৫ নম্বর ঘাট এলাকার বাসিন্দা ফরাজি শিকদার বলেন, চাচির ছেলেরা তাকে দেখাশোনা করতে না পারলেও তাদের বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ করতে শুনিনি। ছেলেমেয়েরা যেন ভালো থাকে সেই দোয়াই করেন তিনি।

বৃদ্ধা হালিমার দোকানে নিয়মিত চা পান করেন ভ্যানচালক গোলাম রসুল হাওলাদার। তিনি বলেন, চাচি খুব ভালো চা বানাতে পারেন। তাই প্রতিদিন দুই বার চাচির দোকানে চা পান করি।

অন্য ক্রেতা ঘাটের শ্রমিক জহিরুল বলেন, চাচি তার চায়ের মধ্যে আদা আর লবঙ্গ এত বেশি পরিমাণে দেন যে চায়ের স্বাদটাই অন্য সব দোকানের চেয়ে আলাদা হয়ে যায়। যে কারণে কাজের মাঝে সুযোগ পেলেই চাচির দোকানে চা পান করতে চলে আসি।