সাতক্ষীরা প্রতিনিধি ||
সাতক্ষীরায় চাঁদাবাজির অভিযোগে পিরোজপুর সদর থানার এক সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ মার্চ) আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় একটি রিভলবার, ৮ রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন, দুটি হ্যান্ডকাপ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের আব্দুল আলিম সানার ছেলে পিরোজপুর সদর থানার এএসআই রুবেল হোসেন (৩০), পিরোজপুর জেলার মনির হোসেন (৩৫), সোহেল শিকদার (৩৩), আবুল কালাম মৃধা (৩৫) ও গাড়িচালক সাইফুল ইসলাম (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর সদর থানার এএসআই রুবেল হোসেন তিন সঙ্গীকে নিয়ে একটি প্রাইভেটকারে শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আশিকুর রহমানের বাড়িতে যান। এ সময় এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
আশিকুর রহমান টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে রুবেল হোসেন তাকে গ্রেপ্তারের হুমকি দেন। এসময় গ্রামবাসী তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ভুক্তভোগী আশিকুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।











































