Home আঞ্চলিক দিনভর আনন্দ উল্লাসে মেতেছিল কালীগঞ্জের বুদ্ধি ও মানষিক প্রতিবন্ধিরা

দিনভর আনন্দ উল্লাসে মেতেছিল কালীগঞ্জের বুদ্ধি ও মানষিক প্রতিবন্ধিরা

12

কালীগঞ্জের পৌর মেয়রের ব্যতিক্রমী উদ্যোগ

 

 

সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ॥

কয়েক দিন আগে শহরের ট্রাফিক চত্বর থেকে বনভোজনের একটি বাসে উঠতে গিয়েছিল শহরের অতি পরিচিত বুদ্ধি প্রতিবন্ধি হামজা আর দেলোয়ার। কিন্ত বাসে আনন্দে মেতে থাকা লোকজন তাদেরকে সজোরে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছিল। তারপরও বাসে উঠার চেষ্টা চালাচ্ছিল তারা। এক পর্যায়ে বাসটি ছেড়ে চলে গেলেও দুই প্রতিবন্ধি গাড়ির দিকেই তাকিয়ে ছিল। মেইন বাসস্ট্যান্ডে সড়কের পাশে দাঁড়িয়ে দৃশ্যটি নিজের চোখে দেখে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। কিন্ত এরাও তো মানুষ। কোন না কোন বাবা মায়ের সন্তান। নানা অবহেলায় বেঁচে থাকা এ মানুষগুলোরও বিনোদনের অধিকার রয়েছে। নানান ভাবনায় এ জনপ্রতিনিধির মনে দাগ কাটে। সেদিন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন কালীগঞ্জ পৌর এলাকার বিশেষ করে শহরমুখী সব মানষিক প্রতিবন্ধিদের নিয়ে গাঁটের টাকায় বনভোজনে যাবেন। ভাবনা অনুযায়ী শনিবার সকালে প্রায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত মানষিক ও বুদ্ধি প্রতিবন্ধিদের নিয়ে জেলার জোহান ড্রিমভ্যালি পিকনিক স্পটে নানা আয়োজনে মেতে ছিলেন। প্রতিবন্ধিদের নজরদারিতে রাখতে সঙ্গে ছিল সমান সংখ্যক স্বেচ্ছাসেবীও।

বনভোজনে জিয়া, জব্বার, ডাবুল, বিল্লাল, তরিকুল, কবির, শাওনসহ প্রায় অর্ধশত ভারসাম্যহীন প্রতিবন্ধি অংশ নিয়েছিল। সকালে তাদেরকে একে একে বাসে উঠানোর পর ভিতরে তাদের নিয়ন্ত্রনের জন্য বেশ কিছু স্বেচ্ছাসেবি রাখা হয়। এ প্রতিবন্ধিরা শুধু সমাজ নয়, নিজ পরিবারের কাছেও তারা অবহেলার পাত্র। জীবনভর বিনোদন তো দুরের কথা, ঠিকমতো তিন বেলা খাবারও জোটেনা তাদের। তবে এ বনভোজনের মাধ্যমে জীবনে একদিন হলেও এ সকল মানুষের একটা অংশ দিনভর আনন্দে মেতে ছিল তারা। দুপুরের খাবার শেষে প্রত্যেকে পোষাক ও উপহার সামগ্রী নিয়ে বাড়ি ফিরেছে তারা। নিজের গাঁটের টাকায় প্রতিবন্ধিদের নিয়ে এমন আয়োজনে এক দৃষ্টান্ত স্থাপন করলেন কালীগঞ্জের পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ।

 

প্রতিবিন্ধিদের সাথে উল্লাসে মেতে উঠা পৌর মেয়র আশরাফ জানান, মানষিক প্রতিবন্ধিরাও রক্তে মাংশে গড়া মানুষ তাদেরও স্বাদ আল্লাদ বলে কিছু আছে। তবে কারও ওপর বোঝা নয়। কিন্তু আমরা অনেকেই তাদের সেই চাহিদা বিনোদন থেকে বঞ্চিত রাখি। তিনি আরো জানান, অন্যদের মত তাদেরও সব ধরনের আয়োজন ছিল। পিকনিক স্পটের আকর্ষনীয় মাইকেল মধুসুদন মঞ্চটি তাদের জন্য বরাদ্ধ নেওয়া হয়েছিল। তাদের খাবারের তালিকায় ছিল সকালে নাস্তা ও দুপুরের খাবার মেনুতে ছিল ভাত, সবজি, মাংশ, দই, কোমল পানীয়। খাবার শেষে ওইসব প্রতিবন্ধিদের ট্রেন রাইডসে চড়ানো হলে তারা যে আনন্দ লাভ করেছে। জীবনে এমন কোনদিন হয়তোবা আনন্দ উল্লাস বিনোদন পায়নি। তিনি বলেন, বছরে একদিন হলেও তাদের মুখে হাসি ফোঁটাতে পেরে নিজের কাছেই ভালো লাগছে।

এ বনভোজন সফল করতে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনারের পিএস আব্দুর রউফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও কালীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ গনমাধ্যমকর্মীসহ কালীগঞ্জের নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন বলেন, প্রতিবন্ধিদের বিনোদনের বনভোজনে বিশেষ আমন্ত্রনে তিনিসহ তার প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা গিয়েছিলেন। সমাজের এ পিছিয়ে পড়া মানুষগুলোর সঙ্গে তিনিও সারাদিন মেতে ছিলেন। দিনশেষে বেশ ভালো লেগেছে। এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য পৌর মেয়রকে ধন্যবাদ দিতে হয়।