ঝিনাইদহ প্রতিনিধি।।
মাত্র চার কিলোমিটার সড়ক পাকাকরণে চলছে বড় ধরনের অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। ‘যেন সরকারি মাল, দরিয়ামে ঢাল’ অবস্থা। নিম্নমানের ইট-বালি ও ইটের টুকরো দিয়ে করা হচ্ছে রোলার। বরাদ্দের সবটুকু অর্থই চলে যাচ্ছে লুটপাটের খাতায়। নেই কোনো তদারকি।
এমন দৃশ্য ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোয়ালবাড়ি মোড় থেকে কচুয়া বাজার পর্যন্ত ৪ কিলোমিটার এলজিইডি সড়কের পাকাকরণ কাজে।
সরেজমিনে দেখা গেছে, শুক্রবার দিনভর রাস্তার রোলারের কাজ চলছে কিন্তু এলজিইডির কোনো উপ-সহকারী প্রকৌশলী সেখানে নেই।
এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, এই কাজে দেখভালের কোনো নিয়োগ বা নির্দেশনা নেই, তাই তারা কাজের সম্পর্কে বলতে পারছেন না।
স্থানীয় বাসিন্দা সাজেদুর রহমান ও মফিজ উদ্দিন জানান, খুবই নিম্নমানের ইট-বালি আর ইটের টুকরো দিয়ে রাস্তার কাজ হচ্ছে। অবিলম্বে এমন কাজ বন্ধের দাবি তাদের।
রাস্তার এই কাজের ঠিকাদার জালাল উদ্দিন জানান, রাস্তার কাজের মান ঠিক আছে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হচ্ছে না।
এলজিইডির শৈলকুপা উপজেলা প্রকৌশলী রুহুল আমিন জানান, রাস্তার কাজ তদারকির জন্য কর্মকর্তা আছে। তবে এই কাজের ব্যাপারে আজ কিছু জানাতে পারবো না, রোববার জানাবো।











































