Home আঞ্চলিক ঝুঁকির মুখে খাদ্য নিরাপত্তা// আমন মৌসুমে ১ ভাগও ধান সংগ্রহ হয়নি...

ঝুঁকির মুখে খাদ্য নিরাপত্তা// আমন মৌসুমে ১ ভাগও ধান সংগ্রহ হয়নি খুলনা বিভাগে

29

 

ইয়াসিন আহমেদ জীবু //

খুলনা বিভাগে চলতি আমন মৌসুমে ৪০ হাজার ৪৬৯ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার ১’শ দিন পূর্ণ হলেও সংগ্রহ হয়েছে মাত্র ১ টন। এবং ৬৫ হাজার ৮৬০ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ হয়েছে মাত্র ৫৩ হাজার ৫৭৯ টন অর্থাৎ ৬০ শতাংশ। যার ফলে দেখা দিয়েছে খাদ্য নিরাপত্তার ঝুঁকি।

সরকারিভাবে সংগ্রহের জন্য ধানের দাম কম নির্ধারন করায় খাদ্য বিভাগে ধান দিতে অনীহা কৃষকদের। সরেজমিনে দেখা যায়, সরকারের নির্ধারিত দাম ১১’শ ২০ টাকা হলেও বাজার মূল্য মন প্রতি প্রায় ২’শ টাকা বেশি। তবে বাজারে ধানের যোগান বৃদ্ধির সাথে সাথে দাম কমিয়ে দিচ্ছে ব্যবসায়ীরা।এতে লোকসানে পড়ছেন কৃষকরা।

এদিকে একাধিক কৃষকের সাথে কথা বলে জানা যায়, দিনের শুরুতে বাজারে হাসিমুখে আসলেও তাদের ফিরতে হয় মন খারাপ করে। ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না সরকার থেকে আবার ধান ব্যবসায়ীরাও নিচ্ছেন এ সুযোগ। সরকারি মূল্য থেকে নাম মাত্র বেশি টাকা দিয়ে ধান নিচ্ছেন কৃষকদের থেকে। গত বছর যে ধান বিক্রি করেছেন প্রায় ১১’শ টাকা মন আর এবছর তা হয়েছে মনে প্রায় মাত্র ১৩’শ টাকা।

খুলনা জেলা ও মহানগর, রাইস মিল মালিক সমিতি সভাপতি, মুস্তফা কামাল বলেন, “সরকারকে আমাদের সবসময় লসে চাল দিতে হয়, এভাবে চলতে থাকলে খুব শীর্ঘই মিল বন্ধ হয়ে যাবে আমার”। তিনি আরো জানান, সরকারকে লোকসানে চাল দেওয়ার কারণে পাইকারি বাজারে চাল বিক্রিতে তাদের কিছুটা বেশি মূল্য নির্ধারন করতে হচ্ছে। যার ফলে খুচরা বাজারে দেখা দেয় চালের মূল্যের উর্ধ্বোগতি।

খাদ্য বিভাগের তথ্য অনুসারে ধানের সংগ্রহ যোগানে খুলনা বিভাগে সংগৃহীত ১ টনই এসেছে সাতক্ষিরা জেলা থেকে। এদিকে চালের সংগ্রহ যোগানে খুলনা বিভাগের মধ্যে জেলা ভিত্তিক ৯ শত ৩ মেট্রিক টন লক্ষ্যমাত্রার ৪ শতাংশ সরবরাহ করে সবথেকে পিছেয়ে আছে মেহেরপুর জেলা। এরপর ৩ হাজার ২৮৪ মেট্রিক টন লক্ষ্যমাত্রার ১৯ শতাংশ সরবরাহ করেছে মাগুরা জেলা, ৮ হাজার ২২৯ মেট্রিক টন লক্ষ্যমাত্রার ৩২ শতাংশ ঝিনাইদহ, ৩ হাজার ৮৩৪ মেট্রিক টন লক্ষ্যমাত্রার ৪৩ শতাংশ চুয়াডাঙ্গা, ৯ হাজার ৭১ মেট্রিক টন লক্ষ্যমাত্রার ৫৯ শতাংশ খুলনা, ৯ হাজার ৯’শ ৯৯ মেট্রিক টন লক্ষ্যমাত্রার ৬০ শতাংশ যশোর, ৩ হাজার ৮৭ মেট্রিক টন লক্ষ্যমাত্রার ৬১ শতাংশ বাগেরহাট, ১৮ হাজার ৬’শ ৩৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রার ৭৩ শতাংশ কুষ্টিয়া, ১ হাজার ৭৪৯ মেট্রিক টন লক্ষ্যমাত্রার ৭৬ শতাংশ নড়াইল এবং ৭ হাজার ৬৮ মেট্রিক টন লক্ষ্যমাত্রার সর্বোচ্চ ৮৭ শতাংশ সরবরাহ করেছে সাতক্ষিরা জেলা।

আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, খুলনা আব্দুস সালাম বলেন, লক্ষ্যমাত্রা পূরণে নির্ধারিত সময়ের পর নতুন সরবরাহ আদেশের মাধ্যমে মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে। আর ধান সংগ্রহে নিবন্ধিত ১ লাখ ৪৩ হাজার ১১০ জন কৃষকের ও দৃষ্টি আকর্ষণ করা হবে।