Home জাতীয় পুলিশের আরেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুলিশের আরেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

14

 

ঢাকা অফিস।।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার নাজমুল করিম খানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে ৯ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে নাজমুল করিম খানকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সরকারি চাকরি আইনের ৪৫ ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর যে কোনো সময় সরকার জনস্বার্থে প্রয়োজনীয় মনে করলে কারণ দর্শানো ছাড়াই তাঁকে চাকরি থেকে অবসরে পাঠাতে পারবে। তবে যে ক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়োগকারী কর্তৃপক্ষ, সেক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হবে।

গত বছরের ২০ ডিসেম্বর সিআইডির বিশেষ পুলিশ সুপার মুনির হোসেনকে অবসরে পাঠায় সরকার। এ ছাড়া গত ২১ নভেম্বর পুলিশ সুপার জিল্লুর রহমান, ৩১ অক্টোবর ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মাহবুব হাকিম ও সিআইডির অতিরিক্ত ডিআইজি আলমগীর আলম এবং ১৬ অক্টোবর পুলিশ সুপার আলী হোসেন ফকিরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। এর দু’দিন পর সিআইডির বিশেষ পুলিশ সুপার মীর্জা আবদুল্লাহেল বাকী ও দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদর দপ্তরের এসপি (টিআর) মুহম্মদ শহীদুল্লাহ চৌধুরীকে অবসরে পাঠানো হয়।