ইয়াসিন আহমেদ জীবু।।
ধুলো-বালিতে দূষিত হয়ে পড়েছে খুলনার বাতাস। গত নভেম্বর হতে তিন মাসের অধিকাংশ সময়েই অস্বাস্থ্যকর আছে খুলনার বাতাস। বৃদ্ধি পেয়েছে বাতাসের ওজন ও সালফার ডাই-অক্সাইডের মতো মারাত্মক ক্ষতিকর উপাদান। যার ফলে নগরবাসীর মধ্যে দেখা দিয়েছে শ্বাসকষ্ট, হাচিকাশি ও এলার্জি জনিত রোগ। এছাড়াও ধুলো-বালিতে ক্ষতিগ্রস্থ হচ্ছে গাছপালা ও স্থাপনা।

পরিবেশ অধিদপ্তরের বায়ুমান ব্যবস্থাপনার তথ্য অনুযায়ী, খুলনা মহানগরীর বাতাস গত তিন মাসে ৪৭ ভাগ সময়ই ছিলো অস্বাস্থ্যকর, ৪৩ ভাগ সময় ছিলো অতি-অস্বাস্থ্যকর এবং ২ ভাগ সময় ছিলো মারাত্মক অস্বাস্থ্যকর।
বিশ্বস্বাস্থ্য সংস্থার বায়ুমান নিয়ামক অনুযায়ী বাতাসে ধূলিকণা ও ক্ষতিকর গ্যাসের উপস্থিতি শূণ্য থেকে ৫০ পিপিএম থাকলে তা স্বাস্থ্যকর তবে খুলনার বাতাসে থাকছে গড়ে ২’শ পিপিএম এর উপরে।
পরিবেশ অধিদপ্তর উপপরিচালক বেগম শাহনাজ রহমান জানান, সড়ক ও স্থাপনা নির্মাণ, কলকারখানা, মোটরযান সহ ইটভাটার সৃষ্ট ধোয়া এ দূষণের কারণ। তাছাড়াও ট্রান্সবাউন্ডারি অর্থাৎ প্রতিবেশি দেশ ভারতের উত্তর ঝাড়খন্ড, পাটনা ও বিহারের পাওয়ার প্লান্টের দূষিত ধোঁয়া আসছে আমাদের দেশে।

সরেজমিনে দেখা যায়, নগরীর অধিকাংশ সড়ক ও আশপাশে চলছে সড়ক ও স্থাপনা নির্মাণ, ওয়াসা প্রকল্প ও নানাবিধ উন্নয়ন মূলক কাজ।নির্মাণাধীন সড়কে চলছে অগণিত বাস, ট্রাক, অটো ও অন্যান্য যানবাহন। পরিবেশ নীতিমালা অনুযায়ী নির্মাণ সামগ্রী সর্বদা ঢেকে রাখতে হবে ও পানি ছেটাতে হবে নিয়মিত। কিন্তু অনিয়ন্ত্রিত এসব উন্নয়ন কর্মকান্ডে মানা হচ্ছে না এ নীতিমালা। যার ফলে দূষিত হচ্ছে খুলনার বাতাস।
ভুক্তভোগিদের সাথে কথা বলে জানা যায়, খুলনার কোনো রাস্তাতেই এখন স্বাভাবিক চলাচলের সুযোগ নেই। যত্রতত্র ইট-বালির স্তুপ, অনিয়ন্ত্রিত সড়ক ও স্থাপনা নির্মাণ কাজ আর ধূলার মেঘে ঢাকা পড়ছেন তারা। সড়কের কাছে বসবাস করে ঘরের জানালা বন্ধ রাখতে হয় দিনের ২৪ ঘন্টাই।

সিভিল সার্জন সুজাত আহমেদ বলেন, বিষাক্ত বায়ুর ফলে শ্বাসকষ্ট সহ নানাবিধ জটিল রোগে আক্রান্তের হার বেড়েই চলেছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে সর্বদা মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। তিনি আরো জানান, খুলনার বায়ু দূষণ নিয়ন্ত্রণে না আনলে কোনোভাবেই খুলনাকে স্বাস্থ্যসম্মত নগরীতে পরিণত করা সম্ভব নয়।











































