Home আঞ্চলিক এনা পরিবহনের বাসের চাপায় প্রাণ গেল কলেজছাত্রের

এনা পরিবহনের বাসের চাপায় প্রাণ গেল কলেজছাত্রের

16

স্টাফ রিপোর্টার।।

খুলনায় এনা পরিবহনের একটি বাসের চাপায় জুবায়ের হোসেন প্রিয় নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মহানগরীর বৈকালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন এনা পরিবহনের একটি এসি বাস ভাঙচুর করেছে। চালকসহ বাস আটক করে থানায় নিয়ে গেছে খালিশপুর থানা পুলিশ।

ছোট বয়রা মার্কেট রোডের জাকির হোসেনের ছেলে জুবায়ের নগরীর বয়রা মডেল স্কুল অ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়তেন।

এলাকাবাসী জানান, জুবায়ের ও তার কয়েকজন বন্ধু মিলে রাস্তায় দৌড়াদৌড়ি করছিলেন। দুপুর পৌনে ২টার দিকে নতুন রাস্তাগামী একটি সিএনজির সঙ্গে ধাক্কা লেগে জুবায়ের রাস্তার ওপর পড়ে যান। তখন খুলনা থেকে ফুলতলাগামী বাস এনা পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খালিশপুর থানার ওসি শেখ মুনীর উল গিয়াস জানান, চালক ইমাম হোসেনকে আটক ও বাসটিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।