Home আঞ্চলিক রূপসায় সন্ত্রাসী হামলায় এক নারী গুরুতর আহত

রূপসায় সন্ত্রাসী হামলায় এক নারী গুরুতর আহত

102

 

রূপসা প্রতিনিধি।।

রূপসায় পূর্বশত্রুতার জের ধরে ফল ব্যবসায়ি নান্নু তালুকদার ও তার মেয়েকে প্রাণনাশের হুমকিসহ তার বোন আকলিমা বেগমকে বেধড়ক মারপিট করে আহত করা হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে বাগমারা গ্রামের (আড্ডা গলি) বাসিন্দা নান্না তালুকদারের মেয়ে চম্পা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত আকলিমা বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এঘটনায় নান্না তালুকদার রূপসা থানায় লিখিত এজাহার দাখিল করেছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, রূপসার বাগামারা গ্রামের বাসিন্দা (পুলিশ ফাঁড়ির পিছনে) মৃত ইয়াকুব আলী তালুকদারের ছেলে ফল ব্যবসায়ি মোঃ নান্না তালুকদার (৫৫) বাগমারা গ্রামের মৃত মোমিন শেখের ছেলে মোঃ সাইফুল শেখের (৫০) কাছে আম বিক্রি বাবদ ২৭ হাজার টাকা পাওনা রয়েছে। পাওনা টাকা চাওয়া নিয়ে তার সাথে বিরোধ রয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে নান্নু তালুকদার বাগমারা গ্রামে তার মেয়ে চম্পা বেগমের বাড়িতে বেড়াতে যান। তিনি তার মেয়ের বাড়িতে অবস্থানকালে বাগমারা গ্রামের বাসিন্দা মৃত মোমিন শেখের ছেলে মোঃ সাইফুল শেখ (৫০), মোঃ মোবারেক শেখের ছেলে মোঃ মুরাদ শেখ (২৫), আকাশ শেখের স্ত্রী আসমা বেগম (২৫), সাইফুল শেখের স্ত্রী হাসনা বেগম (৪০), মোঃ সাইফুল শেখের মেয়ে সুমাইয়া খাতুন (১৯) ও মৃত মোমিন শেখের মেয়ে সালমা বেগম (৪০) জোরপূর্বক চম্পা বেগমের বাড়িতে প্রবেশ করে নান্না তালুকদারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এসময় তিনি প্রতিবাদ করলে তারা নান্নুকে মারপিট করতে উদ্যত হয়। তিনি প্রাণভয়ে তার মেয়ে চম্পার ঘরে প্রবেশ করেন। এ সময় ফল ব্যবসায়ির বোন আকলিমা বেগম (৬০) বিরোধ ঠেকানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা আকলিমা বেগমকে লোহার রড দিয়ে তার ডান পায়ে বেধড়ক মারপিট করতে থাকে। আকলিমার ডাকচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।