দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ ২৪ ফেব্রুয়ারী
খবর বিজ্ঞপ্তি
দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে এবং পাঠ্যপুস্তক হতে ধর্ম ও জাতিসত্ত্বা বিরোধী বিতর্কিত বিষয়সমূহ বাতিল ও শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবীতে আগামী ২৪ ফেব্রুয়ারী শুক্রবার বাদ জুম’আ দেশব্যাপী থানায় থানায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির এক জরুরী সভা নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি মুফতি আমানুল্লাহ এর সভাপতিত্বে ও নগর সেক্রেটারি মুফতী ইমরান হুসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় মহানগরীর আওতাধীন সকল থানায় আগামী ২৪ ফেব্রুয়ারী পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার সিন্ধান্ত গৃহীত হয়।
সে লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহনের জন্য অধস্তন থানা শাখাকে নির্দেশনা দেওয়া এবং সংশ্লিষ্ট শাখায় প্রস্তুতি সভাসহ থানায় নগর নেতৃবৃন্দ সার্বক্ষণিক তদারকির বিষয়ে বৈঠকে জোরদার ভুমিকা গ্রহন করা হয়েছে।
অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবু গালিব, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, মোল্লা রবিউল ইসলাম তুষার, ফেরাদাউস গাজী সুমন, এইচ এম আরিফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
সাতক্ষীরায় অবাধে ফসলি জমির মাটি উত্তোলন করে বিক্রির অভিযোগ!
খান নাজমুল হুসাইন
সাতক্ষীরা কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামের দক্ষিণ মাঠে নিয়মবহির্ভূত ভাবে ফসলি জমিতে মাটি কর্তন করে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, প্রতিদিন সন্ধার পর থেকে জুবায়ের হোসেন এর নেতৃত্বে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের দক্ষিণ মাঠে এক্সাভেটার (ভেকু যন্ত্র) অর্থাৎ মাটি কাটা যন্ত্রের মাধ্যমে অবাধে ফসলি জমির মাটি উত্তোলন করে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। মাটি বহনে ব্যাবহার করা হচ্ছে সড়ক দিয়ে চলাচল নিষিদ্ধ অনুমোদনহীন ট্রাক্টর। মুলত ফসলি জমি চাষ করার জন্য এসব ট্রাক্টর ব্যবহার করা হয়। অথচ কিছু অসাধু চক্র নিয়মবহির্ভূত ভাবে ট্রাক্টর থেকে চাষের ফালা খুলে অধিক লাভের আশায় বশিভূত হয়ে মাটি বহনের জন্য একটি লোহার চৌবাচ্চা ওয়ার্কশপ থেকে মিস্ত্রি দিয়ে তৈরি করে ট্রাক্টরের সাথে সংযুক্ত করেন মাটি বহনের জন্য। মাটি বহনে নতুন রুপে সজ্জিত সড়কে চলা এসব অনুমোদনহীন ট্রাক্টর টাকার বিনিময়ে ভাড়া নিয়ে চলছে ফসলি জমির মাটি নিধন। সাতক্ষীরা জেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জায়গায় প্রশাসনের একেবারেই নাকের ডগায় চলছে ফসলি জমির মাটি নিধনযজ্ঞ। আইনের তোয়াক্কা না করে সড়ক দিয়ে দাপিয়ে বেড়ানো এসব অনুমোদনহীন মাটি বহনকারী ট্রাক্টর অবাধে বেপরোয়া চলার কারনে পিচের রাস্তা ডেবে খানা খন্দকে পরিনত হওয়ায় সাধারণ মানুষের চলাচলে দারুণ দূর্ভোগ পোহাতে হচ্ছে। হাজার হাজার কোটি টাকা ব্যায়ে নির্মিত এসব সরকারি রাস্তা ব্যপকভাবে ক্ষয়ক্ষতি হলেও মুখে কুলুপ এঁটে বসে আছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জানা গেছে, বেপরোয়া ভাবে মাটকে মাঠ এসব ফসলি জমির মাটি কেটে অবাধে বিক্রি করছে জুবায়ের হোসেন সহ একাধিক চক্র। কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের শাহাদাত মাষ্টার এর ছেলে জুবায়ের হোসেন। অভিযোগ আছে, সড়ক দিয়ে চলাচল করা অনুমোদনহীন এসব ট্রাক্টরে মাটি বহনের ফলে এলাকার বিভিন্ন সড়কে প্রতিদিন ছড়িয়ে ছিটিয়ে পড়ছে অনেক মাটি। সামান্যতম বৃষ্টি হলেই এসব পড়ে থাকা মাটি সড়কে পিচ্ছিল কাঁদায় পরিনত হয়ে ঘটছে বড় ধরনের সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনায় রোষানলে পড়ে অনেকে হারাচ্ছে তাজা প্রান। মুলত এসব দায়ভার চাপানো হয় চালকের উপর। এ ছাড়া চাপিয়ে দেওয়া হয় তাদের কাঁধে অসাবধানতার খ্যাতি। নিষিদ্ধ মাটি বহনকারী এসব ট্রাক্টর প্রতি ৬০০ টাকা থেকে শুরু করে ৮০০ টাকা পর্যন্ত ফসলি জমির মাটি বিক্রি করে হাতিয়ে নিচ্ছে জুবায়ের হোসেন সহ আরও একাধিক অসাধু চক্র। জানা গেছে, মাটি কাটা যন্ত্রের মাধ্যমে অবাধে মাঠকে মাঠ ফসলি জমির উপরের স্তর থেকে প্রায় ২০ /২৫ ফুট পর্যন্ত গভীরতায় মাটি কর্তন করে বিভিন্ন পয়েন্টে ট্রাক্টর যোগে সড়কের উপর দিয়ে মাটি বহন করছে চক্রটি। সাতক্ষীরা জেলার পাশ্ববর্তী যশোর জেলার শর্শা নামক এলাকা থেকে রাস্তা দিয়ে চলা নিষিদ্ধ অনুমোদনহীন এসব মাটি বহনকারী ট্রাক্টর আসাধু কিছু মহল ভাড়া করে ফসলি জমির ক্ষতির পাশাপাশি সড়কের অকল্পনীয় ক্ষতি সাধনের খেলায় মেতেছেন। সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন বিকাল থেকে শুরু হয় ভেকু যন্ত্রের মাধ্যমে ফসলি জমির মাটি কাটার হিড়িক। এর পর কর্তনকৃত জড়ো করে রাখা মাটি কৌশলে সন্ধ্যার সময় সড়কের উপর দিয়ে ট্রাক্টর যোগে বহন করে বিভিন্ন জায়গায় বিক্রি করছে জুবায়ের হোসেন নামে অসাধু চক্রটি। সুশীল সমাজের মতে এভাবে প্রতিনিয়ত মাঠকে মাঠ ফসলি জমির উর্বর মাটি কর্তন করে অবাধে বিক্রি করায় দিনকে দিন হ্রাস পাচ্ছে কৃষি জমি। সেকারণে ফসলি জমির আবাদ করা থেকে ছিটকে পড়ছে কৃষক। একদিকে যেমন দেখা দিচ্ছে খাদ্য উৎপাদনের সংকট অন্য দিকে সড়ক দিয়ে দাপিয়ে চলা অনুমোদনহীন মাটি বহনকারী ট্রাক্টর চলায় সড়কের অকল্পনীয় ক্ষতির মুখে পড়ে দেশের সড়ক অবকাঠামো ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এর ফলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যহত হবে না এ কথা অস্বীকার করার নয়। এ বিষয় ফসলি জমির মাটি বিক্রেতা কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের জুবায়ের হোসেন এর সাথে মুঠো ফোনে আলাপকালে বলেন, আমার নিজ জমি থেকে ভেকু যন্ত্রের মাধ্যমে মাটি কাটছি। মাটি বিক্রির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি কোন মাটি বিক্রি করছি না। মাটি কেটে ট্রাক্টর যোগে অন্যাত্রে আমার জমি ভরাট করছি। এ বিষয় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস এর সাথে মুঠো ফোনে আলাপকালে তিনি তার অফিসে যেয়ে বক্তব্য নেওয়ার কথা বলেন। এ বিষয় কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা এর সাথে মুঠো ফোনে একাধিকবার আলাপের চেষ্টা কালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে নিয়মবহির্ভূত ভাবে ফসলি জমির মাটি নিধন করে বিক্রি এবং অনুমোদনহীন ট্রাক্টর যোগে মাটি বহনের ফলে সরকারি রাস্তার অবকাঠামো ক্ষয়ক্ষতির সাথে জড়িত জুবায়ের হোসেন এর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সুশীল সমাজ।
নর্দান ইউনিভার্সিটিতে শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
মহান শহিদ দিবস উপলক্ষ্যে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মে. শাহ্ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এটিএম জহিরউদ্দিন। ভাষা শহিদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, ‘বাঙ্গালি হিসেবে এটা আমাদের পরম গৌবরের বিষয় যে, ২১শে ফেব্রুয়ারি আজ বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।’ একুশের চেতনা শুধু মুখে নয় বরং বাস্তবেও প্রতিফলিত করার জন্য তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কলা ও সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন ড. আশিকুদ্দিন মো. মারুফ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর জালাল উদ্দিন আহমেদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ার্দার প্রমুখ।
অনুষ্ঠান শেষে সদ্য অনুষ্ঠিত হওয়া নারী শিক্ষক-কর্মকর্তাদের ইনডোর গেমস ও পুরুষ শিক্ষক-কর্মকর্তাদের ব্যাটমিন্টন টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ফকিরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। তিনি সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বেতাগা মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিকে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ বিশ্বাস, বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান ইউনুস আলী শেখ, সেনেটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র, এমপিইপিআই মো. কামাল হোসেনসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
এদিকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য সকাল থেকে কেন্দ্রে শিশুদের নিয়ে ভিড় করেন অভিভাবকরা। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, অত্র উপজেলায় ৬ মাস থেকে ৫বছরের কম বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হয়েছে। এদিন উপজেলায় মোট ১৪হাজার ৫৪৮জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছেন।
জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ফুটবল প্রশিক্ষণের সমাপনী
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২২-২৩ এর আওতায় ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ বাছাই অনুষ্ঠিত হয়েছে। চিরুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে রোববার বিকেল ৪টায় অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান, ক্রীড়া শিক্ষক মোস্তাহিদুর রহমান মুক্তসহ বিভিন্ন শিক্ষক ও ৮৫ প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানেস্থানীয় প্রবীণ ক্রীড়াবিদগন উপস্থিত ছিলেন।
মহেশপুরের কোদলা নদীর উপর নব-নির্মিত ব্রিজের উদ্বোধন
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী সুন্দরপুর-জলুলী সড়কের কোদলা নদীর উপর নব-নির্মিত ব্রিজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল কোদলা নদীর উপর নব-নির্মিত ব্রিজের শুভ উদ্বোধন করেন।
উপজেলা প্রকৌশলী সৈয়দ শাহরিয়ার আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত নব-নির্মিত ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ প্রমুখ।
খেলাধুলা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটায়: খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীতে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার সকাল ১০ টায় কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল প্রাঙ্গণে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, খেলাধুলা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটায়। সে কারণে শিক্ষার পাশাপাশি শিশুদের খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে। শিশুদের জাতির ভবিষ্যৎ কর্ণধার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা জরুরী। সরকারও খেলাধুলার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, দেশের খেলাধুলার উন্নয়ন, শিশু সুরক্ষা ও অবহেলিত সুবিধাবঞ্চিত শিশু কিশোর এবং গ্রামীণ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ এর পারস্পারিক সহযোগিতায় প্রাথমিকভাবে দেশের ২৫টি জেলার উপজেলাসমুহে ও ১২টি সিটি কর্পোরেশনে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল ওয়াদুদ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার। স্বাগত বক্তৃতা করেন জেলা ক্রীড়া অফিসার বখতিয়ার রহমান গাজী। ইউনিসেফ-এর প্রজেক্ট অফিসার ডালিয়া আক্তার, হাজেরা খাতুনসহ স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল ও নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠের বালিকা শিক্ষার্থী এবং নৌবাহিনী মাধ্যমিক বিদ্যালয় ও বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের বালক শিক্ষার্থীদের মধ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় ও বি.কে ইউনিয়ন ইনস্টিটিউশনের বালক শিক্ষার্থী এবং এসওএস হারম্যান জিমিনার স্কুল ও হাজী মালেক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বালিকা শিক্ষার্থীদের মধ্যে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভলিবল প্রতিযোগিতারও শুভ সূচনা করেন। কাউন্সিলর আশফাকুর রহমান কাকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটিতে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা
তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামানা আরেফ বিল্লাহ হজরত শাহ্সুফি আলহাজ্ব খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫০ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে রাঙ্গামাটিতে খানবাহাদুর আহ্ছনউল্লা (র.) এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় সংযোগ (মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নেটওয়ার্ক) এর আয়োজনে রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মুলবক্তা হিসেবে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জীবনী সম্পর্কে স্মৃতিচারণ করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের পরিচালক ও সংযোগের সভাপতি ইকবাল মাসুদ। এসময় তিনি বলেন-হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এঁর মূলকথা ছিল মানবতা। তিনি ছিলেন অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংষ্কারক, প্রখ্যাত সাহিত্যিক, সমাজ সংস্কারক ও মহান সূফী সাধক। তিনি বাঙালী মুসলমানদের অহংকার এবং তার কালের আলোকিত এক সূর্য্যস্নাত মহাপুরুষ।
উক্ত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সংযোগের সাধারাণ সম্পাদক ইমামুল ইসলাম সিকদার রনি, রিকভারী গেট টুগেদার আয়োজন কমিটির আহ্বায় শামীম খান সহ আরোও অনেকে।
এসময় হযরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জীবন ও কর্ম নিয়ে বক্তব্যকালে বক্তারা বলেন, হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.) ছিলেন আমাদের জন্য রোল মডেল। কারণ তিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে অবিভক্ত বাংলায় শিক্ষা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা হওয়া সত্ত্বেও আল্লাহ ও রাসূলের সকল আদেশ, নিষেধ অনুসরণ করে হয়েছেন পীরে কামেল। তিনি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন। তার মত ও পথ ছিল আদর্শিক।
স্ত্রীর দাবিতে আসা নারায়ণগঞ্জের নারীকে নির্যাতন
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লাহ থানার সস্তাপুর গ্রামের বাসিন্দা জোসনা আক্তার ভালবেসে ২০১৬ সালে বিয়ে করেন মহেশপুর উপজেলার সূর্যদিয়া গ্রামের শফি উল্লাহ ছেলে সলেমান হোসেনকে। দীর্ঘদিন সংসার করলেও গ্রামের বাড়ি ফিরে তার সাথে যোগাযোগ বন্ধ করেন স্বামী সলেমান। গত রবিবার (১৯ ফেব্রুয়ারী) জোসনা আক্তার স্ত্রীর দাবিতে সলেমানের বাড়িতে অবস্থান করেন। এসময় সলেমান তাকে অস্বীকার করলে বাড়ির লোকজন স্ত্রীর মর্যাদা না দিয়ে মারপিট করেন। এমন অভিযোগে মহেশপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন গার্মেন্টস কর্মী জোসনা আক্তার। এব্যাপারে মহেশপুর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
জোসনা আক্তার জানান, নারায়ণগঞ্জের গার্মেন্টসে একসাথে কাজ কালিন সলেমান তাকে বিয়ে করেন। বিয়ের পর একত্রে কয়েকবার গ্রামের বাড়ি সূর্যদিয়া এসে সংসারও করেছেন জোসনা। এসে দীর্ঘদিন একত্রে সংসারও করেছেন। নিজের গলার স্বর্ণের চেইন বিক্রি করে ৮০ হাজার টাকা তুলে দেন স্বামীর হাতে। কিন্তু কিছুদিন আগে গ্রামের বাড়ি ফিরে আর কোন যোগাযোগ না করলেও স্বামীর বাড়িতে অবস্থান নেন তিনি।
মহেশপুর থানায় ওসি খন্দকার শামীম উদ্দিন লিখিত অভিযোগে বিষয়টি নিশ্চিত করেছেন।
মহেশপুরের পঁচিশ মাদরাসার একটিতেও নেই শহীদ মিনার
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
১৯৫২-এর ২১ শে ফেব্রুয়ারী ভাষা আন্দোলনে বাংলা ভাষার জন্য আত্মোৎসর্গ করেছিলেন যারা, তাদের স্মরণে নির্মিত হয় শহীদ মিনার। এর মাধ্যমে ইতিহাসকে হৃদয়ে ধারণ করা ও অমর ব্যক্তিদের শ্রদ্ধা জানানোর কঠিন কাজটা সহজ হয়ে যায়। কিন্তু ঝিনাইদহের মহেশপুর উপজেলার ২৫ টি মাদরাসার একটিতেও শহীদ মিনার নেই।
সরেজমিনে দেখা যায়, এ উপজেলায় ১০টি কলেজের মধ্যে ৮টিতে, ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২২টিতে, ৪৯ মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৩০টিতে ও ১০টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে একমাত্র গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। এদিকে উপজেলার ২৫টি মাদরাসার মধ্যে একটিতেও কোন শহীদ মিনানের অস্তিত্ব নেই। মহেশপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল বলেন, শহীদ মিনার নির্মাণের জন্য প্রতিটি স্কুল, কলেজ ও মাদরাসার প্রধান শিক্ষকদের কাছে চিঠি দেওয়া হয়েছে।
প্রেসক্লাবের আলোচনা আজ
খবর বিজ্ঞপ্তি
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে । কর্মসূচির মধ্যে রয়েছে ২০ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাত ১২.০১ মিনিটে শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ। এছাড়া আগামীকাল ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। খুলনা প্রেসক্লাবের সকল সদস্য ও অস্থায়ী সদস্যদেরকে এসকল কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে খুবিতে কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
২১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৬টা ৩০ মিনিটে শহিদ তাজউদ্দীন আহমেদ ভবনের সম্মুখে কালোব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালোপতাকা উত্তোলন, এর পরপরই কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, এরপর ল্যাঙ্গুয়েজ ল্যাব উদ্বোধন, সকাল ১০টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা, বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রদীপ প্রজ্বালন। এছাড়াও বিকাল ৪টা থেকে ৯টা পর্যন্ত মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
কালিগঞ্জে আদি যমুনা নদী খননে দুর্নীতি ও অনিয়ম বন্ধে মানবন্ধন
কালিগঞ্জ প্রতিনিধিঃ
সম্মিলিত সামাজিক আন্দোলন কালিগঞ্জ শাখার আয়োজনে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরার কালিগঞ্জ টু শ্যামনগর রোডের মৌতলা বাসস্ট্যান্ড সংলগ্ন যমুনা নদীর পশ্চিম পাড়ে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ উপজেলা সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এ্যাড. হাবিব ফেরদৌস শিমুলের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন উপজেলা কমিটির উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
তিনি বলেন আদি যমুনা নদীর কালিগঞ্জ অংশে নদী খননে যে দুর্নীতি ও অনিয়ম হচ্ছে তা কল্পনাতীত। ২০১০ সালে ৮০ ফুট প্রশস্ত করে নদীটি খনন করা হয়। কিন্তু বর্তমানে সেই যমুনা নদী ৬০ ফুট খনন করে বাকি ২০ ফুট ভরাট করে দেওয়া হচ্ছে। ওয়াবদা ও একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের যৌথ সিন্ডিকেটের মাধ্যমে অনিয়মের বিষয়টি প্রকাশ্যে এসেছে। ৪৪টি খাল এবং ৪২টি বিল এর সাথে সম্পৃক্ত মানুষের জীবন জীবিকায় এই আঁদি যমুনা নদী ভূমিকা রাখে।
কিন্তু বর্তমানে তা ব্যাহত হচ্ছে।তিনি আরো বলেন ভারতের ইছামতি নদীর লবণাক্ততা পানি যমুনা নদী হয়ে মাদার নদী দিয়ে মালঞ্চ নদীতে পড়ে। সেই পানি সুন্দরবনের তথা কালিগঞ্জ শ্যামনগর উপজেলার জীববৈচিত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।তিনি বলেন পানি উন্নয়ন বোর্ডের সার্ভে টিম সার্ভে করে ৪ কোটি টাকার স্টিমেট দিয়েছে। কিন্তু বর্তমান খননে এক কোটি টাকাও ব্যয় হবে না বলে সংশ্লিষ্ট সকলের ধারণা। এছাড়াও আদি যমুনা নদী খননে কালিগঞ্জ কিংবা শ্যামনগর অংশের কোথাও প্রকল্পের সাইনবোর্ড নেই। এ ছাড়াও তাদের বিরুদ্ধে সামাজিক উন্নয়নকারীদের অভিযোগ যে, তাদের লাগানো গাছ মাটি চাপা দিয়ে মেরে ফেলা হচ্ছে। এলাকায় কতিপয় ভূমির দুস্য সরকারী জায়গা দখল করে উন্নয়ন বাধা গ্রস্থ করছে। তিনি দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সকল দপ্তরে আহ্বান করে বলেন সম্পৃক্ত অভিযুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
এসময় আরো বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান।সম্মিলিত সামাজিক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদ হোসেন। জেলা কমিটির সহ-সভাপতি কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আশেক মেহেদি, কালিগঞ্জ সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটির উপদেষ্টা ডি আর এম আইডিয়াল কলেজের অধ্যক্ষ আবুল বাশার,বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা বাবর আলী,এ্যাডভোকেট শামীম জাহান রুবেল, সংগঠনিক সম্পাদক অনিক মেহেদী,সুমন হোসেন প্রমুখ।
রামপালে প্যারিস এগ্রিমেন্ট ; বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক আলোচনা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে বাঁধন এর আয়োজনে প্যারিস এগ্রিমেন্ট ; বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঁধন বাগেরহাট জেলার নির্বাহী পরিচালক এস, এম মনজুরুল হাসান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম।ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহাফুজুল হক টুকু, জনস্হাস্থ প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, ছাত্র লীগের সভাপতি মো. হাফিজুর রহমান, প্রেসক্লাবের সহ সভাপতি খৈয়ম হোসেন খিজির, রবিউল ইসলাম, চয়ন মন্ডল, বাঁধনের জলবায়ু ও সুশাসন প্রকল্পের সহায়ক শেখ শামীম হাসান প্রমুখ।
২৬দিন পর ডুবন্ত কার্গো জাহাজ উদ্ধার, পানিতে দ্রবীভূত হলো ৫শ মেট্টিক টন সার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দরের পশুর নদীতে সার নিয়ে ডুবে যাওয়া কার্গো জাহাজ এম,ভি শাহজালাল এক্সপ্রেস ২৬দিন পর উদ্ধার হয়েছে। সার গলে পানিতে মিশে যাওয়া তার ছিটেফোঁটাও তোলা সম্ভব হয়নি। ডুবে যাওয়া কার্গো জাহাজটি উত্তোলন করেছেন মোংলার খানজাহান আলী স্যালভেজ এন্টারপ্রাইজ। খানজাহান আলী স্যালভেজ এন্টারপ্রাইজের মালিক আবুল কালাম চৌধুরী জানান, মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ৮ নম্বর এ্যাংকোরেজ এলাকায় ডুবে যাওয়া সার বোঝাই কার্গো জাহাজটি দুর্ঘটনাকবলিত হওয়ার ২৬দিন পর রবিবার উদ্ধার করা হয়েছে। লোহার ওয়াররোপ দিয়ে সিলিং করে দুইপাশে পল্টুন বয়া বেঁধে ভাসিয়ে তোলা হয় জাহাজটি। এরপর ভাসিয়ে এনে জাহাজটি সোমবার সকালে বন্দর কর্তৃপক্ষের পরিদর্শক বাংলা পারিজাতের পিছনে পশুর নদীর চরে উঠিয়ে রাখা হয়েছে। এখান থেকে এটিকে খুলনায় ডকইয়ার্ডে নেয়া হবে বলেও জানান তিনি।
কার্গো জাহাজ মালিক আজহার সিদ্দিক বাদশা বলেন, গত ২৪ জানুয়ারী হাড়বাড়ীয়ার ৯ নম্বর এ্যাংকোরেজের একটি বিদেশী জাহাজ থেকে সার বোঝাই করে খুলনার উদ্দেশ্যে রওনা করলে পথিমধ্যে ঘন কুয়াশা ও প্রচন্ড স্রোতের তোড়ে পড়ে ৮ নম্বর এ্যাংকোরেজে থাকা অপর একটি বিদেশী জাহাজের সাথে ধাক্কা লেগে প্রায় ৫শ মেট্টিক টন সার নিয়ে কার্গোটি ডুবে গিয়েছিলো। এরপর বন্দর কর্তৃপক্ষ ১৯ ফেব্রুয়ারীর মধ্যে কার্গোটি উত্তোলনের সময়সীমা বেঁধে দেন। সেই সময়ের মধ্যে আমরা স্থানীয় স্যালভেজ দিয়ে ওই জাহাজটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে সমুদয় সার পানিতে গলে দ্রবীভূত হয়ে যায়।
দাকোপে মুকুলে মুকুলে ভরে গেছে আমবাগান, বাম্পার ফলনের আশায় দিনগুনছে চাষীরা
বাজুয়া ( দাকোপ) প্রতিনিধি
দাকোপের সকল এলাকায় মুকুলে মুকুলে ছেয়ে গেছে আমগাছ। প্রতিটি আমবাগানেই কেবল শোভা পাচ্ছে সোনালি মুকুল। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন বাগানমালিকরা। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে আমগাছগুলো। তবে বড় আকারের তুলনায় ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে। মুকুল ঘিরে স্বপ্ন দেখছেন চাষিরা। জেলায় উৎপাদিত বিখ্যাত পণ্যের মধ্যে অন্যতম হিমসাগর ও ল্যাংড়া আম। স্বাদ ও গন্ধের কারণে দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে এ জেলার আম। এজন্য বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে অনেক আমবাগান। এবার আমগাছে ভালো মুকুল আসায় খুশি বাগানমালিকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর প্রচুর ফলনের আশায় দিন গুনছে আমবাগান মালিকেরা। গত বছরের তুলনায় এবার আমের মুকুল বেশি তাই ফলন বেশি হবে বলে আশা করা যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ ও হপার পোকার সংক্রমণে আমের উৎপাদনও কম হয়েছিল গতবছর। এবার আগে থেকেই বাগান পরিচর্যা, হপার পোকা দমনে অগ্রিম কীটনাশক প্রয়োগসহ গাছে সার ও পানির ব্যবস্থা করায় ব্যাপক মুকুল এসেছে। এ বছর ৩৭ হাজার মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। এবছর সাড়ে সাত বিঘা জমিতে আমের বাগান করেছেন সদর উপজেলার সুমন আলী। তিনি জানান, এক বিঘা জমিতে আমগাছ থাকে ৮-১০টি। প্রতি বিঘা জমির বাগান পরিচর্যা, কীটনাশক প্রয়োগ, সার ও সেচ দিয়ে আম বাজারজাত করা পর্যন্ত ৩৫-৪০ হাজার টাকা খরচ হয়। ফলন আশানুরূপ হলে প্রতি বিঘা বাগান থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আম বিক্রি করা সম্ভব।
উপজেলার বাজুয়া গ্রামের আমচাষি সিরাজুল ইসলাম বলেন, আমার ১৫ বিঘা জমিতে আমবাগান আছে। এবার শতভাগ মুকুল এসেছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে ও আমের বাজার ভালো পেলে লাভবান হওয়ার আশা করছেন তিনি। একই গ্রামের বাগানমালিক সাখাওয়াত হোসেন বলেন, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় গাছে আগাম মুকুল এসেছে। কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা বাগানে এসে আমের ভালো ফলন পাওয়ার বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। গাছে যাতে হপার পোকার আক্রমণ না হয়, সেজন্য বাগানগুলোতে কীটনাশক স্প্রে করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, এবছর আমের মুকুল এসেছে অনেক। আবহাওয়া খুব ভালো আছে। কৃষি বিভাগ থেকে সময়মতো কীটনাশক প্রয়োগসহ বাগান পরিচর্যার পরামর্শ দেওয়া হচ্ছে। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার জেলায় আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
দাকোপের বাজুয়াতে নাম যজ্ঞ পরিদর্শনে ভারতীয় সহকারি হাই কমিশনার
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া খুটাখালী আর্য হরিসভা মন্দিরে ৭ দিন ব্যাপি মহা নাম যজ্ঞের শেষ দিনে মন্দির পরিদর্শন করেছেন খুলনাস্থ ভারতীয় সহকারি হাই কমিশনার ইন্দ্রজিৎ সাগর। ১৯ শে ফেব্রুয়ারি রোজ রবিবার দুপুরে সহকারী হাই কমিশনার মন্দির প্রাঙ্গনে পৌছালে মন্দির কমিটির মহাসচিব সরোজিৎ রায়ের নেতৃত্বে মান্যবর অতিথিকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও পবিত্র ধর্ম গ্রন্থ প্রদান করা হয়। দাকোপ উপজেলার সর্ব বৃহৎ এই মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শনকালে তিনি যজ্ঞভূমির বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং কীর্তনিয়া ভক্তদের সাথে প্রণাম বিনিময় করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায়, কৈলাগঞ্জ ইউপি চেয়ারম্যান মিহির কুমার মণ্ডল, লাউডোব ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ সহ মন্দির কমিটির সদস্যবৃন্দরা।
বেনাপোলে যাত্রীর জুতার মধ্যে পাওয়া গেল ৩০ হাজার মার্কিন ডলার: আটক ১
বেনাপোল প্রতিনিধি।।
যশোরের বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে ৩০ হাজার মার্কিন ডলারসহ তোফাজ্জল হোসেন (৫২) নামে এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। সে মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। রোববার (১৯ ফেব্রুয়ারি) নয়টায় কলকাতা হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ডলারসহ তাকে আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, তার নির্দেশনায় আমড়াখালি বিজিবি চেকপোস্টের সুবেদার আহাদ আলী এর নেতৃত্বে একটি নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আমড়াখালী চেকপোষ্টের সামনে কলকাতা হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে একজন যাত্রীকে সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় তার পায়ের জুতার মধ্যে ৩০ হাজার মার্কিন ডলার পাওয়া যায় এবং তাকে আটক করা হয়। যার বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ টাকা। পরে তার ব্যাগ তল্লাশি করে ভারতীয় একটি আই ফোনসহ দুইটি মোবাইল জব্দ করা হয়। আটককৃত মোবাইল ও ইউএস ডলারসহ সিজার মূল্য ৩৩ লাখ ৪০ হাজার টাকা।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি মার্কিন ডলার কলকাতা থেকে অবৈধভাবে বহন করছিল বলে বিজিবির কাছে স্বীকার করেন। আটককৃত মার্কিন ডলার ও মোবাইলসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
২০ সোনার বার ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক
খুলনাঞ্চল রিপোর্ট
ফরিদপুরের মধুখালীতে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ২০টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তৌফিক খান সাদিদকে আটক করেছে মধুখালী থানা পুলিশ।
রোববার সন্ধ্যায় তাকে বালিয়াকান্দি থেকে আটক করা হয়। বিষয়টি সোমবার দুপুরে যুগান্তরকে নিশ্চিত করেছেন মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম। সাদিদ বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে।
মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, গত শুক্রবার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী গড়াই সেতুর টোলঘর এলাকায় রাসেল মিয়া নামে এক স্বর্ণ ব্যবসায়ী কুমিল্লা থেকে চুয়াডাঙ্গা যাচ্ছিলেন। যাওয়ার পথে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ২০টি সোনার বার ছিনতাইয়ের ঘটনা ঘটলে রাসেল মিয়া ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জনকে আসামি করে মধুখালী থানায় একটি মামলা দায়েরে করেন।
তিনি বলেন, মামলার পর অভিযান চালিয়ে ওই রাতেই মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের তারা মিয়ার ছেলে রইচ মোল্লাকে তারা গ্রেফতার করা হয়। আদালতে রইচ মোল্লার স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্র ধরে রোববার সন্ধ্যায় মো. তৌফিক খান সাদিদকে বালিয়াকান্দি থেকে আটক করা হয়। সোমবার তার রিমান্ড চেয়ে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদক ধ্বংস
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে বিজিবি। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গার-৬ বিজিবি ব্যাটালিয়ন মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, ২০২০ সালের জুন মাস থেকে ২০২২ সালের জুলাই মাস পর্যন্ত সীমান্ত এলাকা থেকে উদ্ধার মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, এরমধ্যে ফেনসিডিল ২৬ হাজার ১৮৮ বোতল, মদ ৪ হাজার ৭৪৯ বোতল, ৬৭০ কেজি গাজা, ৩৭ লিটার দেশীয় মদ, ৭ বোতল বিয়ার, ৬১১ পিচ ইয়াবা, ৩৭ কেজি আলফিকিরি সীসা, ৩৮ গ্রাম ফেচুয়া পাউডার, ৩ হাজার ৬৩৬ প্যাকেট ভারতীয় বিড়ি, ৬ হাজার ১৮৪ প্যাকট সিগারেট, ৫ হাজার ৯৭৯ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ২ হাজার ৫৫০ পিস ইনজেকশন, ৪৭ গ্রাম কোকেন ও ৫.৫২ কেজি হেরোইন ধ্বংস করা হয়।
এসময় যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল এমারাত হোসেন, চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন উপস্থিত ছিলেন।
মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগরে শিশু ধর্ষণের দায়ে খোকন ওরফে প্রতীক (৩৫) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তৌহিদুল ইসলাম এ রায় দেন।
খোকন মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মুকুল শেখ ওরফে মুকুল ডাকাতের ছেলে। তাকে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) একেএম আসাদুজ্জামান জানান, ২০১৭ সালের ৪ ফেব্রুয়ারি প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণ করে খোকন। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা এসআই সুব্রত কুমার পাল একমাত্র আসামি খোকনকে দোষী সাব্যস্ত করে চার্জশিট দেন।
দীর্ঘ শুনানি শেষে আদালত খোকনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ পাঁচ লাখ জরিমানা করেন। অনাদায়ে তাকে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামের মাধ্যমে বিক্রি করে ক্ষতিপূরণ বাবদ ধর্ষিতাকে পাঁচ লাখ টাকা ট্রাইব্যুনালে জমা দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেন আদালত।
বাগেরহাটে অস্ত্র-গুলিসহ ৯ মামলার আসামি গ্রেফতার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে অস্ত্র ও গুলিসহ ৯ মামলার আসামি নয়ন কাজীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। নয়ন কাজী সদর উপজেলার মুক্ষাইট গ্রামের মো. আব্দুল মজিদ কাজীর ছেলে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল ইনচার্জ ইন্সপেক্টর এস এম আশরাফুল আলম জানান, রোববার বিকেলে সদর উপজেলার মুক্ষাইট গ্রামে নিজ বাড়ি থেকে ১টি অস্ত্র, ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলিসহ তাকে আটক করে ডিবি পুলিশ। গ্রেফতার নয়ন কাজীর বিরুদ্ধে বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন, চুরি ও অস্ত্র মামলা সহ নয়টি মামলা চলমান রয়েছে।
টুঙ্গিপাড়ায় ফসলি জমি নষ্ট করে জোরপূর্বক দখলের অভিযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিন ফসলি জমির মাটি খনন করে জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে ঝালকাঠির নলছিটি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন দাড়িয়ার বিরুদ্ধে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের নুরুল ইসলাম তালুকদার। অভিযুক্ত বদরুল আমিন দাড়িয়া টুঙ্গিপাড়ার পার্শ্ববর্তী নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের প্যানাখালী গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নুরুল ইসলাম তালুকদার বলেন, টুঙ্গিপাড়া উপজেলার ঝনঝনিয়া মৌজার বিআরএস ২১৭৯/২ খতিয়ানের ২১৬ দাগের ৩২.৫০ শতাংশ ও ২১৭ দাগের ১.২৫ একর জমি আমার পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি। যা আমরা বিগত ৪০ বছর ধরে ভোগদখল করছি। গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে লেবুতলা গ্রামের ওই ৩২.৫০ শতাংশ জমি বিক্রি করতে বলে। আমি জমি বিক্রি করতে না চাইলে শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে ৩০ জন লোক নিয়ে আমার তিন ফসলি জমি নষ্ট করে ভেকু মেশিন দিয়ে মাটি খনন করে বদরুল ও তার দুই শ্যালক। তখন এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে লোকজন জড়ো করে ৯৯৯ এ ফোন করি। তখন বদরুল ও তার লোকজন ভেকু মেশিন নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তার দুই শ্যালক সাজ্জাদ ও রাজু তাদের পরিবারের সবাইকে খুন করার হুমকি দেয়।
তিনি আরও বলেন, কিছুদিন আগেও টুঙ্গিপাড়ার লেবুতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মিনজিল হোসেনের সম্পত্তি দখল করতে তাদের মেয়েদের মারধর করে। বদরুল ঝালকাঠির নলছিটি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার পদে চাকরি করলেও তার মূল ব্যবসা ভূমি দস্যুতা। তাই এই ভূমিদস্যুর হাত থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে অভিযুক্ত বদরুল আলম দাড়িয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তার শ্যালক রাজু তালুকদার বলেন, ওই জায়গা আমাদের। তাই আমরা ভেকু দিয়ে মাটি খনন করেছি। কিন্তু তাকে কোনো রকম হুমকি দেইনি।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ব্রয়লার মুরগিতে মিলেছে ক্ষতিকর চার ভারী ধাতু
স্টাফ রিপোর্টার
খুলনায় ব্রয়লার মুরগিতে পাওয়া গেছে ক্ষতিকর চারটি ভারী ধাতু। খাবার থেকে মুরগির শরীরে ঢুকছে এই ধাতু। যা না জেনেই প্রতিনিয়ত খাচ্ছে অনেক মানুষ। অতিমাত্রার এসব ভারী ধাতু মানবদেহের জন্য ক্ষতিকর। খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের গবেষণায় উঠে এসেছে এসব চিত্র। এ অবস্থায় অর্ধ সিদ্ধ মুরগির মাংস না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী তাশরিফ আহমেদ শিক্ষকদের তত্ত্বাবধানে ‘এসেসমেন্ট অব হেভি মেটালস ইন ব্রয়লার চিকেন অ্যান্ড ইটস সোর্স ট্রাকিং ইন খুলনা সিটি করপোরেশন এরিয়া’ শিরোনামে সম্প্রতি একটি গবেষণা করে। ওই গবেষণার জন্য তিনি নগরীর ময়লাপোতা সন্ধ্যা বাজার, রূপসা ঘাট, বয়রা বাজার, নিউমার্কেট কাঁচা বাজার ও নিরালা বাজার থেকে ব্রয়লার মুরগি কিনে ল্যাবে নিয়ে যান। এরপর ল্যাবে ব্রয়লার মুরগির মাংস ও হাড় নিয়ে গবেষণা করেন।
গবেষণাটির উদ্ধৃতি দিয়ে তাশরিফ আহমেদ জানান, ভারী ধাতু নিকেলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত মাত্রা প্রতি কেজিতে শূন্য দশমিক ৫ মিলিগ্রাম। কিন্তু মাংসে পাওয়া গেছে ১২৮ মিলিগ্রাম ও হাড়ে ৭৯ মিলিগ্রাম। ক্রোমিয়ামের অনুমোদিত মাত্রা ১ মিলিগ্রাম হলেও পাওয়া গেছে মাংসে ১২ দশমিক ৫ মিলিগ্রাম ও হাড়ে ১০ দশমিক ৪৫ মিলিগ্রাম।
সীসার অনুমোদিত মাত্রা ০ দশমিক ১ মিলিগ্রাম হলেও মাংসে পাওয়া গেছে ১৮ দশমিক ৫২ মিলিগ্রাম ও হাড়ে ৩ দশমিক ৭২ মিলিগ্রাম। আর্সেনিকের অনুমোদিত মাত্রা ০ দশমিক ১ মিলিগ্রাম হলেও মাংসে পাওয়া গেছে ০ দশমিক ৪৩ মিলিগ্রাম ও হাড়ে ০ দশমিক ৩৭ মিলিগ্রাম।
ওই শিক্ষার্থী বড়বাজার ও অন্য কয়েকটি স্থান থেকে ১৫টি কোম্পানির পোল্ট্রি ফিড (মুরগির খাবার) সংগ্রহ করে তা ল্যাবে পরীক্ষা করেন। তাতে দেখা যায়, প্রতি কেজিতে নিকেলের মাত্রা ১ দশমিক ৯৩ মিলিগ্রাম, ক্রোমিয়ামের মাত্রা ৬০ দশমিক ৫৮ মিলিগ্রাম এবং সীসার মাত্রা ৫ দশমিক ৮৬ মিলিগ্রাম। তাশরিফ আহমেদ জানান, পোল্ট্রি ফিডে সীসার অনুমোদিত মাত্রা ০ দশমিক ০৫ মিলিগ্রাম। কিন্তু পাওয়া গেছে অনেক বেশি। নিকেল ও ক্রোমিয়ামের কোনো অনুমোদিত মাত্রা বের করেনি সংস্থাটি। আর তিনি আর্সেনিকের পরীক্ষাটি করতে পারেননি।
তিনি জানান, পরবর্তীতে বিভিন্ন হোটেল-রেস্তোরায় ব্রয়লার মুরগি দিয়ে তৈরি করা খাবারে কি পরিমাণ ভারী ধাতু রয়েছে তা নিয়ে গবেষণা করার পরিকল্পনা রয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন প্রধান অধ্যাপক ড. আবদুল্লাহ হারুন চৌধুরী বলেন, হোটেল-রেস্তোরাঁগুলোতে ব্রয়লার মুরগি দিয়ে তৈরি স্যুপ, অন্থন, বার্গার, চিকেন ফ্রাইসহ বিভিন্ন প্রকার খাবার বিক্রি করা হয়। অনেক মানুষ বাড়িতে এই মুরগি খান। ফলে তাদের শরীরে ভারী ধাতু প্রবেশের আশংকা রয়েছে।
তিনি বলেন, মূলত ট্যানারি বর্জ্য দিয়ে তৈরি পোল্ট্রি ফিড বা খাবার খাওয়ানোর ফলে মুরগিতে অতিমাত্রার ৪টি ধাতু ঢুকছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষর তদারকি করা প্রয়োজন।
এ ব্যাপারে খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, ব্রয়লার মুরগি অর্ধ সিদ্ধ করে কিছু খাবার তৈরি করা হয়। এগুলো খাওয়া মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ। তবে ব্রয়লার মুরগি যদি ভালোভাবে সিদ্ধ, ফ্রাই অথবা রান্না করে খাওয়া হয় তাহলে ঝুঁকি থাকে না। সেজন্য স্বাস্থ্য ঝুঁকি এড়াতে অর্ধ সিদ্ধ মাংস না খাওয়ার পরামর্শ দেন তিনি।
পাটকেলঘাটায় পুলিশ পাহারায় এমপি মুস্তফা লুৎফুল্লাহ’র অনুষ্ঠান
পাটকেলঘাটা প্রতিনিধি॥
পাটকেলঘাটায় পুলিশ পাহারায় এমপি মুস্তফা লুৎফুল্লাহ অনুষ্ঠান। গতকাল পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তার আগমনকে ঘিরে স্থানীয় উন্নয়ন বঞ্চিত জনসাধারণের মধ্য তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া শুরু হয়।
এমপি মুস্তফা লুৎফুল্লাহ বিগত ১০ বছরে পাটকেলঘাটার তথা তালা—কলারোয়া, সাতক্ষীরা—১ আসনের দৃশ্যমান কোন উন্নয়ন না হওয়ায় সাধারণ জনগণের মধ্যে এই ক্ষোভ বিরাজ করছে। তারই প্রতিক্রিয়া জানাতে পাটকেলঘাটা সহ তালা—কলারোয়ার আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ আওয়ামী সংগঠনের কর্মীরা এমপি মোস্তফা লুৎফুল্লাহ’কে এমপি হিসাবে দেখতে আর চায়না। সেই লক্ষ্যে তাকে বয়কট করার উদ্দেশ্যে গত ১৯ ফেব্রুয়ারী এক মানবন্ধনের আয়োজন করে। এতে ভীতুসম্ভ্রস্থ হয়ে প্রশাসনকে আঙ্গুলী করে মানবন্ধন পন্ড করেন। গতকাল সেই ভীতির কারণে প্রধান অতিথি হিসাবে তিনি অনুষ্ঠানে আগমন করার পূর্বে পাটকেলঘাটা বাজারে প্রচুর পুলিশ মোতায়ন করেন। উন্নয়ন বঞ্চিত পাটকেলঘাটা বাসীর হাত থেকে রক্ষা পেতে পুলিশি সহযোগিতা নিয়ে এমপি আগমন করাতে পাটকেলঘাটার সুশীল সমাজ ভৎসনা করেন। ২০১৪ সালে আওয়ামীলীগের মহাজোট সাতক্ষীরা—১ আসন থেকে জোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির নেতা এড. মুস্তফা লুৎফুল্লাহ’কে মনোনয়ন দেয়। এমপি হওয়ার পূর্বে নির্বাচনী এস্তেহারে এই অঞ্চলের উন্নয়নের অঙ্গীকার করেন তিনি। গত ১০ বছরে ক্ষমতা থাকা কালীন তার অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় তিনি এই ক্ষোভের শিকার হচ্ছেন। এ বিষয়ে এমপি মুস্তফা লুৎফুল্লাহ’র মুঠো ফোনে গতকাল রাত্র ৮.১৪ ঘটিকায় তার মন্তব্য জানার জন্য যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
খলিল সভাপতি, গোলাম রসুল সম্পাদক: কালীগঞ্জ শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি ॥
দীর্ঘ প্রতিক্ষার পর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় আওয়ামী শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কালীগঞ্জ উপজেলা শ্রমিকলীগের খলিলুর রহমান সভাপতি, গোলাম রসুল সাধারন সম্পাদক, আনিসুর রহমান ও ফরিদুল ইসলাম যৌথভাবে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
একই সভায় জাাকির হোসেনকে সভাপতি ও মন্টু আহাম্মেদ মটুককে সাধারন সম্পাদক করে পৌর কমিটি ঘোষনা করা হয়েছে। সোমবার বিকালে কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি রজব আলী মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজীম আনার।
এর আগে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষনা করেন ঝিনাইদহ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাচ আলী। এ সময় বক্তৃতা করেন ঝিনাইদহ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক লিকু আরও উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেলসহ সকল ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৬দিন পর ডুবন্ত কার্গো জাহাজ উদ্ধার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দরের পশুর নদীতে সার নিয়ে ডুবে যাওয়া কার্গো জাহাজ এম,ভি শাহজালাল এক্সপ্রেস ২৬দিন পর উদ্ধার হয়েছে। সার গলে পানিতে মিশে যাওয়া তার ছিটেফোঁটাও তোলা সম্ভব হয়নি। ডুবে যাওয়া কার্গো জাহাজটি উত্তোলন করেছেন মোংলার খানজাহান আলী স্যালভেজ এন্টারপ্রাইজ।
খানজাহান আলী স্যালভেজ এন্টারপ্রাইজের মালিক আবুল কালাম চৌধুরী জানান, মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ৮ নম্বর এ্যাংকোরেজ এলাকায় ডুবে যাওয়া সার বোঝাই কার্গো জাহাজটি দুর্ঘটনাকবলিত হওয়ার ২৬দিন পর রবিবার উদ্ধার করা হয়েছে। লোহার ওয়াররোপ দিয়ে সিলিং করে দুইপাশে পল্টুন বয়া বেঁধে ভাসিয়ে তোলা হয় জাহাজটি। এরপর ভাসিয়ে এনে জাহাজটি সোমবার সকালে বন্দর কর্তৃপক্ষের পরিদর্শক বাংলা পারিজাতের পিছনে পশুর নদীর চরে উঠিয়ে রাখা হয়েছে। এখান থেকে এটিকে খুলনায় ডকইয়ার্ডে নেয়া হবে বলেও জানান তিনি।
কার্গো জাহাজ মালিক আজহার সিদ্দিক বাদশা বলেন, গত ২৪ জানুয়ারী হাড়বাড়ীয়ার ৯ নম্বর এ্যাংকোরেজের একটি বিদেশী জাহাজ থেকে সার বোঝাই করে খুলনার উদ্দেশ্যে রওনা করলে পথিমধ্যে ঘন কুয়াশা ও প্রচন্ড স্রোতের তোড়ে পড়ে ৮ নম্বর এ্যাংকোরেজে থাকা অপর একটি বিদেশী জাহাজের সাথে ধাক্কা লেগে প্রায় ৫শ মেট্টিক টন সার নিয়ে কার্গোটি ডুবে গিয়েছিলো। এরপর বন্দর কর্তৃপক্ষ ১৯ ফেব্রুয়ারীর মধ্যে কার্গোটি উত্তোলনের সময়সীমা বেঁধে দেন। সেই সময়ের মধ্যে আমরা স্থানীয় স্যালভেজ দিয়ে ওই জাহাজটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে সমুদয় সার পানিতে গলে দ্রবীভূত হয়ে যায়।










































