Home আঞ্চলিক কুয়াকাটা সৈকতে সোনালি চুলের মৎস্যকন্যা

কুয়াকাটা সৈকতে সোনালি চুলের মৎস্যকন্যা

15

খুলনাঞ্চল রিপোর্ট।।

নিখুঁত হাতের ছোঁয়ায় মানুষ এবং মাছের বৈশিষ্ট্যে ফুটিয়ে তোলা পুরো আকৃতি, যা দেখতে রমণীর মতো। আর কোমর পর্যন্ত সোনালি চুল চুল। শরীরের উপরিভাগ নারীদের মতো হলেও নিচের দিক মাছের লেজযুক্ত। শুধু বালু দিয়ে নির্মিত কাল্পনিক এমন মৎস্যকন্যাকে দেখতে ভিড় জমিয়েছে সৈকতে ভ্রমণে আসা পর্যটকরা।
সোমবার দুপুরে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় দৃষ্টিনন্দন চিত্রের মাধ্যমে ভাস্কর্যটি ফুটিয়ে তুলেছেন গাজীপুর থেকে আসা পর্যটক মো. রফিক এবং তার বন্ধুরা। আর এটি নির্মাণ করে স্থানীয়সহ পর্যটকদের মন জয় করেছেন তারা।
সরেজমিনে দেখা যায়, মৎস্যকন্যার ভাস্কর্যের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন পর্যটকরা। আবার অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সংযুক্ত হয়ে দেখাচ্ছেন রূপকথার মৎস্যকন্যাকে।

ভাস্কর্য নির্মাণকারী পর্যটক রফিক মিয়া জানান, বন্ধুদের নিয়ে কুয়াকাটায় বেড়াতে এসেছেন তিনি। তাদের তেমন কোনো একাডেমিক প্রশিক্ষণ নেই। তবে ইউটিউব মাধ্যমে ছবি দেখে মৎস্যকন্যার ভাস্কর্য তৈরি করেছেন তারা। আর এটি নির্মাণে শুধু বালুর ব্যবহার করেছেন।

ঢাকা থেকে আগত পর্যটক রিয়াজ উদ্দিন বলেন, মনোরমভাবে ফুটিয়ে তুলেছেন ভাস্কর্যটি। দেখতে অবিকল মৎস্যকন্যার মতোই, যেমনটা বিভিন্ন ভিডিওতে দেখি।

বাবুগঞ্জ থেকে আসা পর্যটক রাইসা জানান, আমি ইউটিউবে দেখছি মৎস্যকন্যার প্রতিচ্ছবি। আজ বালুর ভাস্কর্যে দেখলাম।

কুয়াকাটার পৌর মেয়র আনোয়ার হাওলাদার জানান, সৈকতে দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসেন। তাদের মধ্যে এক পর্যটক মৎস্য কন্যার চিত্র তুলে ধরেছেন। অন্য পর্যটকদের বিনোদন দেওয়ার জন্য নির্মাণকারীদের ধন্যবাদ জানান তিনি।