Home আঞ্চলিক সাতক্ষীরায় মন্দিরের তালা ভেঙে মূর্তি ও স্বর্ণালংকার চুরি

সাতক্ষীরায় মন্দিরের তালা ভেঙে মূর্তি ও স্বর্ণালংকার চুরি

19

সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার দেবহাটায় দক্ষিণ পারুলিয়া সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরে ভয়ংকর চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে: রাধা-কৃষ্ণ ও গোপালের দুষ্প্রাপ্য চারটি পিতলের মূর্তি, প্রতিমার দেহে থাকা সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, কিছু রুপার অলংকার এবং দানবাক্সের টাকা।এ বিষয়ে সোমবার ভোরে স্থানীয় ইউপি সদস্য অসীম ঘোষ জানান, প্রতিদিনের মতো মধ্যরাত পর্যন্ত পূজা অর্চনা শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন তারা। সকালে পুরোহিত আঙ্গুরবালা দেবী মন্দিরে ঢুকে চুরি সংঘটিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে তাদের অবহিত করেন। পরে খবর পেয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা, জনপ্রতিনিধি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্যাহ জানান, মন্দিরের পাশে ভোমরা স্থলবন্দরের ধনাঢ্য সিএন্ডএফ ব্যবসায়ী এবাদুর রহমানের বাড়ি। গত তিন দিন ধরে এবাদুর রহমান দম্পতি এক বিয়ের অনুষ্ঠানে অন্যত্র অবস্থান করায় সম্ভবত তাদের বাড়িটি শূন্য পড়ে আছে – এমন তথ্য ছিল চোরচক্রের কাছে। রোববার গভীররাতে চোরচক্র প্রথমে ওই সিএন্ডএফ ব্যবসায়ীর বাড়িতে ঢুকে আলমারিসহ অন্যান্য আসবাবপত্র তছনছ করে। কিন্তু সেখানে স্বর্ণালংকার, নগদ টাকা বা মূল্যবান মালামাল না পেয়ে পরে পার্শ্ববর্তী রাধা-গোবিন্দ মন্দিরের তালা ভেঙে দুষ্প্রাপ্য মূর্তি, সোনা ও রুপার গহনা এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে চুরি যাওয়া মূল্যবান মূর্তি ও অন্যান্য মালামাল উদ্ধারে এবং চোরচক্রকে গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুকুমার মিস্ত্রি বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছেন