>>প্রতিমন্ত্রী নসরুল হামিদের পরিদর্শন সিডিউল বাতিল
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
বুধবার রাতের ফের উৎপাদনে যাবে রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র। এখন বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে জোরেশোরে চলছে কেন্দ্রটিতে স্টার্টআপ প্রসেস। গত কয়েকদিন ধরেই চলছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের স্টার্টআপ অর্থাৎ ফুল লোডের এ প্রক্রিয়া। এ প্রক্রিয়া শেষে বুধবার রাতের যে কোন সময়ে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ শুরু করা হবে বলে জানিয়েছেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ডিজিএম আনোয়ারুল আজিম। এদিকে বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের কথা থাকলেও সে সিডিউল বাতিল হয়েছে বলেও জানান তিনি।
রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ডিজিএম আনোয়ারুল আজিম জানান, বন্ধের পর পুনরায় উৎপাদনে যাওয়ার জন্য গত কয়েকদিন ধরেই স্টার্টআপ/ফুল লোড প্রক্রিয়ার কাজ শুরু করা হয়েছে। এখানে নানাবিধ টেকনিক্যাল প্রসেস রয়েছে। এ সকল প্রক্রিয়া শেষে বুধবার রাতের যে কোন সময়ে আবারো পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রীডে তা সরবরাহ করা সম্ভব হবে।
তিনি জানান, তাপ বিদ্যুৎ কেন্দ্রে আমদানীকৃত কয়লা মজুদে/সংরক্ষণে ৪টি সেডে সক্ষমতা রয়েছে ১০ লাখ মেট্টিক টন। তবে বর্তমানে ৪টির মধ্যে ২টি সেড প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ কেন্দ্রটির দুইটি সেডে ৩০/৩৩ হাজার মেট্টিক টন কয়লা মজুদ রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটির ফুল লোডে প্রতিদিন কয়লার চাহিদা রয়েছে সাড়ে ৪ থেকে ৫ হাজার মেট্টিক টন। এ মজুদ কয়লা দিয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্রটি চলতে থাকার মধ্যেই আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারীর মধ্যে ইন্দোনেশিয়া থেকে ৫০/৫১ হাজার মেট্টিক টন জ্বালানী কয়লা নিয়ে একটি বিদেশী জাহাজ মোংলা বন্দরের ফেয়ারওয়েতে আসার সিডিউল রয়েছে।











































