স্টাফ রিপোর্টার।।
রূপালী ব্যাংক লিমিটেড, খুলনার বয়রা মহিলা শাখার সিনিয়র অফিসার বাহাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ৮৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক খুলনা জেলা সমন্বিত কার্যালয়। বুধবার দুদক সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বর্ণনা থেকে জানা গেছে, আসামি বাহাউদ্দিন আহমেদ রূপালী ব্যাংক লিমিটেড, খুলনার বয়রা মহিলা শাখার দায়িত্বে থাকাকালীন ২০২২ সালের ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ৭ টি লেনদেন করেন। এ সময়ে তিনি ৮৫ লাখ টাকা উত্তোলন করেন। যা তিনি ৩১ অক্টোবর ইন্ট্রারেস্ট পে-অ্যাবল অন এফডিআর থেকে ৭১ লাখ টাকা ও চলতি হিসাব নম্বর ৬১২২০২০০০০০৬৩ থেকে ১৪ লাখ টাকা নিয়ে সমন্বয় করেন।
পরবর্তীতে একই বছরের ৭ ও ৯ নভেম্বর ইন্ট্রারেস্ট পে-অ্যাবল অন এফডিআর থেকে যথাক্রমে ৯ লাখ এবং ৯ লাখ ৫০ হাজার টাকা মোট ১৮ লাখ টাকাসহ সর্বমোট ৮৯ লাখ ৫০ হাজার টাকা প্রতারণা, জাল ও ক্ষমতার অপব্যবহার করে আত্মসাত করেন। এছাড়াও তিনি চালানে প্রায় এক কোটি ৮৫ লাখ টাকার গড়মিল করেছেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ব্যাংক লেনদেনের সময় তিনি উক্ত শাখার ব্যবস্থাপক মাসুকা নাসরিন ও জোতি প্রভা রায়ের আইডি কৌশলে ব্যবহার করেন ।










































