বাগেরহাট প্রতিনিধি ||
বাগেরহাটের মোরেলগঞ্জে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে এক কিশোরীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে বাচ্চু মৃধা (৪৫) নামের এক সাবেক শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে আহতাবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে, গতকাল রাতে মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত বাচ্চু মৃধা ওই এলাকার রহমান মৃধার ছেলে ও জিউধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি ছিলেন।
ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, ‘গতকাল রাতে মেয়ে বাসায় একা ছিল। এসময় বাচ্চু কৌশলে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় মেয়ে ডাক-চিৎকার ও বাধা দিলে বাচ্চু তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।’
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার ডা. শাহরিয়ার ফাত্তাহ বলেন, ‘কিশোরীর ডান হাঁটুর নীচে ও ডান হাতের তিনটি আঙ্গুলে ক্ষত এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিশোরীর খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযুক্ত বাচ্চু মৃধাকে আটকে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’










































