Home আঞ্চলিক পানিতে রিমোটে চলছে স্কুলছাত্রের তৈরি লঞ্চ

পানিতে রিমোটে চলছে স্কুলছাত্রের তৈরি লঞ্চ

56

খুলনাঞ্চল রিপোর্ট।।
পড়ালেখার পাশাপাশি জীবিকা নির্বাহে কাজ করেন মো. তুহিন ইসলাম। আর সুযোগ পেলেই চেষ্টা করেন প্রযুক্তিনির্ভর কিছু বানাতে। সম্প্রতি তার বানানো ককশিটের লঞ্চ পানিতে ভাসতে শুরু করেছে। বিষয়টি নিয়ে এরইমধ্যে তুহিনের নিজ এলাকা বরিশাল নগরের পলাশপুরের বৌ-বাজার এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
ঢাকা-বরিশাল নৌ-রুটে সদ্য সংযুক্ত হওয়া এমভি সুন্দরবন-১৬ এর আদলে তুহিনের বানানো লঞ্চটি চালাতে রিমোট কন্ট্রোলের ব্যবহার করা হয়েছে। একইসঙ্গে লঞ্চটিতে থাকা দুইটি মোটর চালু রাখতে পাওয়ার হিসেবে মোবাইল ফোনের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। মোটরের সঙ্গে সংযুক্ত করা দুইটি পাখা (প্রপেলার) ঘুরিয়ে সামনে-পেছনে নিয়ে যায় লঞ্চটিকে। চারতলায় মাস্টার ব্রিজ থাকা এ লঞ্চটিকে বিভিন্ন তলায় বাহারি রঙের আলোকবাতি লাগানো হয়েছে। তিনতলার ছাদের সঙ্গে লাগানো হয়েছে ব্লুটুথ স্পিকার। মূল সুন্দরবন-১৬ লঞ্চের মতো নিচতলায় ডেক, সামনে দোতলায় ওঠার সিঁড়ি, দোতলা-তিনতলায় কেবিন, চারতলার পেছনের অংশে সাইলেন্সারের ধোঁয়া বের হওয়ার জায়গা ও দোতলার সামনে হেড লাইটও রয়েছে।

সুন্দরবন-১৬ এর আদলে তৈরি এ লঞ্চের কারিগর বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ওয়েল্ডিং বিভাগের নবম শ্রেণির ছাত্র তুহিন জানান, তার বাবা মনির হোসেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং মা নাছিমা বেগম গৃহিণী। চার ভাই-বোনের মধ্যে তিনি মেজো। পড়ালেখার পাশাপাশি চাচা মিন্টু হাওলাদারের দোকানে রোজ দুইশত টাকা বেতনে কাজ করেন তুহিন।
তুহিন আরো জানান, তিনি একজন প্রকৌশলী হতে চান। এজন্য লেখাপড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি নতুন কিছু বানানোর চেষ্টা করেন। মাঝেমধ্যে ইলেকট্রিক কাজ করে কিছু রোজগারও করেন। আবার স্কুলে যাওয়া, পড়ালেখার পাশাপাশি নগরের ফলপট্টি এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মিন্টু চাচার দোকানে কাজ করে কিছু টাকাও উপার্জন করেন। এর মধ্যে বেশিরভাগ টাকা সংসারে দিলেও কিছু নিজের কাছে রাখেন।

সেখান থেকে টাকা জমিয়ে ককশিট, প্লাস্টিকের পাইপ, কাগজ, মোটর, ব্যাটারি, বৈদ্যুতিক তার, কন্ট্রোলার, প্রপেলার সংগ্রহ করেন। দুই মাসের চেষ্টায় সুন্দরবন-১৬ এর আদলে লঞ্চটি তৈরি করেছেন তিনি। ছয় ফুট লম্বা ও দেড় ফুট প্রশস্তের লঞ্চটি পানিতে চালাতে নির্দিষ্ট দূরত্বের মধ্যে থেকে নিয়ন্ত্রণ করা যায়।

এ বিষয়ে ক্ষুদ্র ব্যবসায়ী মিন্টু বলেন, আমি সারা বছর ফল বিক্রি করলেও শীতে ভ্যানে করেই পিঠা বিক্রি করছি ফলপট্টি এলাকায়। তুহিন সকালে স্কুলে যায় আর বিকেলে আমার দোকানে বসে, যা উপার্জন করে তা দিয়ে সংসার চলে। তবে ও যে এর বাইরে কিছু করতে পারবে তা ভাবিনি। তুহিনের তৈরি লঞ্চটি যখন আশপাশের পুকুরগুলোতে ভাসায় তখন মানুষের ভিড় হয়। সুযোগ পেলে তুহিন বড় ইঞ্জিনিয়ার হবে, এটা আমার বিশ্বাস।