Home জাতীয় শিশুদের ভ্রান্ত জাতিতে পরিণত করছে বর্তমান শিক্ষা ব্যবস্থা: মির্জা ফখরুল

শিশুদের ভ্রান্ত জাতিতে পরিণত করছে বর্তমান শিক্ষা ব্যবস্থা: মির্জা ফখরুল

12

ঢাকা অফিস।।

বর্তমান সরকার বাংলাদেশকে একটি পরিচয়হীন নতজানু রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শিশুদের ভ্রান্ত জাতিতে পরিণত করছে বর্তমান শিক্ষা ব্যবস্থা ও ভুলে ভরা পাঠ্যপুস্তক বাতিল করতে হবে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘অপরিণামদর্শী কারিকুলাম ও মানহীন পাঠ্যপুস্তক, দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি ধ্বংসের পাঁয়তারা শীর্ষক’-এ আলোচনাসভায় সভাপতিত্ব করেন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ওবায়দুল ইসলাম।

শিক্ষা কারিকুলামে পরিবর্তনের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার যা খুশি তাই করছে। রাতকে দিন বলছে, মুরগির ডিমকে অশ্বডিম্ব বলছে। আমরা কেমন জানি অবাক বিস্ময়ে তাকিয়ে রই। মরেই গেছি মনে হয়।

তিনি বলেন, সরকার রাষ্ট্রের খোল-নলচে পাল্টে দিতে চায়। এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, আমরা শিক্ষা কারিকুলামে বহু ত্রুটি দেখতে পাই। পাঠ্যপুস্তকে কী লিখেছে তার বিস্তারিত আলোচনায় আমি যেতে চাচ্ছি না। পুরোটা বিষয় পড়লে একটা বিষয় বেরিয়ে আসবে যে, তারা আমার পরিচয়টা ভুলিয়ে দিতে চায়।

মির্জা ফখরুল বলেন, শেকড় ধরে টান দেবেন, আর সেটা ইস্যু বানাবো না- তা হবে না। সরকার যা খুশি তাই করছে, অথচ কেউ কিছুই বলছে না বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এটা ঠিক হচ্ছে না বলেও মনে করেন তিনি। গণতন্ত্র ও জাতি রক্ষায় জনগণ জেগে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, একাত্তরের মতো উজ্জীবিত হয়ে এ লড়াইয়ে জয়ী হতেই হবে ।