Home আঞ্চলিক এখনও পুরোপুরি নেভেনি মোংলা ইপিজেডের ভিআইপি লাগেজ ফ্যাক্টরীর আগুন

এখনও পুরোপুরি নেভেনি মোংলা ইপিজেডের ভিআইপি লাগেজ ফ্যাক্টরীর আগুন

12

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
এখনও পর্যন্ত পুরোপুরি নেভেনি মোংলা ইপিজেডের ভিআইপি লাগেজ ফ্যাক্টরীতে লাগা আগুন। ফ্যাক্টরীটির বিভিন্ন জায়গায় আগুনের স্ফুলিঙ্গের অস্তিত্বের কারণে আগুন নির্বাপণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস সদস্যদেরকে। তবে এ আগুন পুরোপুরি নিভতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আরবেজ আলী। তিনি বলেন, আমরা ৬টি পাম্প দিয়ে আগুন নির্বাপণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু এখানে সিনথেটিক কাপড়ের রোল থাকায় পানি ভিতরে প্রবেশ করতে পারছেনা। এজন্যই মুলত সময় লাগছে এবং আগুনের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে। তবে এ আগুনের গতি বাড়া ও ছড়ানোর তেমন কোন আশংকা নেই। তিনি আরো বলেন, মঙ্গলবার বিকেল ৩টায় লাগা আগুন ওই রাতেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বুধবার দিনভর প্রচেষ্টা চালিয়েও পুরোপুরি নেভানো যায়নি। এর ফলে ভিতরে আগুনের অস্তিত্ব ও কালো ধোয়া রয়েছে।

ভিআইপি লাগেজ ফ্যাক্টরীর কর্মকর্তা মোঃ মিজান বুধবার সন্ধ্যা ৭টায় বলেন, এখনও আগুন পুরোপুরি নেভেনি, তবে ফায়ার সার্ভিসের সদস্যরা নির্বাপণে কাজ করে যাচ্ছেন। আগুনে পুড়ে ফ্যাক্টরীটিতে উৎপাদিত সকল লাগেজ, লাগেজের কাঁচামাল, মেশিন ও আসবাবপত্রসহ সমুদয় অবকাঠামো পুড়ে ১৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।