Home আঞ্চলিক গাজিরহাট ইউনিয়ন ভূমি অফিস চলে তহশিলদারের মর্জি-মাফিক!

গাজিরহাট ইউনিয়ন ভূমি অফিস চলে তহশিলদারের মর্জি-মাফিক!

118

মোঃ জামাল হোসেন||
খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়ন ভূমি অফিস চলে তহশিলদারের মর্জিতে। অফিস সময়েও এ অফিসটি থাকে তালাবদ্ধ। তহশিলদার আল-মামুনের ইচ্ছা হলে খোলেন, না হলে অফিস সময়ও তালাবদ্ধ থাকে জনগুরুত্বপূর্ণ এ ভূমি অফিসটি। ফলে সেবা নিতে আসা গ্রাহকরা দীর্ঘক্ষণ অপেক্ষার পর তালাবদ্ধ অফিসে ঢুকতে না পেরেই ক্ষুব্ধ ও হয়রাণির শিকার হয়ে ফিরে যান। ফলে শত শত মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কিন্তু মিলছে না কোন প্রতিকার। দীর্ঘদিন ধরে এভাবেই চলছে সরকারি এ দপ্তরটি।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে গাজিরাট ইউনিয়ন ভূমি অফিসে দেখা যায়, অফিসে তালা ঝুলছে। আর অফিসের সামনে ৪০-৫০ জন সেবা নিতে আসা মানুষ অপেক্ষা করছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা ভূমি অফিসের সামনে অপেক্ষা করলেও কেউ অফিসের তালা পর্যন্ত খোলেননি। শেষ পর্যন্ত স্থানীয়রা সেবা না নিয়েই সরকারি এ অফিস থেকে ফিরে যান।
তাদের কাছে জানতে চাইলে বলেন, এই ভূমি অফিস তহশিলদারের ইচ্ছামতো ইচ্ছামত খোলা ও বন্ধ করা হয়। এমনকি অফিস বন্ধ থাকলেও জরুরী কাজে তহশিলদারকে শতবার ফোন করা হলেও রিসিভ করেন না। এই ঘটনা গাজীরহাট ভূমি অফিসে প্রায় হয়।

জানা গেছে, খুলনার দিঘলিয়া উপজেলার প্রত্যন্ত এলাকা গাজীরহাট ইউনিয়ন। এই ইউনিয়নের ৯টি গ্রামের জনসংখ্যা ১৬ হাজার ৬২৩ জন। এই জনসংখ্যার ভূমি সেবা প্রধান করার লক্ষ্যে ইউনিয়নের ভূমি অফিস রয়েছে। কিন্তু ভূমি অফিস প্রায় দিনই তালাবদ্ধ থাকায় সেবা বঞ্চিত হচ্ছে সেবা নিতে আসা মানুষ। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ এবং তদন্ত পূর্বক পদক্ষেপ গ্রহণের দাবি করেছেন গাজীরহাট ইউনিয়নবাসী।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, গাজীরহাট ভূমি অফিসে একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও একজন অফিস সহায়ক রয়েছেন। তারা স্থানীয় জনগণকে ভূমি উন্নয়ন কর (কৃষি ও অকৃষি) আদায়, পেরী-ফেরীভুক্ত বাজারের অস্থায়ী একসনা লিজ নবায়ন, অর্পিত সম্পত্তির নবায়নসহ ভূমি সংক্রান্ত সেবা দিয়ে থাকেন।

সাপ্তাহিক ছুটি বাদে প্রতিদিন সরকারি নিয়ম অনুযায়ী এই ভূমি অফিস খোলা থাকার কথা থাকলেও প্রায়ই তা বন্ধ থাকে বলে অভিযোগ গাজীরহাট ইউনিয়নবাসীর।
ভূমি অফিসে সেবা নিতে আসা এক যুবক জানান, আমার জায়গার দাগ নম্বরে সংশোধনী করতে হবে। কিন্তু অফিসে এসে প্রায়ই দেখি তহশীলদার নেই, আবারও কোন কোন দিন অফিসও থাকে তালাবদ্ধ। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আমি সেখানে ছিলাম, কিন্তু তহশিরদারতো আসেননি, এমনকি ভূমি অফিসও তালাবদ্ধ ছিল। অফিস সহায়ক বিষ্ণুপদ বিশ্বাসও ছিল না।
গাজীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফিজুর রহমান ঠান্ডু বলেন, ভূমি অফিসে যে তহশিলদার আছেন চরম খারাপ। সে অফিস করেনা ঠিক মত, এমনকি অফিসও বন্ধ থাকে। আর সে চরম দুর্নীতিবাজ, টাকা ছাড়া আর কিছুই চেনে না। আমি তাকে বদলির জন্য উপরস্থ কর্মকর্তাকে অবহতি করছি।

ফোনে যোগাযোগ করা হলে অফিসের পিয়ন বিষ্ণুপদ বিশ্বাস বলেন, আমার তহশিলদার সেনহাটি ভূমি অফিসে টাকা জমা দেওয়ার জন্য গেছেন। আর আমি কি করবো, আমি বাড়িতে আছি।
তবে, যোগাযোগ করা হলে সেনহাটি তহশিলদার স্বপন কুমার বিশ্বাস বলেন, গাজীরহাট তহশিলদার আল মামুন সেনহাটী অফিসে আসেননি বা আমার সাথে কোন যোগাযোগ হয়নি।
অফিস ফাঁকির অভিযোগের বিষয়ে জানতে গাজীরহাট ইউনিয়ন তহশিলদার আল মামুনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি, ফলে তিনি কোথায় আছেন সেটাও জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ইউসুফ এ প্রতিবেদককে বলেন, গাজীরহাটের তহশিলদার আল মামুন আমার কাছ থেকে কোন ছুটি নেয়নি। আমি খোঁজ নিচ্ছি সে কোথায় আছে, অফিস বন্ধ করে।