Home আঞ্চলিক মোংলা ইপিজেডের ভিআইপি লাগেজ ফ্যাক্টরীতে এখনও আগুন জ্বলছে, নিয়ন্ত্রণে কাজ করছে ১১টি...

মোংলা ইপিজেডের ভিআইপি লাগেজ ফ্যাক্টরীতে এখনও আগুন জ্বলছে, নিয়ন্ত্রণে কাজ করছে ১১টি ইউনিট

8

 

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলা ইপিজেডের ভিআইপি-০১ লাগেজ ফ্যাক্টরীতে লাগা আগুন এখনও জ্বলছে। বিকেল ৩টায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন ফায়ার সার্ভিসের ৫টি ষ্টেশনের ১১টি ইউনিট। তবে আগুন লাগার সূত্রপাত এখনও জানাতে পারেনি ইপিজেড ও ভিআইপি ফ্যাক্টরী কর্তৃপক্ষ।

মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক ও ভিআইপি-০১ ফ্যাক্টরীর প্রধান এইচআর এডমিন মোঃ মিজান জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ লাগেজ ফ্যাক্টরীটিতে আগুন লাগে। সেই থেকে এখনও পর্যন্ত ধাউ ধাউ করে আগুন জ্বলছে। খবর পেয়ে মোংলা ইপিজেড, মোংলা নৌবাহিনী, মোংলা বন্দর ও বাগেরহাট ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুনে পুড়ছে ফ্যাক্টরীটির একতলা বিশিষ্ট পুরো ফ্লোর।

ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, এ অগ্নিকাণ্ডে কেউই দগ্ধ ও হতাহত হয়নি। আগুন এখনও নিভেনি, নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে আগুন শুধু একতলা বিশিষ্ট ভিআইপি-০১ ফ্যাক্টরীতেই সীমাবদ্ধ রয়েছে। তবে ভিআইপি ফ্যাক্টরী বলছে শট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
তিনি আরো বলেন, এ ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে ৩ কার্য্যদিবসে রিপোর্ট দিতে বলা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে ইপিজেডের অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী (হিসাব) আবুল হাসান মুন্সীকে। রাত ৮টায় তিনি আরো বলেন, চার ভাগের তিন ভাগ আগুন নিভেছে, একভাগে এখনও জ্বলছে। তবে এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

ভিআইপি-০১ নম্বর লাগেজ ফ্যাক্টরীর প্রধান প্রশাসন ও মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোঃ মিজান বলেন, আগুন লাগার সূত্রপাত এই মুহুর্তে নিশ্চিত বলতে পারছিনা। তবে শর্ট সার্কিট কিংবা ওয়েল্ডিং থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। আগুনে প্রায় ৩শ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন তিনি। এছাড়া এ অগ্নিকান্ডে কেউ হতাহত হননি বলেও দাবী তার।
তিনি বলেন, ইপিজেডে ভিআইপির ৮টি ফ্যাক্টরী রয়েছে। যেটিতে আগুন লেগেছে সেটির শ্রমিকদেরকে দুইদিনের ছুটি দেয়া হয়েছে। দুইদিন পর তাদের দিয়ে আমাদের অন্য ফ্যাক্টরীতে কাজ করানো হবে বলে জানান তিনি।

খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মামুন মাহমুদ রাত ৮টায় বলেন, আগুন নিভাতে এখন দুই ঘন্টার মত সময় লাগবে। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।