মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর মুল স্টেকচারের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ এম,ভি মারস। শুক্রবার দুপুর আড়াইটার দিকে বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়া জাহাজটি হতে বিকেল পাঁচটার দিকে এ পণ্য খালাস শুরু হয়। এরপর এ সকল মালামাল নদী পথে যাবে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের রেলওয়ে সেতুর জেটিতে।
বিদেশী জাহাজ এম,ভি মারস’র স্থানীয় শিপিং এজেন্ট হক এন্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশ ম্যানেজার (শিপিং বিভাগ) শওকত আলী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর মুল স্টেকচারের মালামাল নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ এম,ভি মারস গত ১৬ জানুয়ারী ভিয়েতনামের হাইপোং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। এরপর শুক্রবার (২৭ জানুয়ারী) দুপুর আড়াইটার দিকে জাহাজটি মোংলা বন্দরের ৭নম্বর জেটিতে ভিড়ে। জাহাজটিতে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ১৯৩ প্যাকেজে ১ হাজার ৫শ ১৯ মেট্টিক টন স্টেকচার পণ্য রয়েছে। এটি হক এন্ড সন্স লিমিটেড’র ৫ম স্টেকচার আমদানী চালান। জেটিতে অবস্থানরত এ জাহাজ হতে শুক্রবার বিকেল ৫টার দিকে মালামাল খালাস শুরু হয়। জাহাজ হতে এ মালামাল নামিয়ে সরাসরি দেয়া হবে নৌযানে। সেই নৌযানে নদী পথে এ মালামাল যাবে রেলসেতুর জেটিতে।
প্রতিমাসে রেলসেতুর বিভিন্ন ধরণের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়ছে বিদেশী বানিজ্যিক জাহাজ। উল্লেখ্য, বঙ্গবন্ধু রেলওয়ে সেতু হচ্ছে সিরাজগঞ্জে। সিরাজগঞ্জের যমুনা নদীর উপর বর্তমানে নির্মাণ কাজ চলমান রয়েছে এ রেলসেতুর।











































