Home আঞ্চলিক সুন্দরবনে হরিণের মাংস ও গুলিসহ আটক ১, অস্ত্রসহ পলাতক বাকিরা

সুন্দরবনে হরিণের মাংস ও গুলিসহ আটক ১, অস্ত্রসহ পলাতক বাকিরা

8

কয়রা প্রতিনিধি।।

সুন্দরবন থেকে ১৯ রাউন্ড গুলি ও ২০ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। আটক বরগুনা জেলার তালতলি থানার ছকিনা গ্রামের মালেক আকনের ছেলে মো. হিরা আকনকে (২৫) বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনার কয়রায় বন আদালত হস্তান্তর করেছে করা হয়েছে। তবে আটকের সময় তার সহযোগীরা পালিয়ে গেছেন।

এর আগে বুধবার বিকেল ৪টার দিকে সুন্দরবনের খুলনা রেঞ্জের নীল কমল অভয়ারণ্য কেন্দ্রের (হীরণ পয়েন্ট) অধীন পুটনীর চর থেকে হিরা আকনকে আটক করা হয়।

নীল কমল অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘বুধবার বিকেলে ওই এলাকায় আমরা নিয়মিত টহলে গিয়েছিলাম। সেখানে জঙ্গলের মধ্যে হরিণ ধরার ফাঁদ দেখতে পেয়ে সতর্ক অবস্থান নিই। পরে ফাঁদের কাছে কয়েকজন ব্যক্তিকে আসতে দেখতে তাদের ধাওয়া করি। একপর্যায়ে বন্দুক ও রাম দা দিয়ে তারা আমাদের প্রতিহত করার চেষ্টা করে। আমরা পাল্টা ধাওয়া করলে তারা বনের মধ্যে পালিয়ে যায়। তাদের মধ্যে থেকে একজন ট্রলারে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমরা স্পিড বোট নিয়ে ধাওয়া করে তাকে আটক করেছি।’

জহিরুল ইসলাম বলেন, ‘আটকের পর ওই ট্রালারে খোঁজাখুজি করে ২০ কেজি হরিণের মাংস, ১০০টি হরিণ ধরার ফাঁদ, একটি হরিণের চামড়া ও ১৯ রাউন্ড তাজাগুলি জব্দ করি। পরে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার সঙ্গে থাকা কয়েকজনের নাম বলেছেন। এর মধ্যে বন্দুকধারী ব্যক্তি হলেন খুলনা সদর থানার মুসুলমান পাড়া এলাকার মজিদ আকনের ছেলে মালেক আকন, রাম দা নিয়ে ছিলেন বরগুনা জেলার তালতলি থানার মো. মামুন। বাকিদের নাম জানা যায়নি।’

জহিরুল ইসলাম আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বিভিন্ন সময়ে সুন্দরবন থেকে হরিণ শিকার করে আসছিল। এ ছাড়া বিভিন্ন সময়ে বনের জেলেদের মারধর করে মাছ ও কাঁকড়া লুট করে নিত। তবে তারা কখনো কাউকে জিম্মি করে মুক্তিপণ আদায় করেনি। বন আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’