বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে একটি মাত্র প্ল্যান্ট থেকে নিয়মিত সুপেয় পানির সুবিধা পাচ্ছে অর্ধশতাধিক সরকারি-বেসরকারি অফিস ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরতসহ ২০ হাজার মানুষ। লবণাক্ত এলাকায় সুপেয় পানির চাহিদা পূরণে আরও ট্যাংক স্থাপনের দাবি স্থানীয়দের। এদিকে, বিভিন্ন উপজেলায় পানির প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
সুপেয় পানি পেতে বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের অভ্যন্তরে একমাত্র পানি শোধনাগার ও ট্যাংক স্থাপন করা হয়। প্রতি ঘণ্টায় ৩০ হাজার লিটার পানি শোধন করার সক্ষমতা রয়েছে এই প্ল্যান্টের।
শুষ্ক মৌসুমে খালের পানি ব্যবহার করে সুপেয় পানিতে রূপান্তিত করা হয়। প্রতিদিন উপজেলা পরিষদের সব দপ্তর, বেসরকারি ও ব্যবসা প্রতিষ্ঠানসহ বাসাবাড়িতে খাবার পানি ও রান্নার কাজে এই পানির ব্যবহার হচ্ছে। বর্তমানে প্রতিদিন দেড় লাখ লিটার পানি সরবরাহ করা হয় এই প্ল্যান্ট থেকে।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়মিত তদারকি করে এই প্ল্যান্টের। দেখভাল এবং বিল সরবরাহের জন্য রয়েছেন তিন কর্মচারী ।
আরও বেশি উৎপাদন ক্ষমতা থাকলে দরিদ্র-অসহায় মানুষও এর থেকে উপকৃত হতো বলে জানালেন প্ল্যান্ট পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ তাসমিনা খাতুন।
২০১৩ সালে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সুপেয় পানি সরবরাহ প্রকল্পের অধীনে ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই পানির প্ল্যান্ট। ২০ হাজার মানুষ সুপেয় পানির সুবিধা পাচ্ছে এখান থেকে।











































